প্রথম আলোর নাজনীন আখতারসহ ২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
· Prothom Alo

গণমাধ্যমে প্রকাশিত–প্রচারিত সেরা প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ২২ সাংবাদিক। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। ‘কারাগারে জন্ম, সেখানেই বেড়ে ওঠে ওরা’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি পুরস্কার পেয়েছেন।
Visit mwafrika.life for more information.
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিআরইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে মোট ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। প্রত্যেক বিজয়ী ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থপুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি সাংবাদিকতার গুণগত পরিবর্তন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সময়ে নীতি-নৈতিকতার অবক্ষয় ও নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হওয়ার সংকট শুধু সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যেও কমবেশি রয়েছে। তবে অনেক সাংবাদিক সমাজে সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। সত্য তুলে ধরা, জনগণকে সঠিক তথ্য জানানো, রাষ্ট্র ও সমাজের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়াই সাংবাদিকদের দায়িত্ব।
অর্থমন্ত্রী বলেন, অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নাগরিক সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে গণমাধ্যমের পরিসর অনেক বেড়েছে। এতে সাংবাদিকতার ক্ষেত্র আরও জটিল হয়ে উঠেছে। এই বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে দেওয়া আগের চেয়ে কঠিন। তাই সাংবাদিকতাকে আরও নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য করে তোলা সময়ের দাবি। দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ (পুরস্কার) সাংবাদিকতায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানান।
জাতীয় বাজেটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব দেওয়া হলে প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। পাশাপাশি নগদ আগামীতেও ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বাস্তবায়নে পাশে থাকার প্রত্যয় জানায়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—
প্রিন্ট ও অনলাইন: নারী, শিশু ও মানবাধিকারে নাজনীন আখতার (প্রথম আলো), মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে ফয়সাল খান (দেশ রূপান্তর), শিক্ষায় রাহুল শর্মা (আজকের পত্রিকা), স্বাস্থ্যে সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম), বিদ্যুৎ ও জ্বালানিতে মুহাম্মদ শাহেদ সিদ্দিকী (যুগান্তর), আর্থিক খাতে সাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), অপরাধ ও আইনশৃঙ্খলায় মো. তৌহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪ডটকম), আর্থিক অন্তর্ভুক্তি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে মিজান চৌধুরী (আগামীর সময়), রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশনে দীপন নন্দী (ডেইলি স্টার), ক্রীড়ায় আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), কৃষি ও পরিবেশে ওয়াসিম বিন হাবিব (ডেইলি স্টার), সুশাসন ও দুর্নীতিবিষয়ক অনুসন্ধানে এফ এম আবদুর রহমান মাসুম (ঢাকা পোস্ট ডটকম), নগরীর সমস্যা ও সম্ভাবনায় মোহাম্মদ হেলিমুল আলম (ডেইলি স্টার), কূটনীতি ও জনশক্তিতে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), সামগ্রিক অর্থনীতিতে শাহ আলম খান (আজকের পত্রিকা)।
টেলিভিশন ও রেডিও: রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশনে পারভেজ রেজা (চ্যানেল ওয়ান), বিদ্যুৎ ও জ্বালানিতে কেফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), নারী, শিশু, মানবাধিকার ও সুশাসনে মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল ২৪), কৃষি ও পরিবেশে নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতিতে রিমন রহমান (যমুনা টেলিভিশন),অপরাধ ও আইনশৃঙ্খলায় আলমগীর হোসেন (যমুনা টিভি),অনুসন্ধানীমূলক তথ্যচিত্র–অনুষ্ঠানে রাশেদ নিজাম (যমুনা টিভি)।
অতিথিদের সঙ্গে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাওয়া সাংবাদিকেরাপুরস্কারের এবারের আসরে ১০ সদস্যের জুরি বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। সদস্য হিসেবে ছিলেন ইউএনবির সাবেক সম্পাদক ও তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আমাদের বার্তার কনসালটিং এডিটর মনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহেদ চৌধুরী, এনটিভির চিফ নিউজ এডিটর ফখরুল আলম খান কাঞ্চন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান এবং ডিআরইউয়ের সাবেক সভাপতি ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনায় ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সব সময় দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করে আসছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠাসহ ভালো কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এই উদ্যোগ সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকেরা প্রতিনিয়ত ঝুঁকি ও নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাঁদের পেশাগত উৎকর্ষের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করাও ডিআরইউর অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে সংগঠনটি বছরজুড়ে সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
অনুষ্ঠানে ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম ও কবির আহমেদ খান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ বিভিন্ন পর্যায়ের নেতারা।