বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো

· Prothom Alo

সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে বিশ্বজুড়ে দক্ষিণপন্থীরা নির্বাচনী বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। এর বাস্তব কারণ ও ফলাফল খতিয়ে দেখা হয়েছে এই লেখায়। লিখেছেন আলতাফ পারভেজ 

২০২৬–এর শেষ মাসগুলো পার হচ্ছে বেশ নাটকীয়ভাবে। ব্রাজিলে বলসোনারো বিদায় হলেন। তাঁর পিছু নিলেন সার্বিয়ার ভুচিচ। নেতানিয়াহুও আগের দাপট হারালেন। এরপর ট্রাম্পশিবিরের বিপর্যয়। একই সময় বিশাল ভারতজুড়ে চলছে ককরোচ-তরঙ্গ। বিভিন্ন দেশে দক্ষিণপন্থীবিরোধী এসব রাজনৈতিক হোঁচট কতটা আদর্শিক মোড় বদল, কতটা স্রেফ সাময়িক রাজনৈতিক-পরাজয়, সেসব নির্মোহভাবে খতিয়ে দেখার দাবি রাখে।

Visit betsport.cv for more information.

পরিচয়বাদ বনাম রুটি-রুজির সংকট

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের আবির্ভাব প্রায় এক যুগ আগে রিপাবলিকান দলে মনোনয়ন চাওয়ার মধ্য দিয়ে। ওই দলে ও আমেরিকার সমাজে দক্ষিণপন্থী জনতুষ্টিবাদের উত্থান আরও আগে। তাদের বক্তব্য ছিল: অভিবাসীরা আমেরিকার শ্বেতাঙ্গদের রুটি–রুজির জন্য হুমকি। যারা অভিবাসীদের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছে তারা আমেরিকার ক্ষতি করছে। ‘আমেরিকা বাঁচাতে’ প্রয়োজনে সহিংসতাও এদের একাংশ বৈধ মনে করে। ২০২১–এর জানুয়ারিতে ট্রাম্পের নির্বাচনী পরাজয় প্রত্যাখ্যান করে রিপাবলিকানরা যে কংগ্রেস ভবনে হামলা করেছিল, সেটাও ওই ভাবনা থেকে।

দক্ষিণপন্থীরা সচরাচর নিজ দেশের বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ দেখে। সুযোগ পেলে করের হার কমিয়ে আনার প্রচেষ্টা নেয়, বিদেশি পণ্য ঠেকানোর নামে শুল্ক বসায়, শ্রমিক অধিকারের প্রতি অসহনশীল থাকে। যেকোনো উপায়ে ব্যবসাবান্ধব নীতি তাদের অগ্রাধিকার। এটা তাদের রাজনীতিতে অর্থপ্রবাহ গতিশীল রাখে। এরা সব সময় সামরিক বাজেট বাড়ানোরও পক্ষে থাকে। তবে আমেরিকার উগ্র রিপাবলিকানরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দীর্ঘকাল যুদ্ধে লিপ্ত হওয়ার বিরোধিতা করে। তাদের ধারণা, আমেরিকা সম্পদ হারাচ্ছে এতে।

ইতিহাসের ট্রাম্প-অধ্যায় শেষ হতে চলেছে, ইরান যুদ্ধের কী হবেলুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল

ট্রাম্প ক্ষমতায় এসে নিচুতলার শ্বেতাঙ্গ শ্রমিকদের খুশি করতে বিদেশি পণ্য ঠেকানোর পদক্ষেপ নিয়েছিলেন। অতীতে ‘পরিবেশ সুরক্ষায় অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে’—এ রকম একটা ধারণা ছড়িয়েছেন তিনি পরিবেশবাদীদের বিরুদ্ধে। এ ছাড়া রক্ষণশীল ভোটারদের জড়ো করার জন্য লিঙ্গসমতা, বর্ণসমতা ইত্যাদিরও বিরুদ্ধে উগ্র রিপাবলিকানরা।

প্রশ্ন উঠতে পারে, এই দক্ষিণপন্থীরা এবার তাহলে যুক্তরাষ্ট্রের নির্বাচনে খারাপ করল কেন? বড় কারণ, বহির্বিশ্বে যুদ্ধে কম লিপ্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্পশিবির ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধেও গোপনে যুক্ত তারা। এই দুই যুদ্ধ শ্বেতাঙ্গ নিম্নবিত্তদের অসুবিধায় ফেলেছে বাজারে। এটা দক্ষিণপন্থীদের দ্বিচারিতা হিসেবে দেখেছে ভোটাররা এবং শাস্তি দিয়েছে। তবে এই রায়কে আমেরিকার সমাজে দক্ষিণপন্থীদের বড় ধরনের প্রত্যাখ্যান হিসেবে দেখা ভুল। ভোটে আদর্শের চেয়ে রুটি-রুজির সংকট বড় বিষয় ছিল।

