মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা, রাজকে বুকে টেনে নিলেন

· Prothom Alo

মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে যান শরীফুল রাজ

টেলিভিশনের পর্দায় যাঁর অভিনয় দেখে মুগ্ধ হতেন, এবার তাঁর পাশেই দাঁড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার নিলেন শরীফুল রাজ। তিনি মোশাররফ করিম। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে যৌথভাবে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন দুজন।

পুরস্কার গ্রহণের সময় পছন্দের অভিনেতার পা ছুঁয়ে সম্মান করেন। এ সময় মোশাররফ করিম তাঁকে কাছে টেনে নেন। প্রিয় অভিনেতার সঙ্গে সিনেমায় কাজের পর একই মঞ্চে পুরস্কার পাওয়ার মুহূর্তটিও তাই রাজের কাছে বিশেষ হয়ে রইল।
বড় হওয়ার পর থেকেই মোশাররফ করিমের নাটক দেখে আসছেন রাজ। অভিনয়ে মুগ্ধ হয়ে একসময় তাঁর ভক্ত হয়ে ওঠেন। সেই অভিনেতাকে সহশিল্পী হিসেবে পাওয়া নিজের জন্য সৌভাগ্য বলেই মনে করেন তিনি।

Visit umafrika.club for more information.

মোশাররফ করিম ও আজিজুল হাকিমের সঙ্গে শরীফুল রাজ

মোশাররফ করিম ও শরীফুল রাজ এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘ইনসাফ’ সিনেমায়। তবে একই সিনেমায় থাকলেও দুজনের একসঙ্গে খুব বেশি দৃশ্য ছিল না। এ নিয়ে রাজের কিছুটা আক্ষেপ ছিল। সেই আক্ষেপ দূর হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। এবার প্রিয় অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করার পাশাপাশি শুটিংয়ে কাছ থেকে তাঁকে দেখা ও শেখার সুযোগ পেয়েছেন রাজ।

রোববার প্রথম আলোকে শরীফুল রাজ বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে যেকোনো শিল্পীর কাজ করা সৌভাগ্যের। ভাইকে সহশিল্পী হিসেবে পাওয়াটা আমার জন্য অনেক কিছু। কারণ, প্রতিমুহূর্তেই শেখার কিছু থাকে। মনে হয়, ৫০ ভাগ কাজ আগেই হয়ে আছে।’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দৃশ্যে মোশাররফ করিম ও শরীফুল রাজ

প্রিয় অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাজ বলেন, ‘মোশাররফ করিম ভাই এমন একজন অভিনয়শিল্পী, যাঁর সঙ্গে আমার মনে হয় সবাই আবার কাজ করতে চান । তিনি মজা করতে করতে শুটিং করেন। কখন শুটিং শেষ হয়, সেটা বোঝাই যায় না। অভিনয়শিল্পী হিসেবে তিনি এমনভাবে সহায়তা করেন, এমনভাবে সম্পৃক্ত থাকেন যে আমাদের প্রস্তুতি কম থাকলেও মোশাররফ ভাই ঠিক করে নেন।’
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

একটি ট্রেনের যাত্রীদের জীবনের নানা ঘটনা মিলেছে সিনেমাটির গল্পে। এতে আশহাব চরিত্রে অভিনয় করেছেন রাজ। পেশায় চিকিৎসক আশহাব মাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। অন্যদিকে মোশাররফ করিমের চরিত্রের নাম রশিদ উদ্দিন। তিনি একজন অধ্যাপক। ছেলের লাশ নিয়ে তিনিও একই ট্রেনের যাত্রী। ভিন্ন দুই বাস্তবতা থেকে আসা মানুষ দুটির যাত্রা এসে মিলেছে একই ট্রেনে।

জাহিদ হাসান বললেন, ‘মোশাররফ, তোকে আমি যে কী করব’শরীফুল রাজ

শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিমের সঙ্গে আড্ডাও হয়েছে রাজের। তবে সেখানে বেশির ভাগ সময় তিনি শ্রোতা হয়েই থাকতেন। মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সঙ্গে সময় কাটানোও তাঁর কাছে শেখার সুযোগ।
রাজ বলেন, ‘এই সময়ে মোশাররফ ভাই, চঞ্চল ভাই—তাঁরা তো অনেক গুণী অভিনেতা। তাঁদের সঙ্গে শুটিংয়ে এসে অনেক কিছু শিখতে পারি। এমন হয়, যখনই কোনো আড্ডা হয়, সেখানে দেখা যায় তাঁরাই কথা বলছেন, আমি নীরব। তাঁদের কথা শোনা ছাড়া আর কোনো কাজ থাকে না। মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। যে কারণেই আমি বারবার চাই তাঁদের সঙ্গে অভিনয় করতে।’

অভিনয়শিল্পী মোশাররফ করিমের পাশাপাশি মানুষটিও রাজকে মুগ্ধ করেন । শুটিংয়ের ফাঁকে নানা বিষয়ে কথা বলতে গিয়ে তাঁর প্রাণবন্ত স্বভাবের পরিচয় পেয়েছেন। কাজের পরিবেশ সহজ করে তোলার এই গুণও ভালো লাগে রাজের।
তাঁর কথায়, ‘মোশাররফ ভাই মানুষটাই মজার। শিল্পী হিসেবে তো বটেই, ব্যক্তি হিসেবেও তিনি আরও মজার মানুষ। আমি বারবার মোশাররফ করিমের সান্নিধ্য পেতে চাই।’

Read full story at source