পিএইচপির ত্রুটি ঠিক করতে বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ, লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা
· Prothom Alo
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বিভিন্ন কোম্পানি দ্রুত সেগুলো ঠিক করার চেষ্টা করছে। অপর দিকে এই ত্রুটির কথা প্রকাশের পর লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে একটি সাইবার নিরাপত্তা কোম্পানি।
এর আগে বুধবার ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহু ওয়েবসাইট বন্ধ করে দেয়। একই সময়ে ওয়েবসাইটের অপারেটররা পিএইচপির ত্রুটি ঠিক করার চেষ্টা করেন।
Visit lebandit.lat for more information.
এই পরিস্থিতিতে টোকিও থেকে হেলসিঙ্কি পর্যন্ত ব্যাংক, বিমান সংস্থা, রেল, কর ও বিভিন্ন সরকারি সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনায় দেখা যায় সরকারি ও বেসরকারি ব্যবস্থায় পিএইচপি কতটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ধরনের ত্রুটির কথা প্রকাশ্যে আসার পর দ্রুত তা ঠিক করাও কত কঠিন, সেটিও স্পষ্ট হয়ে ওঠে।
জার্মানির কোলোনে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘আইটি ও নিরাপত্তা খাতের সবার জন্য এই দিন ও রাতটি খুব দীর্ঘ ছিল—আমি তা জানি। অনেক দিন ধরে এমন কিছু দেখিনি।’ তিনি বলেন, নিরাপত্তা বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা যায়, এমন ডিজিটালব্যবস্থা তৈরির গুরুত্ব এই ঘটনা আবারও তুলে ধরেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বহু বছর ধরে পিএইচপিতে থাকা ত্রুটিগুলো শনাক্ত করা হয়। এরপর বুধবার পিএইচপির নির্মাতারা জরুরি সংশোধনী প্রকাশ করেন এবং ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদ করতে বলেন।
বেলজিয়ামভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, সংশোধনী প্রস্তুত হওয়ার আগেই ত্রুটিগুলোর বিস্তারিত প্রকাশ্যে আসে। এর পর থেকে হামলার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, তাই প্রতিষ্ঠানগুলো এখন হামলাকারীদের আগেই ব্যবস্থা হালনাগাদ করতে দৌড়াচ্ছে। এটাই এখনকার প্রতিযোগিতা।
বিভিন্ন দেশের সরকার ও কোম্পানিগুলো যখন ত্রুটি ঠিক করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখছে, তার মধ্যে লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ক্লাউড সেবা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ম্যাথু প্রিন্স বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ত্রুটির কথা প্রকাশ্যে আসার আগের ১০ ঘণ্টায় আমাদের নেটওয়ার্কে এটি কাজে লাগানোর হাজারো চেষ্টা আমরা দেখেছি।’ তিনি আরও লেখেন, ঘোষণার পরের ৪৫ মিনিটে সেই চেষ্টা কয়েক হাজার থেকে ১০ হাজারে পৌঁছায়। দুই ঘণ্টার মধ্যে তা কয়েক লাখ হয়, আর এখন সংখ্যাটি লাখ ছাড়িয়ে গেছে।
জাপান থেকে ফিনল্যান্ড
জাপানের কয়েকটি কোম্পানি আজ জানিয়েছে, জরুরি ব্যবস্থার অংশ হিসেবে তারা সাময়িকভাবে কিছু অনলাইন সেবা বন্ধ রেখেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে ব্রোকারেজ প্রতিষ্ঠান নোমুরা, ঋণদাতা মিতসুবিশি ইউএফজে ফাইন্যানশিয়াল গ্রুপ, বিমান সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়ে। বিমা কোম্পানি টোকিও মেরিন হোল্ডিংস জানায়, তারা নিজেদের একটি সহযোগী প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রেখেছে।
নিরাপত্তাব্যবস্থা নিতে জাপানের অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থা অনলাইন সেবার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে। দেশটির জাতীয় কর সংস্থাও সাময়িকভাবে তাদের অনলাইন সেবা বন্ধ রাখে।
সতর্কতামূলক এই পদক্ষেপগুলো জাপানে সাইবার নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের ইঙ্গিত দেয়। ট্রেন্ডএআইয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে জাপানে গত বছরের পুরো সময়ের চেয়েও বেশি সাইবার হামলার ঘটনা ঘটেছে।
ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখেছে।
লন্ডনের একটি ক্যাফেতে ল্যাপটপে কাজ করছেন এক ব্যক্তি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপির নিরাপত্তা ত্রুটি সারাতে বুধবার অপারেটররা দৌড়ঝাঁপ শুরু করে। এ সময় ইউরোপজুড়ে বহু সরকারি ওয়েবসাইট বন্ধ রাখা হয়চীনের অন্যতম বড় ক্লাউড সেবা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউড গ্রাহকদের পিএইচপির হালনাগাদ সংস্করণ ইনস্টল করতে বলেছে। তবে তারা ব্যাপকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার পরামর্শ দেয়নি।
ফিনল্যান্ডের সরকারি তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভালতোরি জানায়, তারা রাতভর পিএইচপির নিরাপত্তা সংশোধনী বসিয়েছে। এক দিন আগে সরকারি ওয়েব সেবাগুলো বন্ধ রাখার পর এখন ধীরে ধীরে সেগুলোতে দেওয়া সাময়িক বাধা তুলে নেওয়া হচ্ছে।
ভালতোরির মহাপরিচালক হান্নু নাউমানেন এক বিবৃতিতে বলেন, সেবা আবার চালু করতে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও লাগতে পারে। হালনাগাদের পাশাপাশি ব্যবস্থাগুলো সতর্কভাবে পরীক্ষা করতে হবে।
পিএইচপির ত্রুটি ঘিরে আজ এশিয়ার কয়েকটি দেশের সরকার সাইবার নিরাপত্তা পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। চীনের শিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের নিজেদের ব্যবস্থা দ্রুত পরীক্ষা করে পিএইচপির সর্বশেষ নিরাপদ সংস্করণ ইনস্টল করতে বলেছে। প্রয়োজন অনুযায়ী সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার এবং অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও নিরাপত্তা পাসওয়ার্ড পরিবর্তনেরও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
হ্যাকিংয়ের ঝুঁকি বাড়তে পারে—এমন উদ্বেগ জানিয়ে দক্ষিণ কোরিয়া বেসরকারি খাতের সাইবার নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়েছে এবং জরুরি সাড়াদানের ব্যবস্থা চালু করেছে।
সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