কান্দাহারের রেডিওতে ক্রিকেট সম্প্রচার বন্ধের নির্দেশ তালেবানের

· Prothom Alo

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেটবিষয়ক কোনো অনুষ্ঠান বা খবর সম্প্রচার করা যাবে না। তালেবানের স্থানীয় কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করেছে। গত শনিবার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেয়।

তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ক্রিকেটের খবর প্রচার নিষিদ্ধ করা হয়েছে।’

Visit afsport.lat for more information.

শুধু খেলার ধারাবিবরণী বা ম্যাচের খবর নয়, কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন প্রচার করা যাবে না বলে জানান ওই কর্মকর্তা।

কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান বলেন, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে তাঁদের জানানো হয়েছে, রেডিওতে আর ক্রিকেটের খবর প্রচার করা যাবে না।

অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকই নাম প্রকাশ না করার শর্তে এএফপির সঙ্গে কথা বলেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো উত্তর দেয়নি।

আফগানিস্তানে ক্রিকেট দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তালেবান সরকারও বিভিন্ন সময় খেলাটির প্রতি সমর্থন দেখিয়েছে। গত আগস্টে ক্ষমতায় ফেরার বর্ষপূর্তি উপলক্ষে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল তারা।

তবে দেশটিতে কিছু খেলাধুলার ওপর বিধিনিষেধ রয়েছে। মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও নারী ও মেয়েদের জিমে যাওয়া এবং খেলাধুলায় অংশ নেওয়া নিষিদ্ধ।

আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল এখন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে।

Read full story at source