ক্যালোরিমিতির মূলনীতি কী, এর সম্পর্কে আপনি কতটুকু জানেন

· Prothom Alo

আগের পর্ব

পদার্থবিজ্ঞানের সহজ পাঠ ২৬

শীতের সকাল। কনকনে ঠান্ডা। অফিসে যাওয়ার তাড়া। গোসল করতে হবে। এ অবস্থায় আপনি কী করেন? গোসল করতে ভয় লাগে। গরম পানিতে গোসল করেন। কিন্তু কীভাবে গরম করেন পানি? নিশ্চয়ই আগে এক বালতি ঠান্ডা পানি নেন। তারপর চুলা থেকে ফুটন্ত গরম পানি এনে ঢেলে দেন সেই বালতিতে।

Visit mchezo.life for more information.

কী ঘটে তখন?

গরম পানি ঠান্ডা পানিকে তাপ দেয়। ফলে গরম পানিটা ঠান্ডা হতে শুরু করে ধীরে ধীরে। অন্যদিকে, বালতির ঠান্ডা পানি সেই তাপ গ্রহণ করে এবং ধীরে ধীরে গরম হয়। কিছুক্ষণ পর দেখা যায়, গরম পানির উষ্ণতা কমেছে আর ঠান্ডা পানির উষ্ণতা বেড়েছে। পুরো বালতির পানির তাপমাত্রা তখন সমান। অর্থাৎ বালতির পানি তখন গোসলের জন্য আরামদায়ক তাপমাত্রায় চলে আসে। এই যে গরম পানি তাপ দিল আর ঠান্ডা পানি তাপ নিল, এর কারণ কী?

এর পেছনে কলকাঠি নাড়ে পদার্থবিজ্ঞানের চমৎকার এক নিয়ম। বিজ্ঞানের ভাষায় একে বলে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির দুটো মূলনীতি আছে। সেগুলো হলো: ১. সব সময় বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর দিকে তাপ দিতে থাকে। দুটো বস্তুরই তাপমাত্রা সমান হওয়া পর্যন্ত তাপের এই একমুখী প্রবাহ চলবে। ২. উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছাড়বে, শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে।

সব সময় বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর দিকে তাপ দিতে থাকে। দুটো বস্তুরই তাপমাত্রা সমান হওয়া পর্যন্ত তাপের এই একমুখী প্রবাহ চলবে।

ধরা যাক, আপনি চায়ের কাপে খুব গরম চা নিয়েছেন। চা এতই গরম যে চুমুক দেওয়া যাচ্ছে না। চা ঠান্ডা করার জন্য তাতে কিছুটা ঠান্ডা দুধ মেশালেন। এখানেও ঠিক একই ঘটনা ঘটবে। গরম চা তার তাপ ছেড়ে দেবে ঠান্ডা দুধকে। চা কিছুটা ঠান্ডা হবে, আর দুধ কিছুটা গরম হবে। এক সময় চা এবং দুধ মিলে একটা মাঝামাঝি তাপমাত্রায় পৌঁছাবে। তখন আপনি আরাম করে চায়ে চুমুক দিতে পারবেন।

তাপ দেওয়া-নেওয়ার এই খেলাটা শুধু পানি বা চায়ের ক্ষেত্রেই ঘটে না। মহাবিশ্বের যেকোনো দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে পাশাপাশি রাখলে বা মেশালে এমনটাই ঘটে। ধরুন, আপনি এক টুকরো লোহা আগুনে পুড়িয়ে লাল করে ফেললেন। তারপর সেটা ডুবিয়ে দিলেন এক বালতি পানিতে। কী হবে? লোহা থেকে তাপ ছুটে যাবে পানির দিকে। লোহা ঠান্ডা হতে থাকবে, আর পানি গরম হতে থাকবে।

প্রশ্ন হচ্ছে এই তাপ দেওয়া-নেওয়া কতক্ষণ চলবে? অনন্তকাল?

মোটেও না। বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে ততক্ষণ পর্যন্তই তাপ দিতে থাকবে, যতক্ষণ না দুটোর তাপমাত্রা সমান হয়। তাপমাত্রা সমান হলে বন্ধ হবে তাপের আদান-প্রদান। বিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন 'তাপীয় সাম্যাবস্থা' বা থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক যেমন উঁচু জায়গা থেকে পানি গড়িয়ে নিচু জায়গায় আসে, এবং দুই জায়গার পানির উচ্চতা সমান হলে প্রবাহ থেমে যায়, তাপের ব্যাপারটাও ঠিক তেমন। তাপ সব সময় বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়।

বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে ততক্ষণ পর্যন্তই তাপ দিতে থাকবে, যতক্ষণ না দুটোর তাপমাত্রা সমান হয়। তাপমাত্রা সমান হলে বন্ধ হবে তাপের আদান-প্রদান।

এবার আরেকটা মজার প্রশ্ন করি। গরম বস্তু যে পরিমাণ তাপ হারাল, ঠান্ডা বস্তু কি ঠিক ততটুকুই তাপ পাবে?