বলসোনারো ও নেতানিয়াহু হারলেও উভয় দেশে দক্ষিণপন্থী প্রভাব বিপুল

আমেরিকা এবং ব্রাজিলের নির্বাচনে এটা স্পষ্ট, অতি জনতুষ্টিবাদী দক্ষিণপন্থার পক্ষে দীর্ঘকাল ক্ষমতায় থাকা দুরূহ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশ পরিচয়বাদবিরোধী, যুদ্ধবিরোধী এবং আবাসন, পরিবহন ও স্বাস্থ্যসুবিধা বাড়াতে যে প্রচার চালিয়েছে সেসব তরুণদের আকৃষ্ট করছে। পরিবেশ প্রশ্নকেও সমাজের বড় অংশের মানুষ গুরুত্বপূর্ণ ভাবছে। ধর্ম ও বর্ণগত পরিচয়বাদের জায়গা থেকে ডেমোক্র্যাট প্রগতিশীল উপদল সমাজকে কিছুটা হলেও বাইরে আনতে পারছে।

তবে ব্রাজিলে বলসোনারোর হার দক্ষিণপন্থার বিপরীতে যতটা তার চেয়েও বেশি দুর্নীতিবিরোধী ক্ষোভ। রাজনীতির শুরুতে ‘সবার ওপর ব্রাজিল—সবার ওপরে ঈশ্বর’ এসব স্লোগান এবং আদিবাসীদের অধিকার, নারী অধিকার ইত্যাদির বিরুদ্ধে অবস্থান নিয়ে রক্ষণশীল ভোট, বিশেষ করে ইভানজেলিক ভোট নিজের বাক্সে জড়ো করেছিলেন বলসোনারো। সহযোগী হিসেবে বিপুলসংখ্যক সাবেক সামরিক কর্মকর্তাকে জড়ো করে সশস্ত্র বাহিনীর সমর্থনও বাড়ান। ট্রাম্পের সমর্থকদের মতো তিনিও বিশ্বায়নের বিরোধিতা করতেন। নিজেকে তিনি ‘দক্ষিণ আমেরিকার ট্রাম্প’ও বলতেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভা নাটকীয় জয় পেয়েছেন

এসব ছক ভেঙে বলসোনারোর বিরুদ্ধে লুলার বিজয় সম্ভব হয়েছে কিছু কৌশলগত কারণে। তিনি ইভানজেলিকদের মাঝে সাংগঠনিক কাজের বিস্তার ঘটান। মধ্যপন্থীদের সঙ্গে বৃহত্তর জোট করেন। অতি উগ্র নয়—এমন ডানপন্থীরাও লুলাকে সমর্থন করেছে বলসোনারোর অতি ডান আচরণের কারণে। ভোটের হাওয়া বুঝে করযোগ্য আয়ের ঊর্ধ্বসীমা বাড়ান লুলা। অপরাধের বিচারে বয়সসীমার বিষয়ে নিজের অতীতের অবস্থানও সংশোধন করেন তিনি।

এসব তাঁর বিরুদ্ধে দক্ষিণপন্থীদের প্রচার দুর্বল করে। অনলাইন প্রচারেও বিশেষভাবে জোর দিয়েছিলেন তিনি—সচরাচর বিভিন্ন দেশের প্রগতিমুখীরা যার প্রতি অবহেলা দেখায়। তবে এত কিছুর পর তিনি জিতলেও লক্ষ করার বিষয়, বলসোনারো প্রায় ছয় কোটি ভোট পেয়েছেন। অঙ্কের হিসাবে ব্যক্তি বলসোনারো হারলেও দেশটিতে দক্ষিণপন্থী জনতুষ্টিবাদের এখনো বিপুল প্রভাব রয়ে গেছে।

প্রশ্ন উঠতে পারে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পবাদ এবং ব্রাজিলে বলসোনারোর দক্ষিণপন্থা যেভাবে ধাক্কা খেল, ইসরায়েলে লিকুদ এবং শাসক দলের আসন কমাকেও সেভাবে বিচার করা যাবে কি না? উত্তর ‘হ্যাঁ’ এবং ‘না’ দুটোই। গাজা গণহত্যার হোতা নেতানিয়াহুর দল লিকুদদের আসন কমলেও দল হিসেবে এবারও তারাই আসন ও ভোটের হিস্যায় এগিয়ে।

যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল সব জায়গাতে একক বৈশিষ্ট্য হিসেবে যেটা দেখা যাচ্ছে ডান-বিরোধীরা যখনই জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিষয়গুলোকে রাজনীতির প্রধান বিষয় করতে পেরেছে এবং যেখানে সংগঠনের ভিত গড়তে নেমেছে নিচতুলার কমিউনিটিতে, সেখানেই পরিচয়বাদী-সমরবাদীরা দুর্বল হয়েছে।

অন্যদিকে দেশটির রাজনীতিতে তুলনামূলকভাবে ডানবিরোধী দল হিসেবে পরিচিত ডেমোক্রেটিক পার্টির (অতীতে নাম ছিল লেবার পার্টি) আগের নির্বাচনে আসন ছিল ৪, এবার পেল ৮। এরা ফিলিস্তিনিদের সঙ্গে আলাপ-আলোচনাপন্থী এবং দেশটির আরবদের সমানাধিকারের পক্ষে। দেশটির আরব দলগুলোও নির্বাচনে ভালো করেছে। দুটি আরব জোট মিলে ১৯ আসন পেল। আগের নির্বাচনে তাদের আসন ছিল যৌথভাবে ১০। এ রকম তথ্য-উপাত্ত থেকে এই সিদ্ধান্ত টানা যায়, এবারের নির্বাচনে সেখানে মধ্য-বামপন্থীদের পার্লামেন্টে আসনের জোর বেশ বেড়েছে। কিন্তু দেশটির রাজনীতিতে এখনো ডানপন্থীদের দাপট রয়ে গেছে।

আরব দলগুলোর বিজয়ের একটা বড় কারণ তাদের সমর্থক সমাজের বেশি হারে ভোটকেন্দ্রে যাওয়া। অন্যদিকে নেতানিয়াহুর ভোট কমার পেছনে ব্রাজিলের বলসোনারোর মতো ব্যক্তিগত দুর্নীতি ছিল বড় উপাদান। সার্বিয়ায় আলেকসান্দার ভুচিচের দীর্ঘ শাসনাবসানের পেছনেও দুর্নীতি কারণ হিসেবে কাজ করেছে।

কিছু ডানপন্থী দল নেতানিয়াহুর জোট থেকে সরে যাওয়াও লিকুদের আসন কমাতে ভূমিকা রেখেছে। তিনি ইসরায়েলের নিরাপত্তায় যথেষ্ট ভূমিকা রাখতে পারেননি—এটাই নেতানিয়াহুবিরোধী ডানদের অভিযোগ ছিল এবং সেটা বেশ সমর্থন পেয়েছে। এসব নিশ্চয়ই দেশটির সমাজে সমরবাদী ও ধর্মীয় জাতিবাদী চিন্তার প্রভাব কমার কোনো ইঙ্গিত দেয় না। নির্বাচনে মুখ্য প্রতিদ্বন্দ্বিতা মোটেই ডান বনাম বামে ছিল না। নেতানিয়াহু শিবিরের বিপরীতে অন্য যারা ভালো করেছে তাদের বড় অংশও ডানপন্থী। আবার এ–ও সত্য, নির্বাচনে ডানপন্থার বিরোধীরাও ভালো করেছে। যে প্রবণতা ইহুদিবাদী এই রাষ্ট্রের ভেতর গুরুতর টানাপোড়েন নির্দেশ করে। এটা হলো অগ্রগতির জায়গা।

সার্বিয়ার শিক্ষার্থীদের কৌশল ছিল ভিন্ন এবং অনন্য

নেতানিয়াহুর বিরুদ্ধে লড়তে গিয়ে ইসরায়েলের বামপন্থীরা যেসব কৌশল অবলম্বন করছে তার একটি ছিল দলীয় ব্যানার না নিয়ে সাধারণ নাগরিক আন্দোলনের প্রসার ঘটানো। তারা আবাসন সংকট, জীবনযাত্রার খরচ বাড়া, আর্থিক বৈষম্যের মতো বিষয়গুলো সামনে আনার চেষ্টা করে। আরবদের সঙ্গে মৈত্রীকেও মুখ্য এক সাংগঠনিক কৌশল হিসেবে ধরে রেখেছে এরা। 

