সে পলাতক, বিদেশে আছে! নির্বাচনের এক দিন আগে ওমর সানীর বিস্ফোরক মন্তব্য

· Prothom Alo

ওমর সানী। ছবি: প্রথম আলো

আর মাত্র এক দিন পরই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তার আগেই আলোচনায় এসেছে চিত্রনায়ক ওমর সানীর একটি ফেসবুক পোস্ট। সেই ফেসবুক পোস্ট ঘিরেই চলছে আলোচনা–সমালোচনা। কী লিখেছেন এই নায়ক?

Visit asg-reflektory.pl for more information.

কয়েক দিন ধরেই ওমর সানী শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সক্রিয়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার নতুন করে ফেসবুক পোস্টের কারণে আলোচনার মুখে পড়েছেন। ওমর সানী লিখেছেন, ‘আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যার কারণে শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল, সে পলাতক, বিদেশে আছে। তার গড়া কয়েকজনকে চিহ্নিত করুন। মানুষ ভুল করে একবার, দুইবার, তবে বারবার নয়।’

ওমর সানী

এমন পোস্টেই চলছে নানা মন্তব্য। কেউ কেউ সরাসরি সেই পলাতকের নাম পোস্ট করছেন। অনেকেই মন্তব্য করছেন, শিল্পীর গুরুত্ব দিয়ে এ সমিতি এগিয়ে যাক। লিয়াকত নামের এক ভক্ত লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্রকে সোনালি দিনে ফিরিয়ে আনতে হলে প্রত্যেক শিল্পী–কলাকুশলীদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। চলচ্চিত্রকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে দেওয়া যাবে না। এখনই সময় ফ্যাসিস্টদের বর্জন করা। আশা করি, সবাই আপনার কথা যথাযথভাবে মূল্যায়ন করবেন।’

ওমর সানী। ছবি: ফেসবুক থেকে

এর আগেও শিল্পী সমিতির নির্বাচন ঘিরে মন্তব্যের কারণে আলোচনায় এসেছিলেন এই নায়ক। তিনি এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে ভাইরাল হওয়ার জন্য যাঁরা কাজ করছেন (হাসি), তাঁরা কি আদৌ, কতটুকু শিল্পী, সেটা আমার প্রশ্ন। যাঁরা শিল্পী, তাঁরা কিন্তু আদৌ ভাইরাল হওয়ার চেষ্টা করছেন না।’

শুধু তা–ই নয়, নির্বাচন ঘিরে কথা বলা নিয়ে সবাইকে সতর্ক হওয়ার কথা বলেছেন ওমর সানী। তিনি জানিয়েছিলেন, অনেকেই তাঁর কথাকে বিকৃত করে প্রচার করছেন, ‘কিছুদিন আগে আমাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি নাকি সবাইকে খারাপ বলেছি, সেটা না। এ নিয়ে নানা কথা ছড়ানো হচ্ছে। আসলে যাঁরা না জেনে কথা বলছেন, তাঁরা আগে দেখেন–শোনেন–বোঝেন, তারপরে কথা বলেন।’

একজন শেখায় দেবে ওমর সানীর নামে এগুলো বলেন...এফডিসিতে ওমর সানী। ছবি: ফেসবুক থেকে

এমনকি তাঁর নামেও শিল্পীদের মধ্যে নানা কথা ছড়ানো হচ্ছে। এই অভিনেতা মনে করেন, কোনো কিছু না বলেও তাঁর দায় নিতে হয়েছে, যার সঙ্গে তিনি যুক্ত নন। এ নিয়ে তিনি বলেছিলেন, ‘শিল্পী সমিতির ডাইনে যাবেন, বাঁয়ে যাবেন, একজন শেখায়ে দেবে ওমর সানীর নামে এগুলো বলেন, আর আপনি এ ধরনের কিছু বলা শুরু করবেন। এটা শিল্পীসুলভ আচরণ নয়। আপনাকে বুঝে কথা বলতে হবে। কারণ, আমি বলেছি দু–একজন শিল্পীসত্তাকে ধারণ করে না, তারাও শিল্পী সমিতির দায়িত্ব নিতে চায়। তাদের সম্পর্কে আমি কথা বলেছি। কিন্তু সবাইকে খারাপ কিছু বলিনি।’

Read full story at source