ডায়াবেটিস চিকিৎসায় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি

· Prothom Alo

ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ বিষয়ে এ বৈঠকের আয়োজক এন্ডোক্রাইন সোসাইটি। প্রচার সহযোগী প্রথম আলো।

Visit mchezo.life for more information.

দেশে ডায়াবেটিসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে দুই কোটির বেশি মানুষ এ রোগে আক্রান্ত। তাঁদের বড় একটি অংশের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই। অনিয়মিত চিকিৎসা, ওষুধের ব্যয়, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট এবং শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা উঠে আসে। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়। আয়োজক বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি; প্রচার সহযোগী প্রথম আলো। বৈঠকের সায়েন্টিফিক পার্টনার ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

আলোচনায় নীতিনির্ধারক, চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদ্‌রোগ, কিডনি, চোখ ও স্নায়ুর নানা জটিলতা দেখা দেয়। এসব রোগের চিকিৎসায় দেশে আলাদা বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট থাকলেও ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের জন্য এ ধরনের সরকারি জাতীয় প্রতিষ্ঠান নেই। চাপ সামাল দিতে দেশে এখন একটি জাতীয় এন্ডোক্রাইন ও ডায়াবেটিস ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি। এ ধরনের প্রতিষ্ঠান চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও গবেষণার কাজও করতে পারবে। গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যবিশেষজ্ঞরা দেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা

প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে

আলোচনায় দেশে বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাংলাদেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ এখন মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। ডায়াবেটিস এখন আর শুধু নীরব ঘাতক নয়, বেশির ভাগ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি একটি এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় বলে তিনি জেনেছেন। এ উদ্যোগে তাঁর সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

চিকিৎসকদের পরামর্শ মেনে চললে এবং ব্যক্তিগতভাবে সচেতন হলে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জটিলতা গুরুতর পর্যায়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাঁর মতে, এ জন্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

ডায়াবেটিসের চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ফারিয়া আফসানা। তিনি এ জন্য এন্ডোক্রাইনোলজিস্টের পাশাপাশি পুষ্টিবিদ, ডায়াবেটিস বিষয়ে প্রশিক্ষিত শিক্ষাকর্মী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞদের একসঙ্গে কাজ করার কথা বলেন।

ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত আধুনিক অনেক ওষুধ এখন বাংলাদেশে পাওয়া যায়। নতুন প্রজন্মের ইনসুলিনের পাশাপাশি স্থূলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত জিএলপি-১ ও জিআইপিভিত্তিক ওষুধও দেশে রয়েছে। তবে কিছু ওষুধের সংকট আছে। এন্ডোক্রাইন রোগ শনাক্তের পরীক্ষায় ব্যবহৃত সিনাকথিন ইনজেকশন সব সময় পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে বিদেশ থেকে ওষুধ আনতে হয়। এসব ওষুধের নিয়মিত প্রাপ্যতা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসা আরও সহজ হবে।

সমন্বিত চিকিৎসা নিশ্চিত করতে হবে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম সিদ্দিকী বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দুই কোটির বেশি। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হতে পারে। ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম জরুরি বলে মত দেন তিনি।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে একজন মানুষকে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটার পরামর্শ দিয়ে এফ এম সিদ্দিকী বলেন, ডায়াবেটিসের সঙ্গে স্থূলতা, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বির আধিক্য, হৃদ্‌রোগ ও কিডনির সমস্যা থাকতে পারে। তাই শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, রোগীর অন্যান্য শারীরিক জটিলতা বিবেচনায় নিয়ে সমন্বিত চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।

ডায়াবেটিস চিকিৎসায় দেশে সরকারি উদ্যোগে একটি এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি বলে মত দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠান বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, সাধারণ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গবেষণার কাজ করবে। তিনি বলেন, দেশে অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের জন্য একাধিক বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান থাকলেও ডায়াবেটিসের জন্য এমন প্রতিষ্ঠান নেই। ডায়াবেটিসের চিকিৎসাসেবা উপজেলা ও জেলা পর্যায়েও বিস্তৃত করতে হবে।

গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সন্তান নেওয়ার আগেই মায়ের রক্তে শর্করা পরীক্ষা ও নিয়ন্ত্রণ করার কথা বলেন বাংলাদেশ মেডিকেল কলেজের গাইনোকোলজি ও অবস্টেট্রিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সেহেরীন এফ সিদ্দিকা। সন্তান নেওয়ার আগেই মায়েদের ডায়াবেটিস শনাক্ত ও নিয়ন্ত্রণ করে নিরাপদ, ডায়াবেটিসমুক্ত গর্ভধারণ নিশ্চিতের পরামর্শ দিয়ে তিনি বলেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও সন্তান—দুজনের জন্যই ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় থেকেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা (ব্লাড সুগার টেস্ট) করা প্রয়োজন। এ ছাড়া গর্ভকালীন খাদ্যাভ্যাসসহ অন্যান্য প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম সাইফুদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে হালনাগাদ ডায়াবেটিস ব্যবস্থাপনা গাইডলাইন তৈরি করা জরুরি। পাশাপাশি চিকিৎসকদের জন্য সহজ ভাষায় সংক্ষিপ্ত চিকিৎসা নির্দেশনা প্রণয়নের কথাও বলেন তিনি।

আরও বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক মেসবাহ উদ্দিন নোমান, এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা শরীফুজ্জামান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম, পিএইচডি গবেষক আফসার আহমেদ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসির ন্যাশনাল সেলস ম্যানেজার মো. একরামুল হক। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।

Read full story at source