জাতীয় জাদুঘরে বিনা মূল্যে শিক্ষাসফর, কীভাবে যাবেন, কী কী সুবিধা পাবেন

· Prothom Alo

ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের নানা নিদর্শন দেখতে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। সপ্তাহের প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ বা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

Visit somethingsdifferent.biz for more information.

শিক্ষার্থীরা প্রতি মঙ্গলবার প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে জাতীয় জাদুঘরে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে

এখন থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা বিনা মূল্যে জাতীয় জাদুঘর ঘুরে দেখতে পারবে। শুধু তা-ই নয়, শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য থাকছে গাইডের মাধ্যমে গ্যালারি পরিদর্শন, হালকা নাশতা ও কুইজের আয়োজন। গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

১১ নভেম্বর বুধবার জাদুঘর পরিদর্শনে গিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন প্রশিক্ষক ইকবাল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই জাতীয় জাদুঘরের অন্যতম প্রধান লক্ষ্য। মঙ্গলবার বিনা মূল্যে প্রবেশের এই সুযোগ এবং শিক্ষাসফরের বিশেষ আয়োজন মূলত তাদের জাদুঘরমুখী করতেই নেওয়া হয়েছে। আমরা চাই, দেশের প্রতিটি প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসুক এবং নিজেদের শিকড়কে কাছ থেকে জানুক।’

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেনজাতীয় জাদুঘর সপ্তাহের প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ বা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে

মঙ্গলবার ‘চিলড্রেন ডে’

প্রতি মঙ্গলবার প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বা আইডি কার্ড দেখিয়ে জাতীয় জাদুঘরে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা। দলগতভাবে এলে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা থাকতে হবে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। তাদের সঙ্গে আসা শিক্ষকেরাও বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।

শিক্ষার্থীদের জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখানোর জন্য থাকবেন নির্ধারিত গাইড। তাঁদের সহায়তায় শিক্ষার্থীরা ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নানা নিদর্শন সম্পর্কে জানতে পারবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে।

পুরো জাদুঘর ঘুরে দেখতে সময় লাগবে দেড় থেকে দুই ঘণ্টা। পরিদর্শন শেষে সবাই এক জায়গায় জড়ো হলে শুরু হবে আনন্দ আয়োজন। শিক্ষার্থীদের জন্য থাকবে পানি, চকলেট, শিঙাড়া, সমুচাসহ হালকা নাশতার ব্যবস্থা। এরপর জাদুঘর ঘুরে যা দেখা হয়েছে, তার ওপর আয়োজন করা হবে তাৎক্ষণিক কুইজ। বিজয়ী তিনজনকে জাতীয় জাদুঘরের লোগো–সংবলিত বিশেষ পানির বোতলসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

একসঙ্গে সর্বোচ্চ ২৫০ শিক্ষার্থী জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে। শিক্ষার্থীর সংখ্যা ৫০০ বা তার কাছাকাছি হলে তাদের আনুপাতিক হারে দুটি দলে ভাগ করা হবে। এক দলের পরিদর্শন শেষ হলে অন্য দল জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে।

ঢাকার কাছেই আপনার জন্য অপেক্ষা করছে এই নদীর পাড়, পূজার ছুটিতে ঘুরে আসতে পারেনএকসঙ্গে সর্বোচ্চ ২৫০ শিক্ষার্থী জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে

দলগত শিক্ষাসফরে আসার নিয়ম

আবেদন করতে হবে আগেই: স্কুল বা মাদ্রাসার শিক্ষার্থীরা দলগতভাবে জাদুঘর পরিদর্শনে আসতে চাইলে অন্তত এক সপ্তাহ আগে বাংলাদেশ জাতীয় জাদুঘর বরাবর লিখিত আবেদন করতে হবে। আবেদনে কতজন শিক্ষার্থী ও শিক্ষক আসবেন এবং কোন তারিখে আসবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

অভিভাবকদের জন্য টিকিট: শিক্ষার্থীরা দলগতভাবে বন্ধুদের সঙ্গে কিংবা মা-বাবার সঙ্গেও জাদুঘর ঘুরে দেখতে পারবে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের নির্ধারিত প্রবেশমূল্য দিয়ে টিকিট কাটতে হবে।

গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা: জাদুঘর প্রাঙ্গণে সর্বোচ্চ চার থেকে ছয়টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। মূল ফটকের সামনে বাস রাখার জায়গা সীমিত। তাই দূরপাল্লার বাস নিয়ে আসার ক্ষেত্রে শাহবাগের নির্ধারিত স্থান অথবা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের পার্কিং জোনে বাস রাখার ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে।

ব্যাগ ও জিনিসপত্র রাখার ব্যবস্থা: জাদুঘরের ভেতরে বড় ব্যাগ বা খাবার নেওয়া নিষেধ। শিক্ষার্থীদের বড় ব্যাগ বা লাগেজ প্রবেশপথের লকারে জমা রাখতে হবে। সঙ্গে শুধু মুঠোফোন বা মানিব্যাগের মতো প্রয়োজনীয় ছোট জিনিস রাখা যাবে।

গ্যালারি পরিদর্শনের নিয়ম: গ্যালারির ভেতরে খাবার বা পানি খাওয়া, ছবি তোলা ও প্রদর্শিত নিদর্শনে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষাসফরে আসা সব শিক্ষার্থীকে এসব নিয়ম মেনে চলতে হবে।

ঘুরে আসুন ঢাকার নতুন বিনোদনকেন্দ্র অ্যাকুয়ারিয়াম পার্কে, যেখানে আছে মাছ, পাখি ও জলপ্রপাতনির্ধারিত গাইড শিক্ষার্থীদের জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখাবে

যোগাযোগ করবেন যেভাবে

জাতীয় জাদুঘরে দলগত শিক্ষাসফরের আয়োজন বা অন্যান্য তথ্য জানতে যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়—

১. ইকবাল হাসান, ঊর্ধ্বতন প্রশিক্ষক, জাতীয় জাদুঘর

ফোন: ০১৭১১২৮১২১৩

ই-মেইল: [email protected]

২. ই-মেইল: [email protected]

৩. ওয়েবসাইট: www.bangladeshmuseum.gov.bd

এ ছাড়া জাতীয় জাদুঘরের ফেসবুক পেজের ইনবক্সেও যোগাযোগ করা যাবে।

ছেলেকে পাঁচ বছর টিভি-মোবাইল থেকে দূরে রেখেছিলেন অমৃতা, কী করতেন বিকল্প হিসেবে?

Read full story at source