নীল নয়, গাইও নয়, তবু কেন নাম নীলগাই
· Prothom Alo

দেহটা দেখতে অনেকটা গরুর মতোই, তবে চেহারার দিকে তাকালে মনে হবে ঘোড়া! মাথায় আবার ছোট হরিণের মতো ছোট ছোট শিং! তাহলে নাম কী এই অদ্ভুত প্রাণীর?
Visit turconews.click for more information.
হুম, বলছি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এক বিচিত্র স্তন্যপায়ী প্রাণী নীলগাইয়ের কথা। একসময় বাংলাদেশ ছিল নীলগাইয়ের বিচরণভূমি। বাংলাদেশের উত্তরাঞ্চলের বনাঞ্চল, খোলা ঘাসভূমি ও তৃণভূমি, বিশেষ করে ১৯৪০ সালের দিকে তেঁতুলিয়া অঞ্চলে নীলগাই পাওয়া যেত বলে জানা যায়। তবে ধারণা করা হয় যে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, এমনকি গাজীপুরের শালবন বিহারও এদের বিচরণক্ষেত্র ছিল।
নীলগাই সাধারণত শান্ত স্বভাবের প্রাণী এবং এরা দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। পুরুষ নীলগাইয়ের দেহের বর্ণ গাঢ় ধূসর। অনেক সময় এই ধূসরের গায়ে নীলচে আভা দেখা যায়। এ কারণেই এদের নীলগাই হিসেবে নামকরণ করা হয়েছে। তবে গাই লেখা হলেও এরা গরু বা গাভী নয়। স্ত্রী নীলগাই ও শাবকের দেহের বর্ণ লালচে বাদামি। প্রজননের সময় ছাড়া বছরের অন্যান্য সময় পুরুষ ও স্ত্রী নীলগাইকে পৃথকভাবে বিচরণ করতে দেখা যায়।
খাদ্যাভ্যাস নিয়ে বলতে গেলে নীলগাই সাধারণত ঘাস, লতাপাতা, শুকনো খড় ইত্যাদি খেয়ে জীবনধারণ করে। তবে এরা মানুষের শস্যক্ষেত্রে নেমে ফসলের ক্ষয়ক্ষতি করতে পটু। সকাল ও বিকেলের দুইবেলা খাওয়া চুকিয়ে এরা দিনের বাকি সময় গাছের ছায়ায় বসে কাটায়। মহুয়াগাছের রসালো ফুল এদের দারুণ পছন্দ। এদের একটি চমৎকার বৈশিষ্ট্য হলো, এরা মরু অঞ্চলের প্রাণীদের মতো বহুদিন পানি না খেয়েও বেঁচে থাকতে পারে। এমনকি গরমের দিনেও এরা নিয়মিত পানি পান করে না। এরা গন্ডারের মতো নির্দিষ্ট জায়গায় মলত্যাগ করে এবং ঢিবি বানিয়ে ফেলে।
এখন মনে প্রশ্ন জাগতেই পারে, কেন আজ বিলুপ্তির মুখে এই অসাধারণ প্রাণী? মূলত অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এবং তাদের আবাসস্থল ধ্বংসই এর পেছনের মূল কারণ। বিশ শতকের শুরুর দিকে বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের বিশেষ করে বরেন্দ্র ও তেঁতুলিয়া এলাকার প্রাকৃতিক ভূপৃষ্ঠ পুরোপুরি কৃষিজমিতে রূপান্তরিত হওয়ায় এরা বাসস্থান হারিয়ে ফেলে। এ ছাড়া নীলগাই ফসলি জমিতে (ডাল, সবজি, গম) ঢুকে ফসল নষ্ট করত। ফলে কৃষকেরাও নিজেদের ফসল বাঁচাতে এদের পিটিয়ে বা ফাঁদ পেতে হত্যা করত। এমনকি এটাও জানা যায় যে তৎকালীন সময়ে জমিদার ও প্রভাবশালী লোকেদের কাছে নীলগাই শিকার করা ছিল জনপ্রিয় শৌখিন খেলা বা বিনোদন, যার ফলে অতি দ্রুত এদের সংখ্যা কমে যায়।
২১ কোটি বছরের পুরোনো ডাইনোসরের সন্ধ্যান২০১৫ সালে আইইউসিএন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত লাল তালিকায় আনুষ্ঠানিকভাবে নীলগাইকে ‘বাংলাদেশে আঞ্চলিকভাবে বিলুপ্ত’ বলে ঘোষণা করা হয়। ১৯৪০ সালের পর থেকে দেশে প্রাকৃতিকভাবে আর কোনো স্থায়ী নীলগাইয়ের অস্তিত্ব পাওয়া যায়নি বলে ২০১৫ সালে বৈজ্ঞানিক মূল্যায়নে তথ্যটি চূড়ান্ত করা হয়।
তবে সাম্প্রতিক কিছু তথ্য হতে জানা যায় যে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রানিশিংটা এলাকা থেকে স্থানীয় লোকজন একটি গর্ভবতী নীলগাই উদ্ধার করেন। ধারণা করা হয়, ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা পেরিয়ে নীলগাইটি বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় লোকজন সেটিকে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যান। পরবর্তীকালে নওগাঁ জেলার মান্দা উপজেলার জোতবাজার এলাকায় একটি পুরুষ নীলগাই ধরা পড়ে। এদের একসঙ্গে রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, দুর্ঘটনার কারণে ২০১৯ সালে মা নীলগাইটি মারা যায়। এরই মধ্যে ২০২১ সালে গাজীপুর সাফারি পার্কে রাখা হয় দুটি শাবক নীলগাইকে। মেয়ে নীলগাইটিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে গত ২১ ফেব্রুয়ারি সাফারি পার্কে দিয়েছিল বাংলাদেশ বিজিবি এবং রামসাগর জাতীয় উদ্যান থেকে পুরুষ নীলগাইটিকেও সাফারি পার্কে রাখা হয়।
সঙ্গীর খোঁজে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিল কুকুরএখন দায়িত্ব আসে আমাদের ওপর। কীভাবে এই অসাধারণ প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যায়। বাংলাদেশে প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে হলে এবং এদের সংখ্যা কৃত্রিমভাবে বৃদ্ধি করতে হলে প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে কাজ করতে হবে।
ভারত থেকে আসা নীলগাইগুলোকে উদ্ধার করে সাফারি পার্কে রাখতে হবে। পুরুষ ও স্ত্রী নীলগাইয়ের মধ্যে কৃত্রিমভাবে প্রজনন ঘটাতে হবে এবং সাফারি পার্কে জন্ম নেওয়া নতুন প্রজন্ম যাতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ পায় এবং সংরক্ষিত থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। কেউ যেন এদের শিকার বা পাচার না করে, সেসব বিষয়ও তদারক করতে হবে। বন বিভাগের অধীনে ‘বন্য অপরাধ দমন ইউনিট’-এর এসব দিকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি, সব শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই অসম্ভব সুন্দর প্রাণীর সঙ্গে পরিচিত হতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থী, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ, নোয়াখালী