শুক্রবার মেয়ের বিয়ে, বাড়িতে চলছিল আয়োজন, বাজার করতে বেরিয়ে প্রাণ গেল বাবার

· Prothom Alo

আগামী শুক্রবার মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। আজ মঙ্গলবার বরপক্ষের লোকজনের বাড়িতে আসার কথা ছিল। মেয়ের বিয়ের বাজার করতে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়িতে ফিরতে পারেননি তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। একই দুর্ঘটনায় দিরু মিয়া নামের এক মাছ ব্যবসায়ীও মারা গেছেন।

আজ সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। মারা যাওয়া মাছ ব্যবসায়ী দিরু মিয়ার বাড়ি নেত্রকোনায়।

Visit albergomalica.it for more information.

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ভবানীপুর জেসন গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক প্রথমে তাঁকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে লাগে। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিন্তু চালকের পাশের আসনে বসে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় লোকজনসহ তাঁরা গুরুতর আহত লোকমান ও দিরু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। পরে দিরু মিয়ার মৃত্যু হয়।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম মাসুম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গাড়ির চালকের পাশের আসনে থাকা একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মাছবাহী গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওসি বলেন, নিহত লোকমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেয়ের বিয়ের বাজার করার জন্য আজ সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পথে দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন।

Read full story at source