বাগতি, মাধবপুরের অনিল বাগতি

· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।

Visit newsbetting.bond for more information.

মাধবপুর টি এস্টেটে প্রবেশ করতেই এক ব্যক্তি ‘স্যার স্যার’ বলে খাতির জমানোর চেষ্টা করলেন।

বয়স পঞ্চাশের কাছাকাছি। পোশাক জীর্ণ—এতটাই যে মেটালের বোতাম মরিচা ধরে বহু আগে ক্ষয়ে গেছে। পুরোনো লুঙ্গি ছিঁড়ে তৈরি করা ফিতা কোমরে বেঁধে চলছে বেল্টের কাজ।

মানুষটির খাতির জমানোর চেষ্টা যে কিছু বকশিশের আশায়, তা বুঝতে আমার বিলম্ব হয়নি। এ–ও বুঝলাম, ২০ বা ৫০ টাকা খসানো ছাড়া বড় প্রতারণা করার সাধ্য তাঁর নেই।

নাম বললেন বাগতি, অনিল বাগতি। জিজ্ঞাসা করলাম, ‘কী করেন?’

একটি প্রশ্ন শুনে বাগতি কয়েকটি প্রশ্নের জবাব দিলেন। চা–শ্রমিক হিসেবে তাঁর মজুরি দিনে ৮৫ টাকা, তিন সন্তান, জমিজিরাত নেই, খুপরি ঘরে বসবাস করেন, কোনোরকমে দিন চলছে ইত্যাদি।

আমরা মাধবপুর চা–বাগানে ঢুকছি। বাগতি আমাদের সঙ্গে।

সালটি ২০১৯। মাস ফেব্রুয়ারি, তারিখ ১৬। মাধবপুর চা–বাগানে গিয়েছিলাম প্রথম আলোর বাণিজ্য বিভাগের কয়েকজন সহকর্মীর সঙ্গে। ঘুরতে।

সরকারি করপোরেশন ন্যাশনাল টি কোম্পানির অধীন যে ১২টি চা–বাগান রয়েছে, তার একটি মাধবপুর টি এস্টেট। এই চা–বাগানের ভেতরেই রয়েছে মাধবপুর হ্রদ। পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ ১৯৬৫ সালে তিনটি টিলাকে বাঁধ দিয়ে গড়ে তোলে এই হ্রদ।

আমরা মাধবপুর চা–বাগানের টিলায় উঠছি, বাগতি আমাদের সঙ্গে।

বাগতি টিলার ওপর থেকে হাত ইশারা করে দূরের পাহাড় দেখিয়ে বললেন, ওটা ভারত। চার পুরুষ আগে তাঁর পরিবার সেখানে বসবাস করত। ব্রিটিশরা ‘ধরে এনে’ শ্রীমঙ্গলে চা চাষ করাতে শুরু করে।

বাংলাদেশ চা বোর্ড জানাচ্ছে, ১৮৫৪ সালে ব্রিটিশরা সিলেট অঞ্চলে চা চাষ শুরু করে। এ জন্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে দরিদ্র মানুষকে নিয়ে এসেছিল তারা। তাঁদের মধ্যেই ছিলেন বাগতির পূর্বপুরুষেরা।

বাগতি চা–শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন নিজেদের ভাষায়। বুঝলাম, চার পুরুষ ধরে এ মাটিতে বাস করেও তাঁরা নিজেদের ভাষা ত্যাগ করেননি। আর একটি বিষয় তাঁদের ত্যাগ করেনি—দারিদ্র্য।

দিনে সাকল্যে ৮৫ টাকা আর আধা সের চাল অথবা আটা; দুই মেয়ে, এক ছেলে আর স্ত্রীর জন্য বাগতির আনুষ্ঠানিক আয় এটুকুই। বাগতি বললেন, মজুরি থেকে সামান্য পরিমাণে বিল কেটে রাখার ভয়ে তিনি বিদ্যুৎ–সংযোগই নেননি।

বাগতি নিজে না বললেও বুঝলাম, পর্যটকদের সঙ্গে খাতির জমিয়ে কিছু বকশিশ পাওয়া তাঁর উপরি আয়।

চা–শ্রমিকেরা কী খান? বাগতি বললেন, কচি চা–পাতা গুঁড়া করে তার সঙ্গে কাঁচা মরিচ ও পেঁয়াজ মেশালে নাকি দারুণ এক ভর্তা তৈরি হয়। ভাতের সঙ্গে সেটিই তাঁদের অন্যতম তরকারি।

