নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি
· Prothom Alo

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করে বলেছে, নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে। এর প্রতিবাদ জানায় সিপিবি।
Visit afrikasportnews.co.za for more information.
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিপিবির নেতারা এই প্রতিবাদ জানান। একই সঙ্গে দলটির নেতারা বিদেশে প্রবাসী মৃত্যুর প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের বিস্তারিত তথ্য সরকারের কাছে থাকা দরকার ছিল। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে তারা কিছুই জানত না।
বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল বলে মন্তব্য করেন আবদুল্লাহ ক্বাফী। তিনি বলেন, কিন্তু সরকার নিজ নাগরিকদের জীবন রক্ষায় উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। মৃত্যুর পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।
প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে বলে উল্লেখ করেন সিপিবির সাধারণ সম্পাদক। তিনি বলেন, অথচ তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেই। রেমিট্যান্সের অর্থে মন্ত্রী-এমপি ও আমলাদের বিলাসীজীবন নিশ্চিত হলেও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষিত থাকছে।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার রক্ষায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আইনি সহায়তা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান আবদুল্লাহ ক্বাফী।
সমাবেশের সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। বিদেশে আটক বা কারাবন্দী বাংলাদেশিদের তালিকা তৈরি করতে সরকারের কাছে দাবি জানান তিনি। রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি নিয়মিত কারাগার পরিদর্শন ও বন্দীদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান তিনি।
রাগীব আহসান বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্ত করতে সরকারকে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ফজলুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।