কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি কাল
· Prothom Alo

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় করা মামলায় আসামি মো. ইমান উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর রিমান্ড শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম আজ রোববার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন।
Visit extonnews.click for more information.
আজ দুপুরে আসামি মো. ইমান উল্লাহকে (৫০) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, যার মধ্যে একজন শিশু ও দুজন নারী রয়েছেন।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জুয়েল রানা কারখানাটির মালিক মো. আকরাম উল্লাহ আকরাম, তাঁর ছেলে আহনাফ আকিফ আকরাম, ইমান উল্লাহসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনকে আসামি করে মামলা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি মো. ইমান উল্লাহসহ অজ্ঞাতনামা আরও পাঁচ–সাতজনের প্রত্যক্ষ সহযোগিতায় আকরাম উল্লাহ আকরাম ও তাঁর ছেলে আহনাফ আকিফ আকরাম জনবহুল এলাকায় অবৈধভাবে ৮–১০ বছর ধরে ৫০–৬০ জন শিশু, নারী ও পুরুষ শ্রমিক নিয়ে ফ্যাক্টরিটি চালিয়ে আসছিলেন। একাধিকবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফ্যাক্টরিটি বন্ধ ও সিলগালা করলেও মো. ইমান উল্লাহসহ অজ্ঞাতনামা পাঁচ–সাতজনের প্রত্যক্ষ সহযোগিতায় কারখানার মালিক ও তাঁর ছেলে পেশিশক্তি ব্যবহার করে আবার ফ্যাক্টরিটির সামনের গেটে তালা দিয়ে ভেতরে লুকিয়ে বিপজ্জনক দাহ্য পদার্থ দিয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, ওই কারখানায় যেকোনো সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এতে বহু লোক হতাহত হতে পারে জানার পরও আসামিরা ইচ্ছাকৃতভাবে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে কোনো অগ্নিনির্বাপণব্যবস্থা রাখেননি।