প্রায় কাছাকাছি কৌশল দেখা যায় সার্বিয়ায় ডানপন্থী প্রগ্রেসিভ পার্টিকে হারাতে পারা শিক্ষার্থীদের। ভুচিচের চরম কর্তৃত্ববাদী শাসনের মাঝে সেখানে শিক্ষার্থীরা প্রায় দুই বছর টানা আন্দোলনকালে একক নেতৃত্ব গড়া এড়িয়ে গেছে। প্রান্তিক অঞ্চলগুলোতে গিয়ে মাঝে মাঝে তারা সংসদ অধিবেশনের মতো উন্মুক্ত বৈঠক করতে। সিদ্ধান্ত যা কিছু হতো সম্মিলিতভাবে।

সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল২০২৬ সাল কি গণতন্ত্রের ঘুরে দাঁড়ানোর বছর

ভুচিচের একতরফা প্রচারযুদ্ধের মোকাবিলায় শিক্ষার্থীদের দলটি গ্রামে ও মফস্‌সল শহরে পাড়ায়–পাড়ায় একজন করে প্রতিনিধি নিয়োগ করেছিল—যারা রাজনৈতিক-অর্থনৈতিক বিষয়গুলোতে পাল্টা প্রচারণা চালাত। এভাবে তারা গত দুই বছরে প্রায় অর্ধলাখ বাসাবাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছে। মানুষের কথা শুনে সেটা সংগঠনের ওপরের দিকেও জানাত। এই শোনাশুনিকে নথিবদ্ধ করে তারা কয়েক শ পৃষ্ঠার এক কর্মপরিকল্পনা বানিয়ে ফেলে এবং সেখান থেকে ১১টি মুখ্য করণীয় ঠিক করে।

বাংলাদেশের অভ্যুত্থানের পর তরুণদের সরকার যেভাবে বুদ্ধিজীবীদের দিয়ে সংস্কার প্রতিবেদন তৈরি করিয়েছে, সার্বিয়ার তরুণেরা ঠিক তার উল্টো পথ নেয়। তাদের ওই জনসংযোগ কৌশল থেকে ক্রমে জাতীয়ভিত্তিক একটা নেতৃত্বের তালিকাও (নাম ছিল ‘স্টুডেন্ট লিস্ট’) তৈরি হয়, যার ওপর ভিত্তি করে তারা নির্বাচনকালে ভুচিচের প্রার্থী তালিকাকে চ্যালেঞ্জ করে বসে এবং হারিয়ে দেয়।

‘স্টুডেন্ট লিস্টে’ শিক্ষার্থীরা নিজেদের নাম ঢোকায়নি, বিভিন্ন খোলা বৈঠককে সমাজের মানুষ সৎ ও যোগ্য যেসব পেশাজীবীর নাম বলত, সে রকম মানুষদের নিয়ে তালিকাটি করা হয়। এভাবে নিচ থেকে অভিনব এক রাজনৈতিক কাঠামোর জন্ম হয়। যার চাপে ভুচিচের এক যুগ পুরোনো ক্ষমতার সৌধ নির্বাচনী পথেই পরাজিত হয়।

ভুচিচ নিজের প্রভাব বাড়াতে জনতাকে ক্রোয়েশিয়া ও বসনিয়া দখলের স্বপ্ন দেখাতেন। তিনিই ‘খ্রিষ্টানিটির রক্ষক’ এমন এক ভঙ্গি বজায় রেখে প্রশাসন ও বিচার বিভাগকে দাসে পরিণত করে ফেলেছিলেন। অর্থনীতিতে নিজস্ব পছন্দের একদল ব্যবসায়ী ছিল তাঁর—জনজীবন যাদের হাতে ছিল বন্দী। শিক্ষার্থীরা ভুচিচের উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে নয়—মূলত তাঁর কর্তৃত্ববাদী ও দুর্নীতিগ্রস্ত শাসনপদ্ধতির বিরুদ্ধে অবস্থান নেয়। তারা বিভাজনের রাজনীতি এড়িয়ে ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিচ্ছিল।

ব্যালট হাতে ভোটকেন্দ্রে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৭ অক্টোবর ২০২৬, জেরুজালেম

