ফেসবুক নয়, হাতে ধরিয়ে দিচ্ছে নব্বইয়ের বুকলেট—ঈদে চমক ‘বনলতা এক্সপ্রেস’

· Prothom Alo

নব্বইয়ের দশকে বাংলা সিনেমা মুক্তির আগে একসময় বুকলেটের চল ছিল। সেসব বুকলেটজুড়ে থাকত সিনেমার চরিত্রের সারসংক্ষেপ, সংলাপ থেকে গানের কথা। এর সঙ্গে তারকাদের নামে বের হতো ভিউকার্ড। অনেকেই এসব জমাতেন। এখন সবকিছু ডিজিটাল, ফেসবুক কার্ড আর পিডিএফে বন্ধী সব প্রমোশন।

এর মধ্যে ব্যতিক্রম এক প্রচারণার উদ্যোগ নিয়েছে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা, প্রচারণায় তারা ফিরিয়ে আনল নস্টালজিক বুকলেট।

Visit een-wit.pl for more information.

‘বনলতা এক্সপ্রেস’–এ সাবিলা নূর। অভিনেত্রীর ফেসবুক থেকে

যা আছে বুকলেটে
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। বুকলেটটিও শুরু হয়েছে হুমায়ূন আহমেদকে দিয়ে, যেখানে লেখা হয়েছে—‘হুমায়ূন আহমেদের উপন্যাস ‘‘কিছুক্ষণ’’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক তানিম নূর নির্মাণ করেছেন ‘‘বনলতা এক্সপ্রেস’’। জীবনের সৌন্দর্য আর তার ক্ষণস্থায়ী রূপের প্রতি এক অনন্য সিনেমাটিক শ্রদ্ধাঞ্জলি।’ এরপর আসে সিনেমার সারসংক্ষেপ, যেখানে ২০০৭ সালের ডিসেম্বরের এক কুয়াশাচ্ছন্ন বিকেলে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’–এর যাত্রার গল্প উঠে এসেছে।

বুকলেটের বেশির ভাগ পাতাজুড়ে উঠে এসেছে চরিত্রগুলো, যেখানে প্রথমেই আসে প্রফেসর রশীদ উদ্দিন চরিত্র। চরিত্রটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। এরপর মন্ত্রী আবুল খায়ের খান চরিত্রে চঞ্চল চৌধুরী, মন্ত্রীর স্ত্রী সুরমা চরিত্রে আজমেরী বাঁধন, ড. আশহাব চৌধুরী চরিত্রে শরীফুল রাজ, চিত্রা চরিত্রে সাবিলার বর্ণনা দেওয়া হয়েছে। আরও আছেন আজিজুর রহমান চরিত্রে শ্যামল মাওলা, আফিয়া চরিত্রে জাকিয়া বারী মম। অন্যান্য চরিত্রের নাম ও শিল্পীদের তালিকাও আছে বুকলেটে।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার নেপথ্যের মানুষদের নামও আছে বুকলেটটিতে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া, চিত্রগ্রহণে বরকত হোসেন পলাশ, সংগীত জাহিদ নিরব, শিল্প নির্দেশনায় রাজিম আহমেদ। ছবিটির কাস্টিং ও কস্টিউম করেছেন তানিয়া রহমান। আর সম্পাদনায় সালেহ সোবহান অনীম।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার নির্মাতা ও শিল্পীরা

যেভাবে পরিকল্পনা হলো

এ সিনেমায় পৃষ্ঠপোষকতার জন্য কয়েকটি প্রতিষ্ঠানে প্রেজেন্টেশন জমা দিয়েছিলেন নির্মাতা তানিম নূর। সেখানে গ্রাফিক্যালি উঠে এসেছিল বিভিন্ন চরিত্র ও গল্পের নানা দিক। বিষয়টি বেশ পছন্দ হয় ‘বনলতা এক্সপ্রেস’–এর অন্যতম প্রযোজক হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খানের। তিনি তখন এটি নিয়ে একটি বুকলেট বানানোর পরিকল্পনা করেন। তাঁর পরিকল্পনা ছিল, একটা ট্রেন জার্নিতে যেহেতু এ সিনেমার গল্প বলা হবে, তাই ট্র্যাভেলারদের যদি এমন কিছু দেওয়া যায়, তাহলে দারুণ কিছু হবে।

প্রথম আলোকে সাকিব আর খান বলেন, ‘প্রেজেন্টেশনটা দেখার পর টিমের সঙ্গে আমার পরিকল্পনা শেয়ার করি, কী হতে যাচ্ছে, কী হবে তা তখন মাথায় ছিল না। তখন আমি হইচইয়ের সিনিয়র ম্যানেজার (কনটেন্ট) জাহিদুল হক অপুকে এর দায়িত্ব দিই। এরপর ও অনেক কিছু কারেকশন করে সুন্দর একটা ডিজাইন করে এ বুকলেটটা বানায়।’

সাকিব আর খান আরও জানান, ঈদে আকাশপথে দেশের বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীদের হাতে এ বুকলেট তুলে দিচ্ছেন তাঁরা। তিনি বলেন, ‘প্রথমে পরিকল্পনা ছিল ট্রেন, কিন্তু স্টেশনে অনেক চাপ, সঙ্গে সেখানে অনেক যাত্রী, এরপর শুধু ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীদের নিয়েই পরিকল্পনা করি। ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া বিমানে এই বুকলেট পৌঁছে দেওয়া হচ্ছে। শিল্পীরাও থাকবেন, আজ বুধবার সাবিলা নূর আর শরীফুল রাজ থাকবেন।’

‘তাই বলে কবিতা লেখার জন্য মন্ত্রিত্ব চলে যাবে?’

বুকলেট নিয়ে হইচইয়ের সিনিয়র ম্যানেজার (কনটেন্ট) জাহিদুল হক অপু প্রথম আলোকে বলেন, ‘নব্বইয়ের নস্টালজিক আবহ আনতে চেয়েছিলাম। সবাই যেন একটা সুন্দর-ঝকঝকে বুকলেট হাতে পান, সে চেষ্টা করেছি। প্রতিটা চরিত্রের বর্ণনা বাংলার পাশাপাশি ইংরেজিতেও দেওয়া আছে। বুকলেটে সাদা পাতাও রাখা আছে, কেউ তাঁর মন্তব্য লিখতে পারবেন সেখানে, ডায়েরির মতো ব্যবহার করতে পারবেন।’

তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় রাজ ও সাবিলা ছাড়াও আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ অনেকে। ঈদে বাংলাদেশে মুক্তির পর ৩ এপ্রিল উত্তর আমেরিকা ও ইউরোপে একযোগে ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহপ্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওজ, সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশনস।

Read full story at source