চেরাগীতে পরাণ বন্দ্যোপাধ্যায়

· Prothom Alo

চেরাগীর ভিড়ে একদিন পরাণ বন্দ্যোপাধ্যায়কে হেঁটে যেতে দেখেছি। টলিউডের ব্যস্ত তারকা এখানে! ওই তো ধীরে ধীরে হেঁটে চলেছেন। আনমনে কোনো সংলাপ উচ্চারণ করছেন। কেউ শুনছে না, চৈত্রের দ্বান্দ্বিক বাতাস তার চারপাশে বিপুল আগ্রহ নিয়ে থমকে দাঁড়ায়।

Visit palladian.co.za for more information.

প্রশস্ত কপাল, গোলাকার মুখ, সাদা ধূসর গোঁফ, পাতলা হয়ে আসা চুলগুলো সুশৃঙ্খল। চোখে কালো ফ্রেমের চশমা, দৃষ্টিতে কৌতূহল, ভাঁজে ভাঁজে বয়সের ছাপকে ছাপিয়ে উষ্ণ হাসির সৌম্যতা ছড়িয়ে সুদূর কলকাতা থেকে লোকটা সূর্য সেনের মাটিতে কেন এলেন?

চেরাগীতে কোলাহল, কত মানুষের মুখ। ভিড়ের ভেতর সামলে পথ চলছেন। একজন হকারের কাছে গিয়ে দাঁড়ালেন। একটা দৈনিক চেয়ে নেন। দুহাতে পত্রিকাটিকে খুলে ধরলেন, যেন একটা অতিকায় মৃত পাখির দুটি ডানা দুদিক থেকে মেলে ধরলেন। মুখ তার ডানার আড়ালে। ঝুঁকে মগ্ন হলেন যেন পাখিটির পালকের ভাঁজে ভাঁজে অতীতের গন্ধের সন্ধানে নেমেছেন। হয়তো পেয়েছেন অথবা কিছুই পেলেন না। পত্রিকা বন্ধ করলেন কিছুক্ষণ পর।

পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখি একটা অলৌকিক ভ্রমের মতো। হাসিটা মিলিয়ে গেল। মুখে বলিরেখা। ক্লান্ত, অবসন্ন আর ট্রামের পাশে বিষাদকবলিত জীবনানন্দের মতো।

পত্রিকাটি ভাঁজ করে বগলের তলায় রেখে আমাদের বিভ্রমে ডুবিয়ে অখ্যাত জীবনের এক আলাদা পরাণ চেরাগীর ফুলের বাজারে নানা রং মাড়িয়ে মাড়িয়ে হেম সেন লেনের সন্ধ্যার ভেতর মিলিয়ে গেলেন।

Read full story at source