‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’
· Prothom Alo

১৪ বছরের ছেলেটি আইসিইউতে। বাইরে দোয়া করছেন মা। তিনি বলছেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’
Visit playerbros.org for more information.
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে গিয়ে সোনিয়া আক্তারকে দেখা যায়। তাঁর ছেলের নাম আজিজুল ইসলাম সিয়াম।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতররাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউনারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত আজিজুলকে ঢাকায় আনা হয়েছে। মা প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে কোরআনের হাফেজ বানাতে চেয়েছি। এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করেছি। সিয়াম ১৪ বছর বয়সেই হাফেজ হয়েছে। আল্লাহর কিতাব পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, তোমার কিতাব পড়ছে, তুমি রহম করলে ছেলে সুস্থ হয়ে উঠবে।’
গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রাতে থাকত।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে দুই শিক্ষার্থীকেপ্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন লাগার পরপরই বিদ্যুৎ চলে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় আগুনের ধোঁয়ায় সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। কী কারণে আগুন লেগেছে, তারা জানে না।
সোনিয়া আক্তার বলেন, তাঁদের বাড়ি থেকে মাদ্রাসার দুরত্ব দু–তিন মিনিটের। রাতে যখন আগুন লাগে, তখন তিনি ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তাঁর ঘুম ভাঙে।
এই মা বলেন, ‘আমার ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। মুখে অক্সিজেন লাগিয়ে রেখেছে। সকালে একবার দেখে এসেছি। সিয়ামের বাবা সৌদি আরবে থাকেন। গত মাসের ৪ তারিখে তিনি আবার সেখানে চলে গেছেন। ছেলের খবর জানার জন্য বারবার ফোন দিচ্ছেন। আমি তাকে কী বলব বুঝতে পারছি না। ডাক্তাররা বলছেন, চিন্তা না করতে। কিন্তু মন তো মানে না। আল্লাহ, তুমি রহম করো।’
হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে বলেন, ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে সিয়ামকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৭৯ জন শিক্ষার্থী চিকিৎসার জন্য এসেছেন বলে জানালেন এই চিকিৎসক। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। কমবেশি সবাই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। শ্বাসনালি আক্রান্ত হয়েছে। তিনি বলেন, আহত শিক্ষার্থীদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রয়োজনীয় চিকিৎসা ও শেষে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য ১০-১২ জনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর