গ্রিসে মাঝ–আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুজন নিহত

· Prothom Alo

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ–আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

নিহত দুজনের মধ্যে একজন ডেনমার্কের পাইলট। অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের সমন্বয় কর্মকর্তা। অন্য হেলিকপ্টারে থাকা ব্রিটিশ পাইলট ও গ্রিসের একজন সমন্বয়ক বেঁচে আছেন।

Visit palladian.co.za for more information.

রাজধানী এথেন্স থেকে ৬৫ কিলোমিটার (প্রায় ৪২ মাইল) পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার দুটির একটি অন্যটির প্রোপেলারে আঘাত করে। এতে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়। সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

গ্রিসে চলতি সপ্তাহে দাবানল ছড়িয়ে পড়েছে। এ কারণে বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে ইউরোপের আরও কয়েকটি দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে।

গ্রিসের ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গতকাল রোববার দুর্ঘটনার শিকার বেল হেলিকপ্টার দুটি অস্ট্রেলিয়ার কোম্পানি ম্যাকডার্মট এভিয়েশন থেকে লিজ নেওয়া হয়েছিল। গ্রিসের অ্যাটিকা-বোয়েটিয়া সীমান্তে বড় একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার শিকার একটি হেলিকপ্টারের ক্রুদের জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যটির ক্রুদের অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

গ্রিসের বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, এই দুর্ঘটনার পর নিয়ম (প্রটোকল) অনুযায়ী, দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সূত্রটি আরও জানায়, অন্য বেল হেলিকপ্টারটি নিচু গাছপালাযুক্ত একটি এলাকায় জরুরি অবতরণ করতে সক্ষম হওয়ায় সেটি বিধ্বস্ত হয়নি।

হেলিকপ্টার দুটিতে থাকা চার ক্রুর কারও নাম–পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Read full story at source