দীর্ঘ পথের যাত্রা

আমেরিকা, ব্রাজিল, ইসরায়েল, সার্বিয়ার অভিজ্ঞতার সঙ্গে ভারতের ককরোচদের চলমান আন্দোলনেরও অনেক মিল দেখা যাচ্ছে। এই আন্দোলনের মতাদর্শিক অঙ্গীকার বেশ অগ্রসরও বটে। আরএসএস পরিবার সামাজিক বিভাজন ও নির্বাচনী দুর্নীতির মাধ্যমে দেশটির পুরোনো গণতান্ত্রিক কাঠামোতে যেসব ক্ষত তৈরি করেছে তরুণদের একাংশ কেবল সেই ক্ষত সারানো নয়, গেরুয়া বিভেদবাদ থেকে ভারতীয় সমাজের উদ্ধারেও আগ্রহী। নিশ্চিতভাবে এই উদ্ধার-প্রচেষ্টা লম্বা হতে বাধ্য। এমনকি সেটা মোদি-অমিত জুটি অপসারিত হলেও সহজে হবে না।

আমেরিকা থেকে ভারত সর্বত্র দক্ষিণপন্থার বিকাশ ঘটছে বিবিধ কারণে। সাধারণভাবে শাসক রাজনীতি যখন কোনো বিশেষ সমস্যার সমাধান দিতে পারে না, তখন নিজেদের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে মিলিয়ে পরিস্থিতির বিকৃত কোনো ব্যাখ্যা হাজির করে।

চীনের অর্থনৈতিক উত্থানের মুখে যুক্তরাষ্ট্রের ক্রমাগত কোণঠাসা হয়ে পড়াকে সেখানকার ডানেরা অভিবাসন নীতির ফল হিসেবে দেখাতে শুরু করে শ্বেতাঙ্গ-শ্রেষ্ঠত্ববাদী রাজনীতির বিকাশের লক্ষ্যে। অথচ যুক্তরাষ্ট্রের সামাজিক বরাদ্দ চলে যাচ্ছিল সমর খাতের দিকে। সংকট ছিল সেটা।

অন্যদিকে ব্রাজিলে দক্ষিণপন্থীরা অক্সিজেন পেয়েছিল অর্থনৈতিক মন্দা ও সামাজিক অপরাধপ্রবণতা বাড়ার পর। বলসোনারোর কঠোরতাকে তখন তারা ‘চিকিৎসা’ হিসেবে তুলে ধরছিল। ইসরায়েলে ইহুদিবাদী দখলদারেরাও জবরদস্তিমূলক রাষ্ট্র প্রকল্প টিকিয়ে রাখতে ফিলিস্তিন ও আরববিরোধী সমরবাদী জিকির অব্যাহত রাখাকে নিজেদের অস্তিত্বের একমাত্র শর্ত হিসেবে দেখায়। ভারতে যেভাবে আরএসএস সংখ্যালঘুদের টার্গেট করে মূলত হিন্দুত্ববাদ দিয়ে কর্মসংস্থান ও সমৃদ্ধির সংকটকে আড়াল করতে।

ট্রাম্পবাদ বা বলসোনারোবাদের বিপর্যয় দক্ষিণপন্থার চূড়ান্ত কোনো পরাজয় নয়। এমনকি কোথাও এসব শক্তির ভূমিধস পরাজয়ও হয়নি। তবে বিশ্বের বিভিন্ন স্থানে এ রকম শক্তিশালী রাজনৈতিক ধারার গতি যে থামানো যাচ্ছে, সেটা বৈশ্বিক রাজনীতির প্রগতিমুখী কিছু পরিবর্তনও নির্দেশ করে।

যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল সব জায়গাতে একক বৈশিষ্ট্য হিসেবে যেটা দেখা যাচ্ছে ডান-বিরোধীরা যখনই জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিষয়গুলোকে রাজনীতির প্রধান বিষয় করতে পেরেছে এবং যেখানে সংগঠনের ভিত গড়তে নেমেছে নিচতুলার কমিউনিটিতে, সেখানেই পরিচয়বাদী-সমরবাদীরা দুর্বল হয়েছে। ঠিক উল্টোভাবে, সর্বত্র প্রগতিশীল সংগঠকেরা যে আরও বেশি সফল হচ্ছে না তার কারণ শহুরে চৌহদ্দিতে মূলত তাদের প্রভাব। কিন্তু সার্বিয়ায় শিক্ষার্থীরা দেখিয়েছে গ্রাম ও পাড়াভিত্তিক সংগঠন কীভাবে মহাশক্তিশালী কর্তৃত্ববাদীদের পরাজিত করতে সক্ষম।

  • আলতাফ পারভেজ গবেষক ও লেখক

    মতামত লেখকের নিজস্ব

Read full story at source