বিশ্বভ্রমণের গল্পে শিক্ষকতার নতুন পাঠ
· Prothom Alo

শিক্ষকতা মানে শিক্ষার্থীর মনোজগতের গভীরে পরিভ্রমণ। আর শেখা ও জানার আকাঙ্ক্ষাই একজন শিক্ষককে পরিণত করে একজন চিরন্তন শিক্ষার্থী হিসেবে। শিক্ষক প্রণবকান্তি দেব তাঁর আত্মকথামূলক রচনা ‘জানা পথে অজানা প্রান্তরে’ নিজেকে শিক্ষক ও শিক্ষার্থী উভয় রূপেই রূপায়িত করেছেন।
গত ৩০ অক্টোবর প্রণবকান্তি দেব রচিত ‘জানা পথে অজানা প্রান্তরে’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
Visit syntagm.co.za for more information.
প্রণবকান্তি দেব সিলেটের একজন শিক্ষানুরাগী ও সংস্কৃতিসচেতন মানুষ। তিনি বর্তমানে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। তিনি দেশে–বিদেশে ইংরেজি–বিষয়ক নানা গবেষণার জন্য নিজে সম্মানিত হয়েছেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
২০২৬ সালে প্রকাশিত প্রণবকান্তি দেবের গ্রন্থ ‘জানা পথে অজানা প্রান্তরে’ লেখকের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ ও বিশ্বভ্রমণের অভিজ্ঞতার আলোকে রচিত। ২০১৫ সালে ‘বেল্টা’ আয়োজিত কনফারেন্সের মাধ্যমে যাত্রা শুরু করে লেখক প্রায় ৪০টি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে ঘুরে বেরিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ। এসব অভিজ্ঞতা একজন শিক্ষক হিসেবে শিক্ষকতা সম্পর্কে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গির জন্ম দেয়।
লেখকের মতে, শিক্ষকতা কেবল ধরাবাঁধা সময় আর ক্যালেন্ডারের নিয়ম মেনে শ্রেণিকক্ষে উপস্থিত হওয়া নয়; বরং শিক্ষার্থীর মনোজগতে এক পরিব্রাজকের মতো ঘুরে বেড়ানো। এই আলোচনার মধ্য দিয়ে লেখক যেমন আমাদের দেশের শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা উন্মোচিত করেন, তেমনই বৈশ্বিক অঙ্গনের নানা অভিজ্ঞতার আলোকে শিক্ষকতার এক যুগোপযোগী ও নতুন দৃষ্টিভঙ্গি পাঠকদের সামনে উপস্থাপন করেছেন।
সিলেট বন্ধুসভার পাঠের আসর।পাঠচক্রে বন্ধু আজিজুল হাকিম বলেন, বইটি গবেষণার বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য দেবে এবং তাদের গবেষণায় আগ্রহী করে তুলবে। এটি পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নানা দেশের গবেষণার ক্ষেত্র সম্পর্কে জানা ও নিজেদের সঙ্গে তাদের তুলনা করে দেখতে পারবে।
বন্ধু শেখ ফয়সাল আহমেদ বলেন, ‘আমাদের দেশে অনেক শিক্ষকেরা নিজেরাই অনেক সময় নতুন বিষয় জানায় আগ্রহী হন না। এই বই শেখায় আসলে একজন শিক্ষককে প্রতিনিয়ত জানতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে, তাহলেই আমাদের দেশ উন্নত হবে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, সমরজিত হালদার, শুভ তালুকদার, মোহন্ত বসাক, অমিত দেব নাথ, সুবর্ণ দাস, ঐশ্বর্য রায়, আরাধ্যা দেসহ অনেকে।
বন্ধু, সিলেট বন্ধুসভা