সোনার দোকানে সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার তিনজন রিমান্ডে
· Prothom Alo

পুরান ঢাকার তাঁতীবাজারে সিআইডি পরিচয়ে একটি সোনার দোকানে ঢুকে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Visit newsbetsport.bond for more information.
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন এস এম মোস্তাক আহমেদ (৬৫), মো. হাসান শেখ (৩৮) ও মো. আবুল কালাম আজাদ (৫২)।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. এজাজুল হক আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ৬ অক্টোবর কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আশীর্বাদ’ নামের একটি সোনার দোকানে আসামিরা জোর করে ঢোকেন। পরে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে তাঁরা দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখান এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁদের তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) জানানো হয়। খবর পেয়ে গোয়েন্দা কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে।
আটকের সময় তাঁদের কাছ থেকে একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হাতকড়া, পুলিশের ক্যাপ, সিলযুক্ত আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই দোকানমালিক লিটন দেব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. এজাজুল হক আদালতকে জানান, সিআইডি পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির ঘটনায় জড়িত চক্রের মূল রহস্য উদ্ঘাটন, অন্য সহযোগীদের শনাক্ত এবং সংশ্লিষ্ট মালামাল উদ্ধারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মো. এজাজুল হক প্রথম আলোকে বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।