অ্যানথ্রপিকের প্রায় সব কর্মীই এখন কোটিপতি
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের অধিকাংশ কর্মী রাতারাতি কোটিপতি হয়ে গেছেন।
Visit freshyourfeel.org for more information.
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অ্যানথ্রপিকের কর্মীর সংখ্যা ছিল ৫ হাজার ৩০০। প্রতিষ্ঠানটির আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার। এরপর প্রায় ৬০০ কর্মী শতকোটিপতির দলে নাম লিখিয়েছেন। তাঁদের হাতে থাকা শেয়ারের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ডলারের বেশি। বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান হিল ডটকমের তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।
অ্যানথ্রপিকের কর্মীরা নিজেদের মধ্যে ‘অ্যান্টস’ নামে পরিচিত। তাঁদের মধ্যে প্রায় ২ হাজার ৮০০ জনের হাতে থাকা শেয়ারের মূল্য ১ কোটি ডলারের বেশি। আর প্রায় ৫ হাজার ১০০ কর্মীর শেয়ারের মূল্য ১০ লাখ ডলার ছাড়িয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় ৯৬ শতাংশই এখন কাগজে-কলমে কোটিপতি।
হিল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু বেনসন বৃহস্পতিবার সিএনএনকে বলেন, ‘এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত অল্প সময়ে এমন ঘটনা ঘটেছে।’ তাঁর মতে, অ্যানথ্রপিক থেকে কর্মীদের চলে যাওয়ার প্রবণতা খুবই কম ছিল। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই স্পষ্ট যে অ্যানথ্রপিক দ্রুত এগিয়ে চলেছে। তাই কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে যেতে খুব একটা আগ্রহী হননি। কারণ, তাঁরা বুঝতে পেরেছিলেন, চলে গেলে কত বড় আর্থিক সুযোগ হাতছাড়া হতে পারে।’
সিলিকন ভ্যালির নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের বেতনের পাশাপাশি শেয়ার দেওয়ার রীতি বেশ পুরোনো। এসব প্রতিষ্ঠানের হাতে নগদ অর্থের প্রবাহ সাধারণত কম থাকে। তাই বেতনের একটি অংশের সঙ্গে শেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি অন্য কোনো বড় কোম্পানির কাছে বিক্রি হতে পারে কিংবা শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে, এমন প্রত্যাশা কর্মীদের কঠোর পরিশ্রম করতে এবং দীর্ঘদিন প্রতিষ্ঠানে থাকতে উৎসাহিত করে। একসময় সেই শেয়ারের মূল্য বেড়ে কর্মীদের সামনে বড় অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ তৈরি হয়।
তবে অ্যানথ্রপিকের মতো এত বড় আকারে এবং এত দ্রুত কোনো নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানের বেড়ে ওঠার নজির খুব বেশি নেই। ২০২১ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির কর্মীর সংখ্যা ২০২৪ সালের শেষেও এক হাজারের কম ছিল।
হিল ডটকমের প্রতিষ্ঠাতা বেনসন বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আর্থিক সাফল্যের জন্য জ্যেষ্ঠ পদে থাকার চেয়ে আগে যোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘কেউ প্রতিষ্ঠানের একেবারে নিচের সারির কর্মী হলেও যদি ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকেন, তাহলে চলতি বছরের শুরুর দিকে যোগ দেওয়া কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়ে তাঁর আর্থিক লাভ অনেক বেশি হতে পারে।’
অন্যদিকে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স দুই দশকের বেশি সময় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়েছে। চলতি বছরের জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির প্রায় ৪ হাজার ৪০০ কর্মী কোটিপতি হন। তখন স্পেসএক্সের মোট কর্মীর সংখ্যা ছিল ২২ হাজার।
অ্যানথ্রপিকের আইপিওর আরেকটি বিশেষ দিক হলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নন, এমন কর্মীরাও প্রথম দিন থেকেই শেয়ার বিক্রির সুযোগ পেয়েছেন। সাধারণত কোনো প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে কর্মীদের শেয়ার বিক্রির ওপর একটি নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা থাকে। একে বলা হয় ‘লকআপ পিরিয়ড’। এ সময় সাধারণত তিন থেকে ছয় মাস। কিন্তু অ্যানথ্রপিকের আইপিওতে শেয়ার বিক্রির জন্য ভিন্ন ধরনের একটি জটিল সময়সূচি রাখা হয়েছিল। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নন, এমন কর্মীরা শেয়ারবাজারে লেনদেন শুরুর দিনই তাঁদের হাতে থাকা শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি করতে পেরেছেন। তবে বৃহস্পতিবার কতজন কর্মী এই সুযোগ নিয়েছেন, তা জানা যায়নি।
স্পেসএক্সের কর্মীরা যেমন টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছেন, অ্যানথ্রপিকের কর্মীদের বড় অংশের অবস্থান সান ফ্রান্সিসকোতে। ফলে নতুন এই কোটিপতিদের সম্পদ বৃদ্ধির প্রভাব শহরটির অর্থনীতিতেও পড়তে পারে। বিশেষ করে আবাসনবাজারে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সান ফ্রান্সিসকোতে এমনিতেই বাড়ির দাম দ্রুত বাড়ছে। আবাসনবিষয়ক প্রতিষ্ঠান রেডফিনের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে শহরটিতে একটি বাড়ির বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় তা প্রায় ১৯ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রজুড়ে বাড়ির বিক্রয়মূল্য প্রায় অপরিবর্তিত ছিল। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশজুড়ে বাড়ির বিক্রয়মূল্য ছিল প্রায় ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার।