ইকিগাইয়ের দর্শনে জীবনের উদ্দেশ্য নিয়ে জাবি বন্ধুসভার পাঠচক্র

· Prothom Alo

প্রতিদিনের একঘেয়ে ব্যস্ততা, নাগরিক ক্লান্তি আর দায়িত্বের ভিড়ে মানুষ অনেক সময় নিজের বেঁচে থাকার আসল উদ্দেশ্য নিয়েই বিস্মৃত হয়। অথচ জীবনের ছোট ছোট আনন্দ, নিজের ভালো লাগার কাজ এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার মধ্যেই লুকিয়ে থাকতে পারে মানসিক প্রশান্তির পরম ঠিকানা। আন্তর্জাতিক বেস্টসেলার বই ‘ইকিগাই: দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ’ মূলত সেই দীর্ঘায়ু ও অর্থপূর্ণ জীবনের গোপন পথরেখা দেখায়।

Visit afsport.lat for more information.

এ মানবিক ও জীবনঘনিষ্ঠ বই নিয়ে পাঠচক্রের আসর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১২ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০ নম্বর কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। বইভিত্তিক সামাজিক সংগঠন ‘গ্রন্থআশ্রম’-এর সহযোগিতায় পাঠচক্রে মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাবি বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাহফুজা ইসলাম।

আলোচনায় মাহফুজা ইসলাম ‘ইকিগাই’ দর্শনের মূল স্তম্ভগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইকিগাই হলো এমন এক জীবনদর্শন, যা মানুষকে প্রতিদিন সকালে নতুন উদ্দীপনায় ঘুম থেকে ওঠার অনুপ্রেরণা জোগায়। প্যাশন (নিজের ভালো লাগা), মিশন (সমাজের প্রয়োজন), ভকেশন (যা সমাজকে উপহার দেওয়া যায়) এবং প্রফেশন (যা দিয়ে জীবিকা নির্বাহ হয়)—এই চারটির সুষম মেলবন্ধনই হলো ইকিগাই। কেবল বড় কোনো বৈষয়িক সাফল্য অর্জনই জীবনের সব নয়; প্রতিদিনের কাজের মধ্যে ভালোবাসা খুঁজে পাওয়া, নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের উপকারে আসা এবং বর্তমান মুহূর্তকে সচেতনভাবে উদ্‌যাপন করার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ।

সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন বলেন, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া মানেই সব সময় বিশাল কোনো লক্ষ্য অর্জন করা নয়। নিজের ভালো লাগার কাজগুলোকে যথাযথ মূল্যায়ন করা, প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়ানো এবং নিজের কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোও অর্থপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

সিফাত আরেফিনের বক্তব্যের মধ্য দিয়ে আসরে আত্ম-অনুসন্ধান, ছোট ছোট অর্জনের আনন্দ এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান, বন্ধু রাজ খান, আসিয়া রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। নিজেদের ব্যক্তিগত জীবনের অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে পুরো আলোচনাটি হয়ে ওঠে দারুণ আন্তরিক ও উপভোগ্য।

প্রচার সম্পাদক, জাবি বন্ধুসভা

Read full story at source