চার কিশোরের তোলা ছবির প্রদর্শনী, বিক্রির অর্থের একটি অংশ যাবে প্রতিবন্ধীদের সহায়তায়

· Prothom Alo

নির্মাণাধীন বহুতল ভবনের ওপর ঝুঁকি নিয়ে কাজ করছেন এক শ্রমিক। মাথার ওপর উঁচু হয়ে আছে ক্রেন। কোথাও নির্মাণশ্রমিকেরা বিশ্রাম নিচ্ছেন ট্রাকে। আবার শহরের একটি ব্যাংকের সিঁড়িতে মায়ের সঙ্গে বসে আছে শিশুরা। রাজধানীর প্রতিদিনের এমন নানা দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন চার কিশোর আলোকচিত্রী; যা ব্যস্ততার মধ্যে অনেকেরই নজর এড়িয়ে যায়।

এসব ছবি নিয়ে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপোজার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী।

Visit catcross.biz for more information.

এতে স্থান পেয়েছে আনজার করিম, আয়েশা রাহগির, জারিয়া ইসলাম ও জায়ান আবদুর নামের চার কিশোরের তোলা ৩৫টি ছবি। এই কিশোরেরা স্যার জন উইলসন স্কুল ও আগা খান একাডেমির শিক্ষার্থী।

প্রদর্শনীর ছবিগুলোতে উঠে এসেছে বাংলাদেশের মানুষের জীবনযাপন ও সংস্কৃতির নানা চিত্র। ছবির মাধ্যমে শ্রমজীবী মানুষের কর্মজীবন ও জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছেন আলোকচিত্রীরা।

ছবি বিক্রি করে পাওয়া অর্থ থেকে একটি অংশ এবং দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া অনুদান প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় খরচ হবে।

প্রদর্শনীতে অংশ নেওয়া আলোকচিত্রী জারিয়া ইসলামের তিনটি ছবি ছিল ‘এ ডেজ ওয়ার্ক’, ‘মাদারহুড’ ও ‘এ মিডস্ট অব ওয়ার্ক’। আলোকচিত্রের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে প্রদর্শনীতে রাখা শিল্পী-ভাবনায় তিনি লিখেছেন, ‘দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমাদের বেশির ভাগ মানুষের চোখ এড়িয়ে যাওয়া নীরব, স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলোই আমাকে আকর্ষণ করে।’ এ ছাড়া প্রদর্শনীতে আনজার করিমের ‘কালচার’, ‘লেডি ব্রুমিং’, ‘লাইফ ইন দ্য ওয়াটার’ ছবিও প্রশংসা কুড়িয়েছে। আয়েশা রাহগির তোলা ছবির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘বন্ড’, ‘ অ্যা ইয়ং আর্টিস্ট’ ও ‘কালার, ‘দ্য ফিশারম্যান’ এবং জায়ান আবদুরের তোলা ‘মিস্ট’, ‘অ্যা হাম্বল বিজনেস’ ‘পেইশেন্স’।

প্রদর্শনীতে প্রতিটি ছবির দাম ছিল ৫ হাজার থেকে ৭ হাজার টাকা। তিন দিনে ২০ থেকে ২৫টি ছবি বিক্রি হয়েছে। তবে এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধু তরুণদের আলোকচিত্র প্রদর্শন বা ছবি বিক্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না। ছবি বিক্রি করে পাওয়া অর্থের একটি অংশ এবং দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া অনুদান প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় দেওয়ার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা আনজার করিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধারণা সব মিলিয়ে দেড় লাখ টাকা ছাড়িয়ে যাবে। এ টাকা ‘‘ইউনিটি বাংলাদেশ’’ নামের স্টুডেন্টস অর্গানাইজেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় খরচ করা হবে।’

১৩ নভেম্বর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ। বিশেষ অতিথি ছিলেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আফজাল করিম।

Read full story at source