বিসিএসের পাশাপাশি নজর রাখুন এসব নিয়োগে

· Prothom Alo

৫১তম বিসিএসের (বিশেষ) আবেদন আজ রোববার শেষ হচ্ছে। চিকিৎসকদের জন্য এই নিয়োগের পর চাকরিপ্রার্থীদের নজর এখন ৫২তম সাধারণ বিসিএসের দিকে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী নভেম্বরের মধ্যে এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কথা। তবে বিসিএসে প্রতিযোগিতা তীব্র। লাখ লাখ প্রার্থী আবেদন করলেও ক্যাডার পদে নিয়োগের সুযোগ পান তুলনামূলক কমসংখ্যক প্রার্থী। তাই বিসিএসের পাশাপাশি অন্য সরকারি নিয়োগেও নজর রাখা জরুরি।

Visit michezonews.co.za for more information.

বিসিএসে প্রতিযোগিতা কতটা, সামনে কী

পিএসসির তথ্য অনুযায়ী, ৫০তম বিসিএসে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে পদ ছিল ২ হাজার ১৫০টি। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি। অর্থাৎ মোট পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ১৩৫ গুণ। তবে সব প্রার্থী সব পদের জন্য যোগ্য নন। আগের বিসিএসগুলোর তথ্যেও তীব্র প্রতিযোগিতার চিত্র স্পষ্ট। ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন। ৪৪তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৭১৬। ৪৫তম বিসিএসে ছিল প্রায় ৩ লাখ ১৮ হাজার এবং ৪৬তম বিসিএসে প্রায় ৩ লাখ ৩৮ হাজার। ৪৭তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন।

ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ

৪৭তম বিসিএসের চূড়ান্ত সুপারিশেও পদ ও নিয়োগের ব্যবধান দেখা গেছে। এ পরীক্ষায় ৩ হাজার ৬৬৩টি ক্যাডার পদের বিপরীতে ১ হাজার ৩২০ জনকে সুপারিশ করা হয়। পাশাপাশি নন-ক্যাডার পদে সুপারিশ পান ২০১ জন। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে সুপারিশ করা হয় ১ হাজার ৫২১ জনকে। পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু পদে সুপারিশ করা সম্ভব হয়নি।

সামনে তাই ৫২তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ। পিএসসির ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে কত পদে নিয়োগ দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। পদসংখ্যা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা ও পিএসসির চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

বিসিএসের বাইরে যেসব নিয়োগে নজর রাখবেন

পিএসসির নন-ক্যাডার নিয়োগ

বিসিএসের বাইরে সরকারি চাকরির বড় একটি সুযোগ নন-ক্যাডার পদ। পিএসসি ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ৮৩–৯৬ নম্বর সমন্বিত বিজ্ঞপ্তিতে ১৪ ধরনের পদে ১৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে আবেদন শুরু হবে ১ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পদগুলোর মধ্যে সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন পেশাগত ও কারিগরি পদ রয়েছে। আইন বিষয়ে পড়াশোনা করা প্রার্থীদেরও সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত মিলিয়ে দেখা উচিত।

উচ্চতর গ্রেডের নন-ক্যাডার পদ

পিএসসি ৭৮–৮২ নম্বর বিজ্ঞপ্তিতে উচ্চতর বেতন স্কেলের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। এসব পদে আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা যাচাই করতে হবে। সব পদ নতুন স্নাতকদের জন্য নয়; কিছু পদে নির্দিষ্ট পেশাগত যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন। আবেদন শুরু ১ নভেম্বর দুপুর ১২টায় এবং শেষ ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)

২৭৪টি পদে নিয়োগের আবেদন চলছে। পদগুলোর মধ্যে প্রশাসন, হিসাব, নিরাপত্তা, প্রকৌশল ও রসায়ন-সংশ্লিষ্ট পদ রয়েছে। নবম গ্রেডে বেতন ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০–৭৭,৩০০ টাকা। আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর। শেষ হবে ১২ নভেম্বর বিকেল ৫টায়। সাধারণ প্রার্থীর আবেদন ফি ২২৩ টাকা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

১৬ ধরনের পদে ২২৮ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদে ৯৩ জন এবং প্রশিক্ষক পদে ৭৬ জন নেওয়া হবে। পদগুলো ১৩তম থেকে ২০তম গ্রেডের। বেতন স্কেল ২০,০০০ থেকে ৫৮,০০০। আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর। শেষ তারিখ ২৯ অক্টোবর। পদভেদে আবেদন ফি ৫০ বা ১০০ টাকা।

বাংলাদেশ পুলিশ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন চলছে। এসএসসি বা সমমানে অন্তত জিপিএ–২.৫০ পাওয়া প্রার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর। এটি ১৭তম গ্রেডের পদ; বেতন স্কেল ৯,০০০–২১,৮০০। প্রশিক্ষণকালে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হবে এবং সরকারি বিধি অনুযায়ী প্রশিক্ষণ ভাতা পাওয়া যাবে। আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর। শেষ তারিখ ৩০ অক্টোবর। আবেদন ফি ৬৫ টাকা।

উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে

কর অঞ্চলসমূহে নিয়োগ (জাতীয় রাজস্ব বোর্ড)

এনবিআরের অধীন দেশের বিভিন্ন কর অঞ্চলে সম্প্রতি সহকারী প্রধান হিসাবরক্ষণ, সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত বয়স ও যোগ্যতার শর্তে প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারছেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি

বাংলাদেশ ব্যাংকের অধীন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সমন্বিত পদ্ধতিতে অফিসার (সাধারণ), অফিসার (ক্যাশ) ও সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। একটিমাত্র আবেদনের মাধ্যমে একাধিক ব্যাংকে নিয়োগের সুযোগ থাকায় ব্যাংক জব প্রত্যাশীদের ই-রিক্রুটমেন্ট পোর্টালে (erecruitment.bb.org.bd) নিয়মিত চোখ রাখা দরকার।

সরকারি চাকরিতে বেতনের পাশাপাশি বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা প্রযোজ্য হতে পারে। তবে সুযোগ-সুবিধা পদ ও প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে ভিন্ন হয়। আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি থেকে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, ফি ও শেষ তারিখ মিলিয়ে নিতে হবে।

Read full story at source