ডাকাতিপুকুর এলাকায় চালককে গাছে বেঁধে ডাকাতি, ভ্যান-টাকাসহ মুঠোফোন লুট
· Prothom Alo

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে স্থানীয় মানুষের খবরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তবে ডাকাতেরা তাঁর টাকা, মুঠোফোন ও ভ্যান নিয়ে পালিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের কাশেমের ছেলে।
Visit casino-promo.biz for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সারা দিন ভ্যান চালিয়ে উপার্জন শেষে রাতে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন থেকে চারজনের একটি ডাকাত দল দেশি অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গতি রোধ করে। পরে তাঁকে জিম্মি করে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় তাঁর কাছে থাকা টাকা, মুঠোফোন ও ভ্যান ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।
ডাকাতেরা চলে যাওয়ার পর ওসমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে রশি দিয়ে বাঁধা অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করেছে। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।