দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ
· Prothom Alo

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Visit sportbet.rodeo for more information.
নিহত বৃদ্ধের নাম আবুল কাশেম (৬০)। তিনি উপজেলার কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির বাসিন্দা। গত শুক্রবার তিনি বোনের বাড়ি গিয়েছিলেন। এরপর তিনি নিখোঁজ হন। গতকাল সন্ধ্যায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁর লাশ দেখতে পান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার অসুস্থ অবস্থায় আবুল কাশেম সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে হাতে ক্যানুলা লাগানো অবস্থায় তিনি উপজেলার বিন্নাগুনি গ্রামে তাঁর বোনের বাড়ি বোনকে দেখতে যান। সেখান থেকে বের হওয়ার পর বিকেলে তিনি নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। গতকাল স্থানীয় বাসিন্দারা ডোবায় তাঁর লাশ দেখতে পান।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার প্রথম আলোকে বলেন, বোনের বাড়ি থেকে বের হওয়ার পরই আবুল কাশেম নিখোঁজ ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ডোবা থেকে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।