ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার বাই ডিজাইন’

· Prothom Alo

এক দেশের পোশাক কারখানার বাড়তি কাপড়, অন্য দেশের ব্যবহারের পর ফেলে দেওয়া পোশাক। দুই ধরনের টেক্সটাইল বর্জ্যকে নতুন পণ্য ও ব্যবসার সম্ভাবনায় রূপ দিতে একসঙ্গে কাজ করছেন বাংলাদেশ ও নেদারল্যান্ডসের শিক্ষার্থীরা। তাঁদের এই উদ্যোগের নাম ‘সার্কুলার বাই ডিজাইন’।

ফ্যাশন মানেই নতুন পোশাক, নতুন নকশা আর সময়ের সঙ্গে বদলে যাওয়া ট্রেন্ড। কিন্তু এই চাকচিক্যের আড়ালে জমছে বিপুল পরিমাণ বস্ত্রবর্জ্য। কোথাও পোশাক তৈরির সময় কাপড়ের বাড়তি অংশ ফেলে দেওয়া হচ্ছে, কোথাও আবার কয়েকবার ব্যবহারের পরই পুরোনো হয়ে যাচ্ছে পোশাক। পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরির পাশাপাশি এসব বর্জ্য থেকে যাচ্ছে অব্যবহৃত অবস্থায়। অথচ সঠিক পরিকল্পনা ও সৃজনশীলতায় এই ফেলে দেওয়া কাপড়ই হয়ে উঠতে পারে নতুন পণ্য তৈরির উপকরণ, খুলে দিতে পারে ব্যবসার নতুন সম্ভাবনা।

Visit truewildgame.online for more information.

এমন ভাবনা থেকেই যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা। ‘সার্কুলার বাই ডিজাইন: এ সার্কুলার টেক্সটাইল লিভিং ল্যাব, বাংলাদেশ অ্যান্ড দ্য নেদারল্যান্ডস’ নামের এই প্রকল্পে দুই দেশের শিক্ষার্থীরা কাজ করছেন ফ্যাশনশিল্পের বর্জ্য সমস্যা নিয়ে। তাঁদের লক্ষ্য, ফেলে দেওয়া টেক্সটাইল উপকরণ কাজে লাগিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরি এবং সেগুলোকে বাজারে নেওয়ার বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা তৈরি করা।

দুই দেশের বর্জ্য, সমাধানে একসঙ্গে

বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। দেশের পোশাক কারখানাগুলোতে প্রতিদিনই তৈরি হয় বিপুল পরিমাণ টেক্সটাইল বর্জ্য। কাপড় কাটার পর পড়ে থাকা অংশ, বাতিল উৎপাদন, অব্যবহৃত মজুত ও বাড়তি ফেব্রিক এর মধ্যে উল্লেখযোগ্য। পোশাক ভোক্তার হাতে পৌঁছানোর আগেই তৈরি হয় বলে এগুলোকে বলা হয় ‘প্রি-কনজিউমার’ বর্জ্য।

অন্যদিকে নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশগুলোতে পোশাক ব্যবহারের পর ফেলে দেওয়ার প্রবণতা থেকে তৈরি হচ্ছে ‘পোস্ট-কনজিউমার’ বর্জ্য। অর্থাৎ, এক দেশের সমস্যা পোশাক তৈরির আগের পর্যায়ে, অন্য দেশের সমস্যা ব্যবহারের পরের পর্যায়ে। এই দুই অভিজ্ঞতাকে এক জায়গায় নিয়ে এসেছে প্রকল্পটি।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সার্কুলার ইকোনমি অ্যাকশন প্ল্যান, উৎপাদকের দায়বদ্ধতা এবং টেক্সটাইল বর্জ্য সংগ্রহসংক্রান্ত নীতিমালা আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাজের ধরনেও পরিবর্তন আনছে। ফলে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বর্জ্য কমানো ও পুনর্ব্যবহারের বিষয়টি দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

শ্রেণিকক্ষ থেকে বাস্তব অভিজ্ঞতা

প্রকল্পটিতে অংশ নিয়েছেন মোট ৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে বাংলাদেশের ৩২ জন এবং নেদারল্যান্ডসের দ্য হেগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের (THUAS) ২৭ জন বিজনেস স্টাডিজের শিক্ষার্থী রয়েছেন। তাঁরা ১২টি আন্তদেশীয় দলে ভাগ হয়ে কাজ করেছেন।

এই উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীরা কাজে লাগিয়েছেন কাপড়, উৎপাদনপ্রক্রিয়া ও কারুশিল্প সম্পর্কে তাঁদের জ্ঞান। অন্যদিকে ডাচ শিক্ষার্থীরা যুক্ত করেছেন সার্কুলার বিজনেস মডেল, বাজারের চাহিদা ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে ধারণা। ফলে পণ্য তৈরির পাশাপাশি সেগুলো কীভাবে বাজারে জায়গা করে নিতে পারে, সেই পরিকল্পনাও করেছেন তাঁরা।

বিইউএফটির ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রকল্পটি আলাদা কোনো পাঠ্যবহির্ভূত কার্যক্রম নয়। ‘ট্র্যাডিশনাল ক্রাফটস ইন ফ্যাশন’ কোর্সের অংশ হিসেবেই যুক্ত করা হয়েছে লিভিং ল্যাবটি। অর্থাৎ, পাঠ্যক্রমের মধ্যেই বাস্তব শিল্পসমস্যা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তাঁরা।

