৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে
· Prothom Alo
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক এস্টেট সেলে ঘুরে ঘুরে ধুলাবালু ঘেঁটে মাত্র ৩০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকা) দিয়ে একটি পুরোনো চিত্রকর্ম কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’ বা রত্ন সংগ্রাহক। তখন হয়তো তিনি নিজেও ভাবেননি, পানির দরে কেনা এই সাধারণ ক্যানভাসটিই তাঁকে এক রাতে কোটিপতি বানিয়ে দেবে।
এস্টেট সেলের জন্য রাখা অন্য মালপত্রের ভেতর অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের শিকাগোর পরাবাস্তববাদী চিত্রশিল্পী গারট্রুড অ্যাবারক্রমবির আঁকা। দীর্ঘদিন ধরে এই চিত্রকর্ম নিখোঁজ ছিল। সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে চিত্রকর্মটি নিলামে তোলা হয়। ওই নিলামে চিত্রকর্মটি সাড়ে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে; বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৬ কোটি টাকার বেশি।
Visit afnews.co.za for more information.
এটি অ্যাবারক্রোমবির আঁকা শিল্পকর্মের মধ্যে এযাবৎকালের সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্মের স্বীকৃতি পেয়েছে।
চিত্রকর্মটির শিরোনাম ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’। গারট্রুড অ্যাবারক্রোমবি ১৯৫১ সালে এটি এঁকেছিলেন। নিলামকারীদের ধারণা ছিল, চিত্রকর্মটি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে চূড়ান্ত নিলামে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে ছবিটি বিক্রি হয়।
বিশেষজ্ঞদের মতে, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে ছবিটি উপহার হিসেবে দিয়েছিলেন শিল্পী। প্রায় ৭৫ বছর ধরে এটি চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।