পলকের মামলার শুনানির দিন আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার চারজন রিমান্ডে

· Prothom Alo

গ্রেপ্তার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের মামলার শুনানির দিন আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে গ্রেপ্তার চার যুবককে রিমান্ডে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মোস্তাকিম হোসেন (৫১), মো. নূর আলম (৩৫), মো. রুহুল আমিন (২৯) ও মো. আনোয়ার হোসেন (৪৮)।

Visit afnews.co.za for more information.

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে গতকাল সোমবার আদালতে দেখতে এসে গ্রেপ্তার হন কতিপয় শুভাকাঙ্ক্ষীরা। আদালত চত্বরে কোনো বিশৃঙ্খলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাঁদের আটকের বিষয়টি খুবই উদ্বেগজনক। এর মাধ্যমে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য ২৬ জুলাই। ওই শুনানি উপলক্ষে জুনাইদ আহ্‌মেদ পলকসহ গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যানটিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হন। তাঁরা জুনায়েদ আহ্‌মেদ পলককে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। খবর পেয়ে কোতোয়ালি থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।

পরে আটক ব্যক্তিদের কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সেদিনই (২৬ জুলাই) মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান।

২৭ জুলাই এ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক ইবনে খালিদ হোসেন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারণ করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটির মূল রহস্য উদ্‌ঘাটন, পলাতক আসামিদের অবস্থান চিহ্নিতকরণ এবং অর্থ জোগানদাতা ও চক্রান্তকারীদের খুঁজে বের করতে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে একান্ত প্রয়োজন।

Read full story at source