ছোট ছোট আনন্দে জীবনের সুখ খুঁজে ফেরেন শচীন দাস

· Prothom Alo

যশোর আদালতের সামনে বসে প্রায় ৩৮ বছর ধরে জুতা সেলাই ও পলিশের কাজ করছেন শচীন দাস (৫৬)। সারা দিনের কাজের ফাঁকে তিনি পত্রিকা পড়েন, আর অবসরে চর্চা করেন রবীন্দ্র-নজরুলসহ বিভিন্ন কবি-লেখকের সাহিত্য। এ ছাড়া বাউলগানের প্রতিও রয়েছে তাঁর বিশেষ ভালো লাগা, ভালোবাসা।

শচীন দাসের বাড়ি যশোর সদর উপজেলার সজলপুর জামতলায়। তাঁর বাবা দেবু গোসাই একই পেশায় কাটিয়েছেন ৫৫ বছর। ১৯৮৬ সালে যশোর শহরের মুসলিম একাডেমি থেকে মাধ্যমিক পাস করার পর তিনি বাবার পেশায় যুক্ত হন।

Visit milkshakeslot.online for more information.

কাজের ফাঁকে পত্রিকা পড়ায় ব্যস্ত শচীন দাস। সম্প্রতি যশোর আদালতের সামনে

গত বুধবার সরেজমিনে দেখা যায়, আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পত্রিকা বিক্রির একটি দোকান রয়েছে। ওই দোকানের উল্টো পাশে শচীন জুতা সেলাই পলিশের কাজ করেন। প্রতিদিন সকালে শচীন ওই পত্রিকার দোকান থেকে একটি পত্রিকা কেনেন। ওই কেনা পত্রিকার সঙ্গে আরও কয়েকটি পত্রিকা নিয়ে তিনি কাজে বসেন। সেসব পত্রিকা পড়ে কেনা পত্রিকাটা রেখে বাকি পত্রিকাগুলো দোকানে ফেরত দিয়ে দেন। প্রতিদিন চার থেকে পাঁচটি পত্রিকা তিনি পড়েন। এসব পত্রিকা পড়ার পাশাপাশি প্রতি সপ্তাহে একবার বাউলগানের আসরও বসান তিনি। সেখানে লালনসংগীতের চর্চাও চলে।

শচীন দাস বলেন, প্রতি বুধবার সন্ধ্যার পর তাঁর বাড়িতে বাউলগানের আসর বসে। সেখানে তিনি নিজে কণ্ঠ ছেড়ে গান ধরেন। তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউ এবং নাতি সবাই আসরে যোগ দেন। ওই আসরে পরিবারের সবাই কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। অভাব-অনটন থাকলেও তাঁর পরিবার ছোট ছোট আনন্দের মধ্য দিয়ে জীবনে সুখ খুঁজে ফেরেন।

মা, স্ত্রী, ছেলে, ছেলের বউ, দুই নাতিসহ সাতজন নিয়ে শচীনের সংসার। এ ছাড়া তাঁর দুই মেয়ে রয়েছে। তবে তাঁদের বিয়ে হয়ে গেছে, তাঁরা স্বামীর বাড়িতে থাকেন। ছেলে সত্য দাসকে তিনি তাঁর পেশায় আনেননি। তাঁকে সেলুনের কাজ শিখতে দিয়েছেন।
বাবা-দাদার পেশায় ছেলেকে যুক্ত না করার কারণ জানতে চাইলে শচীন দাস বলেন, ‘মানুষ এখনো এই কাজটাকে অনেক ছোট মনে করে। সম্মান দেয় না। সে কারণে সন্তানকে আর এই পেশায় নিয়ে আসিনি।’

শচীন দাস দিনে ৪০০ থেকে ৪৫০ টাকা আয় করেন। আর ছেলে সেলুনের কাজ করে প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা সংসারে দেন। তিনি হতাশাজড়িত কণ্ঠে বলেন, ‘বর্তমানে ভাড়া বাড়িতে থাকি। ছেলে ও আমার আয় দিয়ে কোনোরকমে সংসার চলে। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। তাই পত্রিকা পড়ে, গানবাজনা করে ছোট ছোট সুখ খুঁজি। এতেই আনন্দ পাই।’

Read full story at source