শুধু শ্রেণিকক্ষে বসে ধারণা তৈরি নয়, বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীরা পরিদর্শন করেছেন জায়ান্ট গ্রুপের একটি পোশাক কারখানা। সেখানে তাঁরা দেখেছেন, উৎপাদনের কোন পর্যায়ে বাড়তি কাপড় ও বর্জ্য তৈরি হয় এবং সেগুলো কীভাবে বাছাই, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। কারখানার বাস্তব পরিস্থিতি বুঝে উপকরণের পরিমাণ, আকার, রং ও গঠন বিবেচনায় নিয়ে তৈরি করেছেন নিজেদের পণ্যের পরিকল্পনা।

বর্জ্য থেকে পণ্য, সঙ্গে ব্যবসার পরিকল্পনা

অক্টোবর ও নভেম্বরজুড়ে ১২টি দল কাজ করেছে নিজেদের ধারণাকে বাস্তবে রূপ দিতে। প্রতিটি দল তৈরি করেছে বর্জ্য কাপড় দিয়ে একটি করে প্রোটোটাইপ বা নমুনা পণ্য। পাশাপাশি প্রস্তুত করেছে ব্যবসায়িক মডেল, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এবং পাঁচ মিনিটের ভিডিও পিচ।

এখানে শুধু সৃজনশীল নকশাই বিবেচ্য নয়। একটি পণ্য তৈরি করা সম্ভব কি না, উৎপাদন খরচ কেমন হতে পারে, বাজারে তার চাহিদা থাকবে কি না—এসব বিষয়ও শিক্ষার্থীদের ভাবতে হয়েছে। অর্থাৎ, ফেলে দেওয়া কাপড় দিয়ে আকর্ষণীয় কিছু তৈরি করার পাশাপাশি সেটিকে বাণিজ্যিকভাবে কার্যকর করার পথও খুঁজেছেন তাঁরা।
প্রকল্পটির মূল ভাবনা ‘রিথিঙ্ক’। অর্থাৎ, বর্জ্য তৈরি হওয়ার পর সেটি কীভাবে কাজে লাগানো যায়, শুধু তা ভাবলেই হবে না; বরং নকশা ও উৎপাদনের শুরু থেকেই কীভাবে বর্জ্য কমানো সম্ভব, সেটিও বিবেচনায় নিতে হবে। প্রয়োজন অনুযায়ী কমানো, পুনর্ব্যবহার, মেরামত ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের মতো পদ্ধতিও গুরুত্ব পেয়েছে।

১২ দলের ভাবনা, বিচার সাত মানদণ্ডে

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে প্রকল্পটির ‘স্টুডেন্ট পিচ ডে’। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথি ও বিচারকদের সামনে নিজেদের তৈরি প্রোটোটাইপ তুলে ধরেন। এরপর ১২টি দল পাঁচ মিনিটের ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের পণ্য ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে। প্রতিটি দলের জন্য ছিল দুই মিনিটের প্রশ্নোত্তর পর্ব।

দলগুলোর কাজ মূল্যায়নে রাখা হয় সাতটি মানদণ্ড। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবহারের কার্যকারিতা, প্রোটোটাইপের মান, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, টেকসই ব্যবসায়িক মডেল, বাজারের উপযোগিতা, ভিডিও পিচের উপস্থাপনা এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের মধ্যে দলগত সমন্বয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ফ্যাশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রকল্পের নেতৃত্বে থাকা শর্মিলী সরকার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রকৌশলী নুরুল হক, বায়লা (BAYLA)-এর পরিচালক ও লিথি গ্রুপের পরিচালক লিথি মহিউদ্দিন এবং জায়ান্ট গ্রুপের এজিএম (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) শামসুদ্দিন শামস। অনুষ্ঠানে নেদারল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনলাইনে যুক্ত হন।

বাংলাদেশের উদ্যোগের আন্তর্জাতিক প্রদর্শনী

নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির (RVO) মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রকল্পটি। বাস্তবায়নে রয়েছে নাফিক (Nuffic), বিইউএফটি ও দ্য হেগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস। প্রকল্পের কেস ওনার হিসেবে কাজ করছে বায়লা (BAYLA)। শিল্পক্ষেত্রের বাস্তব চ্যালেঞ্জ ও কারখানা পরিদর্শনের সুযোগ দিয়েছে জায়ান্ট গ্রুপ।

ঢাকার পিচ ডে-র পাশাপাশি একই দিন সন্ধ্যায় নেদারল্যান্ডসের দ্য হেগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসেও হাইব্রিড পদ্ধতিতে লিভিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়েছে। সেখানে থাকছে শিক্ষার্থী দলের উপস্থাপনা ও সমাপনী অনুষ্ঠান।

আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শোকেসে ঘোষণা করা হবে নেদারল্যান্ডসে প্রদর্শনের জন্য নির্বাচিত দলগুলোর নাম। নির্বাচিত শিক্ষার্থীদের তৈরি পণ্য প্রদর্শিত হবে দেশটিতে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের বর্জ্যকে নতুনভাবে কাজে লাগানোর ভাবনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

ফ্যাশনশিল্পে টেকসই ভবিষ্যৎ গড়তে শুধু নতুন উপকরণ খোঁজা নয়, বিদ্যমান উপকরণের সর্বোচ্চ ব্যবহারও জরুরি। ‘সার্কুলার বাই ডিজাইন’ সেই ভাবনাকেই সামনে আনছে। দুই দেশের শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতার সমন্বয়ে এই উদ্যোগ দেখাচ্ছে, ফেলে দেওয়া কাপড়ও হতে পারে নতুন নকশার অনুপ্রেরণা, পরিবেশবান্ধব পণ্যের উপকরণ এবং সম্ভাবনাময় ব্যবসার ভিত্তি।

ছবি: আনাস আব্দুল্লাহ

Read full story at source