বিদেশি গোয়েন্দারা কেন, কীভাবে, কোন কৌশলে হানিট্র্যাপ করে?

· Prothom Alo

‘হানিট্র্যাপ’ কথাটি শুনলে জেমস বন্ডের সিনেমার কোনো দৃশ্যের কথা মনে হতে পারে। সেখানে দেখা যায়, রহস্যময় ও আকর্ষণীয় এক নারী নিজের সৌন্দর্য ও মোহ দিয়ে কোনো ব্যক্তির ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ভালোবাসার অভিনয় করে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নেন।

Visit sportbet.reviews for more information.

তবে হানিট্র্যাপ কেবল গোয়েন্দা কাহিনি বা সিনেমার বিষয় নয়। গুপ্তচরবৃত্তির জগতে এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এখনো বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা এই কৌশল ব্যবহার করেন। এতে জড়িয়ে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং হয়তো সম্প্রতি বিষয়টি কঠিনভাবে বুঝতে পেরেছেন। বিশ্বের সবচেয়ে বড় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিকে ঘিরে এক সপ্তাহ ধরে নানা অস্থিরতা চলার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। এর সূত্রপাত হয়েছিল এমন কিছু প্রতিবেদন থেকে, যেখানে বলা হয়, এক নারীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, ওই নারী চীনা সরকারের কাছে তথ্য সরবরাহ করতেন।

চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবে

তবে এ ঘটনার অনেক বিষয় এখনো অস্পষ্ট। যেমন, অ্যালিস হুয়াং নামের ওই নারীকে চীনা গোয়েন্দারা কখন এবং কীভাবে নিয়োগ করেছিলেন, কিংবা তাঁর মাধ্যমে কোনো তথ্য ফাঁস হয়েছিল কি না। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই নারীর চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ‘ভিত্তিহীন জল্পনা’।

তবে এই সম্পর্কের প্রভাব শুধু এনভিডিয়া বা জেনসেন হুয়াংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীন বড় প্রতিদ্বন্দ্বী। ফলে এ ঘটনা দুই দেশের সম্পর্কেও গুরুতর প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়িক গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যাঁকে কমিউনিস্ট পার্টির এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তাঁর বিচারবুদ্ধি নিয়ে বড় প্রশ্ন তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘হয়তো ওই নারীকে তিনি কখনোই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেননি। কিন্তু তাঁদের মধ্যে এমন সম্পর্ক থাকার বিষয়টিই নিজে একটি সমস্যা।’

অতীতেও অনেক প্রভাবশালী ব্যক্তি এ ধরনের ‘হানিট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে পড়েছেন। স্টোন ফিশের ভাষায়, গুপ্তচরবৃত্তির সবচেয়ে পুরোনো কৌশলগুলোর একটি হলো হানিট্র্যাপ। বিশেষ করে চীন ও রাশিয়ার গোয়েন্দারা এখনো ব্যাপকভাবে এ কৌশল ব্যবহার করেন।

বিশ্বের সবচেয়ে বড় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিকে ঘিরে এক সপ্তাহ ধরে নানা অস্থিরতা চলার পর বৃহস্পতিবার জেনসেন হুয়াং পদত্যাগ করেন।

কীভাবে পাতা হয় প্রেমের ফাঁদ

সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফার বলেন, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে, যাঁদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। তিনি এশিয়া ও ইউরোপে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মাইকেল ভি হেইডেন সেন্টার ফর ইন্টেলিজেন্স, পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো হিসেবে কাজ করছেন।

তবে কর্তৃত্ববাদী সরকারগুলো যৌনতা ও প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে গোয়েন্দা নিয়োগের কঠিন দায়িত্ব পালনে এজেন্টদের বেশি চাপ দিতে পারে।

সাইফার বলেন, ‘চীন, রাশিয়া ও এ ধরনের অন্য দেশগুলো কাউকে গুপ্তচর হিসেবে নিয়োগ করতে অনেক বেশি কৌশল ও চাপ প্রয়োগ করতে পারে। তারা বলতে পারে, আমাদের সঙ্গে কাজ না করলে তোমাকে দেশে ফিরতে দেওয়া হবে না, কিংবা পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না।’

হানিট্র্যাপ পাতার নানা পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো, লক্ষ্য ব্যক্তিকে এমন পরিস্থিতিতে ফেলা, যা প্রকাশ পেলে তিনি বিব্রত বা বিপদে পড়তে পারেন। এরপর তাঁকে ব্ল্যাকমেল বা ভয় দেখিয়ে তথ্য আদায় করা হয়। যেমন, কেউ যদি পতিতালয়ে যান বা যৌনকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান, তাহলে গোয়েন্দা সংস্থা সেই তথ্য কাজে লাগাতে পারে। জামেস্টাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিস বলেন, ওই ব্যক্তিকে তখন বলা হতে পারে, ‘আমরা চাইলে তোমাকে গ্রেপ্তার করতে পারি। অথবা আমাদের কাজে সাহায্য করতে পারো।’

