মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন

· Prothom Alo

নিউ ইংল্যান্ড ১ : ২ ইন্টার মায়ামি

এক গোল পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। এমন সময়েই দলটির সবচেয়ে বেশি প্রয়োজন হয় লিওনেল মেসিকে। আজও সেই প্রত্যাশা দারুণভাবে পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

Visit sportbet.rodeo for more information.

আগে হেডে অ্যাসিস্টে দলকে সমতায় ফিরিয়েছেন, এরপর নিজেই দুর্দান্ত এক গোল করে নিশ্চিত করেছেন জয়। মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে আসে সেই মুহূর্ত।

মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পেনাল্টি বক্সে পেয়ে যান মেসি। গোলমুখ থেকে কিছুটা দূরে, পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বলটি তুলে দেন তিনি। পেছন থেকে ছুটে এসে সেই বলেই মাথা ছুঁইয়ে জালে পাঠান বেরতেরামে। স্কোরলাইন হয় ১–১।

সমতায় ফেরার পর মায়ামিকে জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও ১৪ মিনিট। ৮৩ মিনিটে সেই কাজটিও নিজেই করেছেন মেসি।

রদ্রিগো দি পলের বাড়ানো বল পেয়ে বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়েন তিনি। একের পর এক ছোট ছোট টাচে রক্ষণভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে জায়গা তৈরি করেন শটের। এরপর বাঁ পায়ের নিচু শটে পরাস্ত করেন গোলকিপার ম্যাট টার্নারকে। মেসির সেই দুর্দান্ত গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচ ৫৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। নিয়মিত মৌসুমে আর একটি করে ম্যাচ বাকি দলগুলোর। মায়ামি শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে।

Read full story at source