ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
· Prothom Alo

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বর–সংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে আমির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
Visit h-doctor.club for more information.
গুলিবিদ্ধ আমির হোসেনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমির হোসেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন বলেন, আজ রাজবাড়ীর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি। হাজিরা শেষে বেলা একটার দিকে হাসমত আলীকে নিয়ে রিকশায় করে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাঁদের ব্যাটারিচালিত রিকশার গতি রোধ করে। এ সময় ইজিবাইক থেকে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর পেট ঘেঁষে ডান হাতে লাগে। বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে কী কারণে এবং কারা গুলি ছুড়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না আমির হোসেন।
আমির হোসেনের সঙ্গে থাকা হাসমত আলী বলেন, তাঁরা রিকশায় করে বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে ইজিবাইকে আসা ব্যক্তিরা তাঁদের থামতে বলেন। এরপরই তাঁদের লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়া হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি আমির হোসেনের ডান হাতের মাংসে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার এবং ঘটনার কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।’