নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, ছাত্রশক্তির বহিষ্কৃত নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ
· Prothom Alo

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে (কমেন্টে) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে আটক জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত সেই নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
Visit rouesnews.click for more information.
গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে মো. রাব্বি হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হস্তান্তর করে আশুলিয়া থানা–পুলিশ। বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
ওসি তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে কোনো অভিযোগ দেয়নি এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ জন্য তাঁকে গতকাল রাতে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বিকেলে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাব্বি হোসেনকে থানা–পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মৃন্ময় দাস শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ফটোকার্ড পোস্ট করেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘শুভ জন্মদিন আপা’ লিখে লাভ চিহ্ন দিয়ে কমেন্ট করেন রাব্বি হোসেন।
শেখ হাসিনাকে জন্মদিনের ‘শুভেচ্ছা জানানোয়’ ছাত্রশক্তি নেতা বহিষ্কার, পুলিশে সোপর্দএরপর রাব্বি হোসেনের করা কমেন্টের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। রাব্বি হোসেন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত, এমন অভিযোগ করে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় ছাত্রশক্তি থেকে প্রাথমিক সদস্য পদসহ তাঁকে বহিষ্কার করা হয়।
বেলা তিনটার দিকে রাব্বি হোসেন বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গেলে ছাত্রদলের কয়েকজন নেতার তোপের মুখে পড়েন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা রাব্বি হোসেনকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়। এরপর ‘নিরাপত্তার স্বার্থে’ রাব্বিকে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে রাব্বি হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাকে থানায় নেওয়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পরে রাত দুইটার দিকে মুচলেকা নিয়ে আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তেমন কিছু পায়নি। এ ছাড়া তাঁর একটি পরীক্ষা রয়েছে। তাঁর বিভাগের শিক্ষকেরাও অনুরোধ করেছিলেন তাঁর বিষয়ে। যেহেতু তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, সে জন্য সব দিক বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাব্বি হোসেন গত বছর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।