পদার্থবিজ্ঞান বলছে, যদি বাইরে থেকে কোনো বাধা না থাকে, তবে গরম বস্তু ঠিক যতটুকু তাপ বর্জন করবে, ঠান্ডা বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। এক বিন্দুও কম বা বেশি নয়। এটাই ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ, গৃহীত তাপ এবং বর্জিত তাপ সব সময় সমান। তবে এখানে একটা ছোট্ট শর্ত আছে। শর্তটা হলো, এই পুরো প্রক্রিয়াটা হবে আবদ্ধ কোনো সিস্টেমে, যেখানে তাপ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

এমন আবদ্ধ সিস্টেম সব ক্ষেত্রে পাবেন না। ধরুন, বালতিতে গরম পানি ঢালছেন। সেই সময় পানি থেকে কিছু তাপ বাতাসে উড়ে যাবে। লোহা বা ধাতব বালতি নিজেই তাপ শোষণ করে। তাই কিছু তাপ বালতিও শোষণ করবে। প্লাস্টিকের বালতি অবশ্য খুব বেশি তাপ শোষণ করতে পারে না। তবুও কিছুটা করে। এ কারণেই ক্যালোরিমিতির মূলনীতির হিসাব কাঁটায় কাঁটায় বাস্তব জীবনে মেলে না। হিসাব মেলাতে হলে করতে হবে বিশেষ ব্যবস্থা। তৈরি করতে হবে একটা আবদ্ধ সিস্টেম। এমন সিস্টেম, যেখান থেকে তাপ বাইরে বেরোতেও পারে না, আবার বাইরে থেকে কোনো তাপ ঢুকতেও পারে না। যেমন, একটা ভালো মানের থার্মোফ্লাস্ক। থার্মোফ্লাস্কের ভেতরে গরম পানি আর ঠান্ডা পানি মেশান, বাইরের বাতাস সেই তাপ কেড়ে নিতে পারবে না। তখন গরম পানির হারানো তাপ আর ঠান্ডা পানির পাওয়া তাপ হুবহু সমান হবে।

পদার্থবিজ্ঞান বলছে, যদি বাইরে থেকে কোনো বাধা না থাকে, তবে গরম বস্তু ঠিক যতটুকু তাপ বর্জন করবে, ঠান্ডা বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। এক বিন্দুও কম বা বেশি নয়।

ক্যালোরিমিতির এই চমৎকার নিয়মটা একদিনে আবিষ্কৃত হয়নি। এর পেছনে রয়েছে দারুণ এক ইতিহাস। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী এই রহস্যের জট খোলেন। তাঁর নাম জোসেফ ব্ল্যাক। তিনিই সর্বপ্রথম তাপ ও তাপমাত্রার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পেরেছিলেন। এর আগে বিজ্ঞানীরা ভাবতেন তাপ আর তাপমাত্রা বুঝি একই জিনিস। জোসেফ ব্ল্যাক পরীক্ষা করে দেখালেন, সমান ভরের বরফ গলাতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক একই ভরের পানির তাপমাত্রা ১ ডিগ্রি বা সামান্য বাড়াতে তার চেয়ে অনেক কম তাপ লাগে। তিনিই প্রথম 'সুপ্ততাপ' এবং 'আপেক্ষিক তাপ'-এর ধারণা দেন।

১৭৬০ সালের দিকে জোসেফ ব্ল্যাক বরফ আর গরম পানি মিশিয়ে অসংখ্য পরীক্ষা চালান। এসব পরীক্ষার মাধ্যমেই তিনি প্রতিষ্ঠা করেন ক্যালোরিমিতির মূলনীতি। পরে ফরাসি বিজ্ঞানী অঁতোয়ান ল্যাভয়সিয়ে এবং পিয়ের-সিমন লাপ্লাস মিলে তৈরি করেন প্রথম 'আইস ক্যালোরিমিটার'। এই যন্ত্রের সাহায্যে তাঁরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ও প্রাণীর শ্বাস-প্রশ্বাসে উৎপন্ন তাপ নিখুঁতভাবে মেপে দেখান। এভাবেই জোসেফ ব্ল্যাকের হাত ধরে শুরু হওয়া এই নীতি আধুনিক তাপগতিবিদ্যার শক্ত ভিত গড়ে দেয়।

১৭৬০ সালের দিকে জোসেফ ব্ল্যাক বরফ আর গরম পানি মিশিয়ে অসংখ্য পরীক্ষা চালান। এসব পরীক্ষার মাধ্যমেই তিনি প্রতিষ্ঠা করেন ক্যালোরিমিতির মূলনীতি।

বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এই নীতি কাজে লাগিয়ে দারুণ সব হিসাব কষেন। কোন দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে একসঙ্গে রাখলে কোন বস্তু কতটুকু তাপ দেবে বা নেবে, তা আগেই মেপে ফেলা যায়। শুধু তা-ই নয়, মিশ্রণের শেষ তাপমাত্রা কত দাঁড়াবে, তা-ও এই ক্যালোরিমিতির মূলনীতি ব্যবহার করে খুব সহজেই বের করে ফেলা সম্ভব।

মোদ্দা কথা হলো, তাপ কখনো হারিয়ে যায় না। এক বস্তু তাপ হারালে অন্য বস্তু তা লুফে নেয়। আর এই দেওয়া-নেওয়া চলে দুটো বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত। প্রকৃতির এই ভারসাম্য রক্ষার নিয়মটাই হলো ক্যালোরিমিতির মূলনীতি।

লেখক: সাংবাদিকপদার্থবিজ্ঞানের সহজপাঠ - ১পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ২পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ৩পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ৪পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ৫পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ৬পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ৭পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ৮পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ৯পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ১০পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ১১পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ১২পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ১৩পদার্থবিজ্ঞানের সহজপাঠ ১৪পদার্থবিজ্ঞানের সহজপাঠ ১৫পদার্থবিজ্ঞানের সহজপাঠ ১৬পদার্থবিদ্যার সহজপাঠ ১৭পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ১৮পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ১৯পদার্থবিজ্ঞানের সহজপাঠ - ২০পদার্থবিজ্ঞানের সহজপাঠ ২১পদার্থবিজ্ঞানের সহজপাঠ ২২পদার্থবিজ্ঞানের সহজপাঠ ২৩পদার্থবিজ্ঞানের সহজপাঠ ২৪পদার্থবিজ্ঞানের সহজপাঠ ২৫

Read full story at source