শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি ক্যামেরায় দেখতে পারবেন যাত্রীরা, বসল ১৮টি মনিটর ও ৩২ ক্যামেরা
· Prothom Alo

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
Visit rouesnews.click for more information.
নতুন ব্যবস্থায় যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বাছাই ও লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন।
শনিবার বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থাপিত মনিটরগুলোতে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ পাবেন যাত্রীরা। এতে তাঁরা নিজেদের লাগেজ পরিবহনের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের বিভিন্ন পর্যায়ের তথ্য জানতে পারবেন।
বেবিচক বলছে, এ উদ্যোগের লক্ষ্য লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়ানো। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে জন্য প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ কাটা ও লাগেজ থেকে যাত্রীদের মালামাল চুরিসহ নানা অভিযোগ ওঠে।