মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

· Prothom Alo

পথশিশুদের পড়ানোর একটি ছোট উদ্যোগ থেকে শুরু হওয়া মাস্তুল ফাউন্ডেশন পদার্পণ করেছে ১৫ বছরে। এ উপলক্ষে গত বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করে ১৪ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। যেখানে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাবের পাশাপাশি বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে মাস্তুল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

Visit saltysenoritaaz.org for more information.

আরও ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম, চিফ পাবলিক রিলেশনস অফিসার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে, বিশেষ করে বন্যা সংকটে মাস্তুল ফাউন্ডেশন এগিয়ে এসেছে। আশা করব, আগামী দিনে শিক্ষা, কর্মসংস্থান, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির আরও বৃহৎ ভূমিকা রাখবে।’

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মাস্তুল ফাউন্ডেশন শুরু থেকে অবিচলভাবে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, তিনি ব্যক্তিগতভাবে মাস্তুলের এমন উদ্যোগকে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার প্রকাশ হিসেবে দেখেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘মাস্তুল ফাউন্ডেশনের প্রতিটি প্রকল্পই মানুষের জন্য। বিশেষ করে “মাস্তুল মেহমানখানা” প্রকল্পের মাধ্যমে হাজারো মানুষকে বিনা মূল্যে খাবার দেওয়া হচ্ছে।’

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের যেকোনো মানবিক সংকটে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের আহ্বান জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান। তিনি বলেন, ‘আয়তনে ছোট হলেও বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। বিশ্বের যেকোনো মানবিক সংকটে লাল-সবুজের পতাকাকে আমরা পৌঁছে দিতে চাই। সরকারের কাছে আমাদের প্রস্তাব—একটি নীতিমালা তৈরি হোক, যার মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলো সরকারের অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে বিশ্বের মানবিক সংকটে কাজ করতে পারবে।’

এ সময় সংস্থাটির দেশ-বিদেশের মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে তুরস্ক, ফিলিস্তিনের গাজা, সুদান ও নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক সহায়তা। এই অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক মানবিক অঙ্গনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর কাজের সুযোগ আরও প্রসারিত করার ওপর জোর দেওয়া হয়।

কি-নোট স্পিকার নাসির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে দেশ ও ফিলিস্তিন মানবিক মিশন ও আন্তর্জাতিক পরিসরে মাস্তুলের মানবিক সহায়তা কার্যক্রম তুলে ধরেন। মাস্তুল প্রসঙ্গে বিশেষ মূল্যায়ন তুলে ধরেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর ও চিফ পাবলিক রিলেশন অফিসার মতিউর রহমান।

সমাপনী বক্তব্যে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ আকমল হোসেন আজাদ বলেন, ‘সবার সম্মিলিত সহযোগিতায় মাস্তুল এভাবেই কাজ করে যাবে। সবার পৃষ্ঠপোষকতায় সংস্থাটি আরও এগিয়ে যেতে চায়।’

২০১২ সালে কাজী রিয়াজ রহমানের উদ্যোগে মাস্তুল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ১৪ বছরে সংস্থাটির কার্যক্রম খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আশ্রয় ও দুর্যোগ মোকাবিলাসহ নানা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। করোনা মহামারিতে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, টিউবওয়েল স্থাপন ও মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ উল্লেখযোগ্য।

‘মাস্তুল মেহমানখানা’র মাধ্যমে রাজধানীর ২০টি নির্ধারিত স্থানে প্রতিদিন বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। ‘জাকাত স্বাবলম্বী’ প্রকল্পের আওতায় অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করা হচ্ছে। ঢাকার হাজারীবাগে এতিম ও বৃদ্ধদের জন্য ‘মাস্তুল ইসলামিক শেল্টারহোম’ পরিচালনা করা হচ্ছে।

মাস্তুল ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রযোজ্য আইন ও শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুদান, জাকাত ও সাদকার ক্ষেত্রে দাতারা আয়কর রেয়াতের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। সংস্থাটি আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত নিরীক্ষার মাধ্যমে কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিয়ে থাকে।

Read full story at source