সপ্তাহে দু-এক দিন মাছও জোটে। বাজারে ১০ বা ২০ টাকায় পুঁটি মাছের ভাগা পাওয়া যায়। আয় ভালো হলে ঘরে ফেরার আগে বাগতি বাজার থেকে এক ভাগা মাছ কিনে নেন। মাছের ‘সালুন’ হলে ভাত একটু বেশি লাগে, সে চিন্তাও করতে হয়।

আমরা মাধবপুর চা–বাগানের টিলায় হাঁটছি। বাগতি আমাদের সঙ্গে। তিনি বললেন, মাধবপুর হ্রদে ২০ থেকে ৫০ কেজির রুই-কাতলা পাওয়া যায়। এই সেদিনও ২৭ কেজির একটি গ্রাসকার্প ধরা পড়েছিল। বাগানের ম্যানেজার আর অন্যরা মিলে তা খেয়েছেন। বাগতি সেই মাছ নিজ চোখে দেখেছেন, চেখে দেখার সুযোগ হয়নি।

বাগানের ম্যানেজারদের বাগতিরা বাবু বলে ডাকেন। বাবুরা মাথায় হ্যাট, হাতে লাঠি আর হাফপ্যান্ট পরে ব্রিটিশ স্টাইলে বাগানে যান তদারকিতে। তাঁদের বেতন মাসে লাখ টাকার বেশি। সন্ধ্যায় ক্লাবে যাওয়া তাঁদের জন্য বাধ্যতামূলক। শহরের যেনতেন রেস্তোরাঁয় তাঁদের খাওয়া নিষেধ। খেতে হবে দামি রেস্তোরাঁয়। বাগতি পরিবারের পুরো মাসের আয় দিয়েও যেখানে এক বেলা খাওয়ার সুযোগ হবে না।

আমরা মাধবপুর হ্রদের পাশ দিয়ে হাঁটছি। বাগতি আমাদের সঙ্গে।

স্মার্টফোনে ছবি তোলা বাগতি রপ্ত করে ফেলেছেন। চায়ের দুটি পাতা ও একটি কুঁড়ি লেন্সের সামনে ধরে ছবি তুললে যে আলাদা নান্দনিকতা আসে, তা তাঁর জানা।

ছবি তোলা হলো, বাগতি তুলে দিলেন, ভালো বকশিশ পেলেন। মনে মনে যে ভীষণ খুশি হলেন, তা বোঝা গেল। বাগতি এবার গান শোনালেন—একটি দুঃখের, একটি প্রেমের। গানে দুঃখ-কষ্ট আর প্রেমিকার প্রতি ছেড়ে না যাওয়ার আকুল মিনতি।

বাগতি বললেন, তিনি সিনেমায়ও অভিনয় করেছিলেন। মান্না আর চম্পা একটি ছবি করেছিলেন। সেটির শুটিং হ্রদের পাশে হয়েছিল। সেখানে চা–বাগানের আরও শ্রমিকের মধ্যে তিনিও ছিলেন। বাগতির আক্ষেপ, সিনেমাটি তাঁদের এলাকার হলে প্রদর্শিত হয়নি, রঙিন পর্দায় নিজেকে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত তিনি।

বাগতির সঙ্গে সহকর্মীরা কথা চালাচ্ছিলেন। আমি ভাবছিলাম, ব্রিটিশদের মতো হাতে লাঠি, মাথায় হ্যাট আর হাফপ্যান্ট পরে বাঙালি ম্যানেজাররা বাগানে যান কেন? বুঝলাম, এটা আধিপত্য বজায় রাখার কৌশল।

ব্রিটিশদের বন্দুকের মুখে বশ্যতা স্বীকার করে বাগতিরা জঙ্গল পরিষ্কার করে চা–বাগান করেছিলেন। স্বাধীন দেশে শ্রমিকের বুকে বন্দুকের নল তাক করে রাখা যায় না; কিন্তু আধিপত্য বজায় রাখা তো দরকার। না রাখতে পারলে দিনে ৮৫ টাকা মজুরি শ্রমিকেরা মানবেন কেন? চা–বাগানের বাইরেই মজুরি ৩০০ টাকা।

