কথা আছে বলে মোটরসাইকেল থামান নারী, পরে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে চালককে মারধর করে সব লুট
· Prothom Alo

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মন (৩০) মোটরসাইকেলে বোদা উপজেলা শহরসংলগ্ন প্রামাণিকপাড়া-শিমুলতলী মোড়ে যান। এ সময় অপরিচিত এক নারী তাঁর মোটরসাইকেল থামিয়ে কথা আছে বলে জানান। ওই নারীর সঙ্গে কথা বলতে দেখে কয়েকজন এসে ওই নারীর সঙ্গে পরিমলের অবৈধ সম্পর্ক আছে বলে দাবি করেন।
Visit mwafrika.life for more information.
এ সময় পরিমলকে মারধর করা হয়। বিষয়টি বসে সমাধান করতে হবে বলে ওই এলাকার ইউসুফ আলীর বাড়িতে নিয়ে তাঁকে আরেক দফা মারধর করেন ওই ব্যক্তিরা। পরিমল সেখানেও ওই নারীকে দেখতে পান। এ সময় তাঁর পকেট থেকে ২৫ হাজার টাকা বের করে নেন। এ ছাড়া তাঁর মোটরসাইকেলটি জোরপূর্বক আটকে রেখে চারটি ১০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন।
এ ঘটনায় রোববার দিবাগত রাত একটার দিকে বোদা থানায় পাঁচ যুবদল নেতার বিরুদ্ধে মামলা করেন পরিমল। মামলার এজাহারে এভাবেই ঘটনার বর্ণনা দেওয়া হয়।
মামলার আসামিরা হলেন বোদা পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে রনি (৩০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪), বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন আরিফ (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম (৩২)।
এ ঘটনায় আনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রাজু ইসলাম ছাড়া অপর চার যুবদল নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করেছে বোদা পৌর যুবদল।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. অলিয়ার রহমান ও সদস্যসচিব মো. আফছারুল ইসলাম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে অভিযুক্ত ব্যক্তিদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে সশরীর উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, শনিবার ৯টার দিকে পরিমল মোটরসাইকেলে প্রামাণিকপাড়া-শিমুলতলী মোড়ে গেলে এসব ঘটনা ঘটে। সেখান থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। পরদিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে বোদা পৌরসভার প্রামাণিকপাড়া-শিমুলতলী মোড়ে গিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন ও সোহেল রানাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
মামলার তদন্ত কর্মকর্তা ও বোদা থানার উপপরিদর্শক (এসআই) অলকান্ত রায় বলেন, গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।