জামেস্টাউন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি প্রতিরক্ষা নীতিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান। আরেকটি পদ্ধতি সিনেমা ও সংবাদমাধ্যমে বেশি দেখা গেলেও বাস্তবে তুলনামূলক কম ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে প্রশিক্ষিত কোনো বিদেশি এজেন্ট শুরু থেকেই লক্ষ্য ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। উদ্দেশ্য থাকে, তাঁকে প্রলুব্ধ করে নিজের স্বার্থে ব্যবহার করা।

এর একটি উদাহরণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক নারী এজেন্ট। ‘সিন্ডি’ নামের ওই এজেন্ট নিজেকে মার্কিন পর্যটক পরিচয় দিয়ে সাবেক ইসরায়েলি পারমাণবিক প্রযুক্তিবিদ মর্দেখাই ভানুনুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তাঁকে অপহরণ করা হয়। ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যমে ফাঁস করেছিলেন ভানুনু।

তবে বাস্তবে আরও বেশি যে ঘটনা ঘটে, তা হলো—কোনো নারী বা পুরুষ স্বাভাবিকভাবেই এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়ান, যিনি কোনো গোয়েন্দা সংস্থার আগ্রহের ব্যক্তি। পরে ওই সংস্থা সম্পর্কটির কথা জানতে পারে। এরপর নানা প্রলোভন বা চাপ প্রয়োগ করে ওই নারী বা পুরুষকে লক্ষ্য ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহে নিয়োগ করে।

সিআইএ

গোপন প্রেম ও সাজানো সন্তান

এই কৌশলের ইতিহাস অনেক পুরোনো। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ হিসেবে তৈরি করত। সাইফার বলেন, ওই সময় রুশ গোয়েন্দারাও নিয়মিত এ কৌশল ব্যবহার করতেন। পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের হোটেলকক্ষে পুরুষ ও নারী—দুই ধরনের এজেন্টকেই পাঠানো হতো।

১৯৬০-এর দশক থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত চলা একটি ঘটনা বিশেষভাবে আলোচিত। বেইজিংয়ে কর্মরত ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকোকে পিকিং অপেরার এক পুরুষ শিল্পী বোঝাতে সক্ষম হন যে তিনি নারী। এরপর তাঁদের মধ্যে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শিল্পী শি পেই পু প্রায় দুই দশক ধরে এই প্রতারণা চালিয়ে যান। এমনকি তিনি দাবি করেন, বুরসিকোর সন্তানের জন্ম দিয়েছেন। নিউইয়র্ক টাইমসের সংরক্ষিত প্রতিবেদন অনুযায়ী, ওই শিশুটি আসলে চীনের উইঘুর জনগোষ্ঠীর সদস্য ছিল। তার দরিদ্র মা তাকে বিক্রি করে দিয়েছিলেন।

এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতনযুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছে

একপর্যায়ে চীনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বুরসিকোর সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা বলেন, ফরাসি দূতাবাসের তথ্য সরবরাহ না করলে তিনি আর শি পেই পুর সঙ্গে দেখা করতে পারবেন না। শির নিরাপত্তার কথা ভেবে বুরসিকো রাজি হন। কয়েক বছর ধরে তিনি তাঁদের কাছে বিভিন্ন নথি সরবরাহ করেন। পরে একসময় শি ও শিশুটিকে ফ্রান্সে নিয়ে যেতে সক্ষম হন।

সেখানে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়। পরে অবশ্য তাঁদের ক্ষমা করে দেওয়া হয়। এ সময় প্রকাশ পায়, শি আসলে পুরুষ। বিষয়টি জানার পর বুরসিকো গভীরভাবে ভেঙে পড়েন।

২০০০-এর দশকের শুরুর দিকে আরেকটি আলোচিত ঘটনা ঘটে চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্যাটরিনা লিউংকে ঘিরে। চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য এফবিআই তাঁকে বিপুল অর্থ দিত। কিন্তু বাস্তবে তিনি ছিলেন ডাবল এজেন্ট। তিনি এফবিআইয়ের কাছ থেকে পাওয়া গোপন তথ্য বেইজিংকে সরবরাহ করতেন। একই সঙ্গে এফবিআইয়ের দুজন কর্মকর্তার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের একজন দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাঁকে পরিচালনা করতেন।