বাগতিপাড়ায় চালের কেজি ২৫ টাকা, আটার কেজিও একই; কিন্তু তার চেয়ে সস্তায় মেলে চোলাই মদ, লিটার মাত্র ২০ টাকা। আর কিছু না থাক, বাগানে মদের অফুরন্ত সরবরাহ। ছেলে, বুড়ো, মা-মেয়ে একসঙ্গে মিলে সেই মদ গেলে।

প্রতিবছর বর্ষার শেষে চা–গাছের কাণ্ড কেটে দেওয়া হয়, যাতে বছরের পর বছর ধরে গাছের আকার মোটামুটি একই থাকে। চা–গাছের কাণ্ড কেটে দেওয়ার মতো বাগতিদের সন্তানদেরও কিশোরকালে মদের নেশায় ঢুকিয়ে বাকি জীবনের জন্য চা–বাগানে রেখে দেওয়ার বন্দোবস্ত করা হয়।

অনিল বাগতি গত রাতেই মদ পান করেছেন। আজ বকশিশ ভালো। আজও পান করবেন। তবে ইদানীং মদ খেলে বউ রাগ করে; কিন্তু বউয়ের রাগ আমলে নেওয়ার গরজ তাঁর নেই। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে যে বঞ্চনা, তা ভুলে থাকতে চোলাইয়ের চেয়ে ভালো উপায় কী আর হতে পারে?

মাধবপুর টি এস্টেটে বাগতির পিতামহের মৃত্যু হয়েছে, পিতা মারা গেছেন, তাঁর মৃত্যুও এই মাটিতেই হবে। তাঁর ঔরসে যে সন্তানেরা জন্মেছে, তারাও এ মাটিতেই মরবে। এই চা–গাছ, চা–বাগানে তাঁদের জীবনের শুরু, জীবনের শেষ। জীবনে একটু স্বাচ্ছন্দ্যের আগেই কত হাজার বাগতি মরে যাবেন; ঈশ্বর, ভগবান সেই হিসাব রাখবেন না; কিন্তু মূর্তির সামনে কলাটা–মুলোটা না পড়লে যে পরজনমে মানুষ হয়ে জন্মানো যাবে না, তা বাগতিরা জানেন।

সে জন্যই বাগতিপাড়ায় পূজা হয়; সর্বোচ্চ খরচ করে ভগবানকে ডাকা হয়। দারিদ্র্য ও জড়তা থেকে মুক্তি চাওয়া হয়; কিন্তু ভদ্রপল্লি থেকে ঈশ্বর বাগতিপাড়ায় আসেন না। বাগতিরা ভাবেন, পুজো ঠিকমতো হয়নি, ভগবান রুষ্ট। আবার চেষ্টা চলে পুরুষের পর পুরুষ ধরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তবু দারিদ্র্য যায় না।

২০২৬ সালে এসে বাংলাদেশে নিবন্ধিত ও অস্থায়ী মিলিয়ে চা–শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ। দৈনিক মজুরি এ বছর বেড়ে হয়েছে ১৯৭ টাকা। মাসে ৫ হাজার ৯১০ টাকা। এ বছরই সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ঘোষিত হয়েছে। তাতে ন্যাশনাল টি কোম্পানির পিয়নের সর্বনিম্ন বেতন হয়েছে ৩৩ হাজার টাকা।

সৈয়দ মুজতবা আলীর পাদটীকা গল্প বলছে, ব্রিটিশ আমলে এক লাট সাহেবের (লেফটেন্যান্ট গভর্নর) তিন ঠ্যাং বা তিন পা–ওয়ালা পোষা কুকুরের পেছনে মাসে খরচ ছিল ৭৫ টাকা। পণ্ডিতমশাই তাঁর আটজনের পরিবার চালাতে পেতেন ২৫ টাকা।

ছাত্রদের উদ্দেশে পণ্ডিতমশাইয়ের প্রশ্ন ছিল, ‘ব্রাহ্মণ-পরিবার লাট সায়েবের কুকুরের ক’টা ঠ্যাঙের সমান?’

সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ সালে মারা গেছেন। এখন কেউ আর প্রশ্ন করেন না, সরকারি পিয়নের সর্বনিম্ন বেতন মাসে বাঁধা ৩৩ হাজার টাকা হলে চা–শ্রমিকের কেন ৬ হাজার টাকা? তা–ও কাজ না করলে মজুরি নেই, ছুটি নেই, পেনশন নেই?

Read full story at source