সড়কে দুর্ঘটনা প্রতিরোধে দিনাজপুর বন্ধুসভার উদ্যোগ

· Prothom Alo

দিনের আলো তখনো ঠিকমতো ফোটেনি। চারদিক হালকা কুয়াশায় আচ্ছন্ন। এরই মধ্যে হাতে ঝাড়ু, সাদা রঙের কৌটা, রঙের তুলি, পানির বালতি ও ন্যাকড়া নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দিনাজপুর বন্ধুসভার একদল বন্ধু। উদ্দেশ্য, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধকগুলো দৃশ্যমান এবং ধুলাবালুতে ঢেকে যাওয়া ট্রাফিক সাইনবোর্ড পরিষ্কার করা।

Visit rouesnews.click for more information.

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পথচারী ও যানবাহনের চালকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে দিনাজপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা কলেজ মোড় থেকে কার্যক্রম শুরু করেন বন্ধুরা। ওই এলাকার সড়কে থাকা গতিরোধকগুলো দূর থেকে স্পষ্টভাবে বোঝা যায় না। ফলে অনেক সময় চালকেরা যথাসময়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেন না। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি যাত্রী ও পথচারীদের দুর্ভোগের সৃষ্টি হয়।

ধুলাবালুতে ঢেকে যাওয়া ট্রাফিক সাইনবোর্ড পরিষ্কার করছেন এক বন্ধু

এ সমস্যা সমাধানে বন্ধুরা প্রথমে গতিরোধকগুলোর ধুলাবালু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এরপর রঙের তুলি হাতে সাদা রং দিয়ে সেগুলো দৃশ্যমান করে তোলেন। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের গতিরোধকগুলোও সাদা রঙে রাঙিয়ে দেন তাঁরা।

শুধু গতিরোধক রাঙানোতেই সীমাবদ্ধ ছিল না কার্যক্রম। সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ধুলাবালুতে অনেক ট্রাফিক সাইনবোর্ডের নির্দেশনা অস্পষ্ট হয়ে পড়েছিল। পানির বালতি ও ন্যাকড়া নিয়ে সেসব সাইনবোর্ডও পরিষ্কার করেন বন্ধুরা। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এ কর্মসূচি পালন করা হয়।

বন্ধুসভার এমন উদ্যোগের প্রশংসা করেন পথচারী, যানবাহনের চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইজিবাইকচালক আকরাম হোসেন বলেন, ‘রাতের বেলা বিপরীত দিক থেকে বড় গাড়ির আলো এলে রাস্তার গতিরোধকগুলো চেনা মুশকিল হয়ে যায়। এখন সাদা রঙের কারণে দূর থেকেই এগুলো ভালোভাবে বোঝা যাবে। এতে রাস্তায় গাড়ি চালাতে অনেক সুবিধা হবে।’

সড়কে দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধকগুলো দৃশ্যমান করে দেন বন্ধুরা

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী বন্ধুদের উদ্দেশে বলেন, ‘এটা তো আসলে সরকারের করার কথা। তোমরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজটা করছ, দেখে খুব ভালো লাগল। তোমাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তোমাদের জন্য শুভকামনা রইল।’

সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি নিজেদের স্বেচ্ছাশ্রমে নাগরিক দায়িত্ব পালনের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, বন্ধু তাসনিম পৌষী, মারুফ হাসান, আতিক ইসলাম ও সজীব হোসেনসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা

Read full story at source