২০০৩ সালে লিউং ও ওই এফবিআই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। পরে সমঝোতার ভিত্তিতে লিউংকে সর্বোচ্চ তিন মাস কারাগারে থাকতে হয়েছিল।

সাইফার বলেন, চীনা গুপ্তচরেরা ‘সবাইকে লক্ষ্যবস্তু করে’। তাঁর ভাষায়, ‘তারা অস্ট্রেলীয়দের লক্ষ্য করছে, ভিয়েতনামিদের লক্ষ্য করছে, সিঙ্গাপুরের নাগরিকদের লক্ষ্য করছে। কমিউনিস্ট পার্টি যে বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে, সেটির কাছে পৌঁছানোর উপায় তারা বের করবেই।’

স্টোন ফিশও তাঁর সঙ্গে একমত। তিনি বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের কৌশল ব্যবহার করা হয়ে থাকতে পারে। এমনকি করপোরেট গুপ্তচরবৃত্তির অংশ হিসেবে চীনা কোম্পানিগুলো নিজেদের দেশের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও হানিট্র্যাপ ব্যবহার করতে পারে।

অন্যদিকে, চীনও নিজেদের নাগরিকদের এ ধরনের ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক করেছে। ২০২৪ সালে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, অনলাইন প্রেম ও ডেটিংয়ের মাধ্যমে বিদেশি গুপ্তচরবৃত্তির ঘটনা তারা শনাক্ত করেছে।

মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়, ‘বিদেশি গুপ্তচরেরা নিজেদের পরিচয় সতর্কতার সঙ্গে গোপন করে। এরপর কাকতালীয় বা ভাগ্যনির্ধারিত বলে মনে হয়—এমন সাক্ষাতের ব্যবস্থা করে এবং আকর্ষণীয় ফাঁদ পাতে। এভাবে তারা চীনের ভেতরের ব্যক্তিদের নিজেদের পক্ষে টানতে ও নিয়োগ করতে চায়। তাদের উদ্দেশ্য রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করা এবং চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করা।’

মোসাদ

এনভিডিয়ার ঘটনায় কী ঝুঁকি তৈরি হয়েছে


সাইফারের ধারণা, হানিট্র্যাপের মাধ্যমে সফল হওয়ার হার মাত্র ১০ শতাংশের মতো। তবে তাঁর মতে, ‘গুপ্তচরবৃত্তির জগতে গুরুত্বপূর্ণ জায়গায় থাকা দু-একজন ব্যক্তিকে নিজেদের পক্ষে আনতে পারলেই যথেষ্ট।’ এক হাজার চেষ্টার মধ্যে একটি সফল হলেও তা বড় অর্জন হতে পারে—যদি ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ গোপন তথ্যের নাগাল পান।

বর্তমান ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত পরিস্থিতিতে চুরির মতো গোপন তথ্যের অভাব নেই। ম্যাটিস বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অন্য সব ক্ষেত্রের জন্যও জরুরি। এটি উৎপাদন, বৈজ্ঞানিক আবিষ্কার, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামরিক লক্ষ্য নির্ধারণে ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘এই শিল্পের যেকোনো প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হতে পারেন।’

স্টোন ফিশ বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া ঘটনাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ ঘটনা দুই দেশের পারস্পরিক অবিশ্বাস বাড়াতে পারে।

যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে, জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু করার অভিযোগ গুপ্তচরবৃত্তির একটি স্পষ্ট উদাহরণ। অন্যদিকে, চীন আশঙ্কা করতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়া বেইজিংয়ের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে।

তবে স্টোন ফিশ ও ম্যাটিস দুজনই মনে করেন, শেষ পর্যন্ত সবাই মানুষ। আমাদের সবারই ব্যক্তিগত, বন্ধুত্বপূর্ণ, পেশাগত কিংবা অন্য কোনো ধরনের সম্পর্ক রয়েছে। এসব সম্পর্ককে কাজে লাগিয়ে কেউ আমাদের বিপদে ফেলতে পারে।

লক্ষ্যবস্তু হওয়া থেকে পুরোপুরি নিরাপদ থাকার একমাত্র উপায় হলো সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। তবে বাস্তবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সতর্ক থাকা এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা।
ম্যাটিসের কথায়, ‘আপনি লক্ষ্যবস্তু হতে পারেন। বোকামি করবেন না। আর কোনো বিষয়ে নিশ্চিত হওয়ার আগে প্রশ্ন করতে ভুলবেন না।’

  • জেসি ইয়ুং সিএনএন ইন্টারন্যাশনালের হংকং কার্যালয়ের সিনিয়র রিপোর্টার

    সিএনএন থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ

Read full story at source