ঈদে খাবার হজমে সাহায্য করে যেসব বিষয়
· Prothom Alo
ঈদ উৎসবে আমরা উচ্চ ক্যালরিযুক্ত নানা ধরনের খাবার খাই। ঈদুল আজহা হলে তো কথাই নেই। নানা রকমের মাংসের পদ তো থাকেই, সঙ্গে থাকে তৈলাক্ত নানা খাবার। এ ধরনের খাবার খাওয়ার পর বদহজম হতেই পারে। খাবার খাওয়ার পর কিছু কাজ করলে হজম ভালো হয় এবং সুগার নিয়ন্ত্রণে থাকে, জানা যাক এ বিষয়ে।
খাবার ঠিকমতো হজম করতে যা করবেন
যত রিচ ফুডই খান না কেন, টেবিলে কিছু শাকসবজি, ফল, সালাদ রাখুন।
Visit h-doctor.club for more information.
মাংস বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাই প্রচুর পানি খান। ইসবগুলের ভুসি খেতে পারেন।
খাবার ভালো করে চিবিয়ে খান। তাড়াহুড়া করে খাবেন না।
নানা রকম ভেষজ, যেমন আদাকুচি, জিরা, হলুদ, খাবার বা পানীয়র সঙ্গে খান।
দুশ্চিন্তা এড়ানোর চেষ্টা করুন। স্ট্রেস অনেক সময় বদহজমের কারণ।
মনে রাখবেন
কোনো বিশেষ খাবার খেলে হজমের সমস্যা হয় কি না। দরকার হলে সেই বিশেষ খাবার এড়িয়ে চলুন।
খাওয়ার ঠিক আগে, খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পরপর পানি খেলে হজমের এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না। অন্তত আধা ঘণ্টা আগে বা পরে পানি খাওয়ার চেষ্টা করতে পারেন।
খাওয়ার এক ঘণ্টা পর একটু হাঁটার চেষ্টা করুন।
ডায়াবেটিস থাকলে এবং অনেক দিন অনিয়ন্ত্রিত থাকলে রাতে পেট খারাপ হতে পারে। এটা ডায়াবেটিসের একটি জটিলতা। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন।
দুশ্চিন্তা ও মানসিক চাপ আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের উপসর্গ বাড়ায়। এ ক্ষেত্রে আপনি মেডিটেশন করতে পারেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে এ সমস্যা থেকে নিস্তার পেতে পারেন।
যতটা পারেন ঝালমুক্ত সহজপাচ্য খাবার খান।
ছয় মাস পরপর কৃমিনাশক ওষুধ খাবেন, কিন্তু গর্ভাবস্থায় এটা কখনো খাবেন না।
যাঁদের ছোটবেলা (ছয় মাস বয়স) থেকেই হজমের সমস্যা, তাঁরা গমজাত খাবার এড়িয়ে চলবেন, গমের গ্লুটেনে তাঁদের সমস্যা থাকতে পারে।
যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাঁরা আবার দুধজাতীয় খাবার হজম করতে পারেন না। তাঁদের ল্যাকটোজ ফ্রি দুধ খেতে হবে।
এ ছাড়া তৈলাক্ত খাবার খেলে সমস্যা দেখা দিলে পিত্তথলি, অগ্ন্যাশয়ে কোনো সমস্যা আছে কি না, তা জানতে হবে।