শ্রমিক দল নেতার নাম ভাঙিয়ে গভীর রাতে গুঁড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি

· Prothom Alo

জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলছে। এর মধ্যেই শ্রমিক দল নেতার নাম ভাঙিয়ে গভীর রাতে এক্সক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে বসতঘর ও বেকারি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার।

Visit turconews.click for more information.

ভুক্তভোগী পরিবারের দাবি, দেড় শ থেকে দুই শ লোক এনে এক ঘণ্টার মধ্যে তাঁদের ৪০ বছরের বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-সহ বিভিন্ন মাধ্যমে পুলিশের সহযোগিতা চেয়েও তাঁরা পাননি। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফার নাম ভাঙিয়ে স্থানীয় শাহীন ও মেহের আলীর লোকজন এ কাজ করেছেন। পুলিশের উপস্থিতিতে হামলাকারী ব্যক্তিরা বাড়ি ভাঙার কাজ শেষ করেছেন বলে অভিযোগ করেন তাঁরা। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফা প্রথম আলোকে বলেন, ‘যারা ভেকু দিয়ে হামলা করে বসতঘর ভেঙে ফেলেছে, তারা অমানবিক কাজ করেছে। তাদের আমি চিনি না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হীরাঝিল এলাকার প্রয়াত লঙ্কর আলী ভূঁইয়ার দুই ছেলে জয়নাল আবেদীন ও গোলাম মোস্তফা এবং দুই মেয়ে সুলতানা বেগম ও সখিনা বেগম পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া মোট সাড়ে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমিটি নিয়ে বিরোধ থাকায় দেওয়ানি আদালতে মামলা চলছে। চলতি মাসে এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিন দফা সালিসও হয়। কিন্তু মামলা বিচারাধীন থাকায় আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয় সালিসে।

ভুক্তভোগী সুলতানা বেগম প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে স্থানীয় শাহীন, পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, সবুজ, সজীব ও জসিম তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় ১৫০ থেকে ২০০ লোক নিয়ে এসে ভেকু দিয়ে তাঁদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সুলতানা বলেন, ‘আমি নাতিকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভেবেছিলাম, ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে বাইরে এসে দেখি, ভেকু দিয়ে আমাদের ঘর ভাঙা হচ্ছে। মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে আমাদের ৪০ বছরের বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়।’ সুলতানার অভিযোগ, হামলার সময় তাঁরা ৯৯৯-সহ বিভিন্ন মাধ্যমে পুলিশকে বিষয়টি জানান। কিন্তু পুলিশ কোনো সহযোগিতা করেনি।

সুলতানার ভাই গোলাম মোস্তফা বলেন, ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই হামলাকারী ব্যক্তিরা ভেকু ও দেশি অস্ত্র নিয়ে তাঁদের বাড়ি ভাঙতে এসেছিলেন। তখন ৯৯৯-এ ফোন করলে পুলিশ এলে হামলাকারী ব্যক্তিরা চলে যান। কিন্তু ৭ নভেম্বর তাঁরা আবার এসে হুমকি দিয়ে যান। এবার পুলিশকে একাধিকবার জানালেও বাড়ি ভাঙা ঠেকানো যায়নি। পুলিশ ঘটনাস্থলে এলেও তাদের সামনেই ভাঙচুরের কাজ শেষ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা আগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন বিএনপির ছত্রচ্ছায়ায় জমি দখলের চেষ্টা করছেন। শাহীনের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই কার নির্দেশে বসতঘর ভেঙেছেন, তা বলতে পারবেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহীনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। যোগাযোগ করলে জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ প্রথম আলোকে বলেন, অপরাধী যে দলেরই হোক, তাঁকে অপরাধী হিসেবেই দেখবে সরকার। বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। জেলা পরিষদের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Read full story at source