সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার আশাবাদ
· Prothom Alo

বিদ্যমান স্বাস্থ্যসেবায় নানা চ্যালেঞ্জ ও সেবার ঘাটতি রয়েছে। প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবা বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা ও মানবিক সাড়াদান কার্যক্রমের পরিপূরক হতে পারে। এমন নানা উপায়ে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করতে হবে।
Visit biznow.biz for more information.
সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার লক্ষ্যে ওপিসিএ এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। গত বৃহস্পতিবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে (আরআরআরসি) অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় সরকারি, জাতিসংঘ ও মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এ ছাড়া অনুষ্ঠানে কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, ওপিসিএর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলমগীর এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল একশনএইড বাংলাদেশ, ব্র্যাক, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি), ডিপিএইচই, হেলভেটাস বাংলাদেশ, আইএফআরসি, আইওএম, আইআরসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, এনজিও প্ল্যাটফর্ম ও ওয়ার্ল্ড ভিশন।
স্বাগত বক্তব্য দেন গ্রামীণ হেলথটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীণ হেলথটেকের চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের ইন্টারন্যাশনাল পার্টনারশিপ লিড ফাহরিন হান্নান এফডিএমএন ও স্থানীয় জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। চিফ অব রিসার্চ, অ্যানালাইটিকস অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স হোসেন মো. আল-আমিন মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ এবং প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের বিষয়গুলো উপস্থাপন করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা এই অঞ্চলের বিদ্যমান স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ ও সেবার ঘাটতি নিয়ে মতবিনিময় করেন। এর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবা কীভাবে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা ও মানবিক সাড়াদান কার্যক্রমের পরিপূরক হতে পারে, তা নিয়ে আলোচনা করেন।