চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’র চমক পরীমনির

· Prothom Alo

চিত্রনায়িকা পরীমনির এবারের জন্মদিনের আয়োজন সাজানো হয় শিউলি ফুলে। এ জন্য চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। তবে কে সেই ব্যক্তি, জানা যায়নি। এমন ভালোবাসায় মুগ্ধ পরীমনি। জন্মদিনের আয়োজনে নিজেও দিয়েছেন সারপ্রাইজ—ঘোষণা করেছেন তাঁর নতুন সিনেমা ‘ফারজানা’র। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন অভিনেত্রী।

Visit extonnews.click for more information.

গতকাল শনিবার ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন করেন পরীমনি। অনুষ্ঠানের সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে হাজির হন তিনি। সাজসজ্জা থেকে পোশাক—সবকিছুতেই ছিল শিউলির ছোঁয়া।

পরীমনি

পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। কিন্তু একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।’

চট্টগ্রাম থেকে উড়োজাহাজে ফুল পাঠানো হলেও সবটুকু কাজে লাগাতে পারেননি বলে জানান পরীমনি। তাঁর ইচ্ছা ছিল, পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানের মতো সাজাবেন। কিন্তু তা সম্ভব হয়নি। তাই সাজসজ্জার পাশাপাশি নিজের পোশাকেও শিউলি ফুলের আবহ রেখেছেন তিনি।

অনুষ্ঠানে নতুন সিনেমার খবরও দেন পরীমনি। ‘ফারজানা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।’

পরীমনি

সিনেমাটির কাজের অগ্রগতি জানিয়ে পরীমনি বলেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব।’

‘ফারজানা’ সিনেমার পোস্টার

অনুষ্ঠানে পরিচালক তারেক রহমান সিনেমাটি নিয়ে তাঁর আশাবাদের কথা শোনালেন। তিনি বললেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমনির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’

জন্মদিনের আয়োজনের একপর্যায়ে দীর্ঘদিন ধরে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি। তাঁদের এই ভালোবাসার প্রতিদান ভালো কাজের মাধ্যমেই দিতে চান বলেও জানালেন।

পরীমনি বলেন, ‘শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’

Read full story at source