আগামী ১০ বছরে জ্বালানি রূপান্তরের ১০ পদক্ষেপ

· Prothom Alo

বাংলাদেশে বর্তমানে জ্বালানিসংকট বহুমুখী। সংকট মোকাবিলায় সরকার নানামুখী কার্যক্রম শুরু করেছে। তাকে প্রথমে বর্তমান সংকটের আশু সমাধানের চেষ্টা করতে হচ্ছে, পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নিতে হচ্ছে। সরকারের সাফল্যের নির্ণায়ক হবে জনগণের ওপর সীমিত মূল্যবৃদ্ধির প্রভাব এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বজায় রেখে আর্থিকভাবে ভারসাম্যপূর্ণ জ্বালানি রূপান্তরের মাধ্যমে নির্ভরযোগ্য জ্বালানির নিশ্চয়তা সৃষ্টি করা।

সরকার ১০ বছর মেয়াদি কৌশলগত জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী পাঁচ বছরের (২০২৬-৩০) কৌশলগত পদক্ষেপ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও অন্য মন্ত্রীরা জ্বালানি খাত নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তার মর্মার্থ হলো, আগামী দুই বছরে জ্বালানি খাত ঘুরে দাঁড়াবে। প্রশ্ন হলো, সরকারের এ পরিকল্পনা সংকট মোকাবিলায় কতটা কার্যকরী এবং দীর্ঘ মেয়াদে জ্বালানি রূপান্তরে সহায়ক হবে কি না। পরিকল্পনায় আরও কী কী বিষয় অন্তর্ভুক্ত করা এবং বাদ দেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা দরকার।

Visit tr-sport.click for more information.

আগামী ১০ বছরে জ্বালানি রূপান্তরে ১০টি গুরুত্বপূর্ণ বিষয় নিচে আলোচিত হলো।

১. বিদ্যুতায়িত জ্বালানিকাঠামো: বর্তমানে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন জ্বালানি মিশ্রণ পরিবর্তন করে সেসব বিদ্যুৎভিত্তিক জ্বালানি কাঠামোতে রূপান্তর করা দরকার। বিদ্যুতায়িত অর্থনৈতিক কার্যক্রমের অর্থ হলো বিদ্যুৎ ব্যবহার করে গৃহস্থালি, কৃষি, শিল্প, সেবা ও পরিবহন কার্যক্রম পরিচালনা করা। চাহিদার নিরিখে ইতিমধ্যে তা শুরু হয়ে গেছে। এতে বিভিন্ন খাতে আলাদাভাবে ডিজেল, অকটেন, পেট্রল, এলএনজি, এলপিজি, ফার্নেস তেলের ব্যবহার সীমিত হবে। এসব আমদানির চাহিদা বহুলাংশে কমে আসবে।

২. দীর্ঘমেয়াদি জ্বালানি প্রক্ষেপণ: বর্তমানে দেশে দীর্ঘমেয়াদি জ্বালানি প্রক্ষেপণ নেই। সীমিত আকারে গ্যাসের চাহিদার প্রক্ষেপণ পাওয়া যায় ২০৩০ সাল পর্যন্ত। জ্বালানি রূপান্তর সামনে রেখে বিভিন্ন খাতে কী পরিমাণ বিদ্যুৎ বা ব্যাটারি চার্জিং প্রয়োজন হবে, তা বিভিন্ন সময়ে কত শতাংশ বিদ্যুতের চাহিদা মেটাবে এবং বাকি চাহিদা আর কী কী জ্বালানি দিয়ে মেটানো হবে, তার প্রক্ষেপণ প্রয়োজন। এতে জীবাশ্ম জ্বালানির চাহিদা কতটা কমে আসবে, তা জানা সম্ভব হবে। এর মাধ্যমে বাড়তি এলএনজি অবকাঠামো এবং বাড়তি ডিজেল সংরক্ষণ অবকাঠামোর অপ্রয়োজনীয়তা বেরিয়ে আসবে।

প্রধানমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও অন্য মন্ত্রীরা জ্বালানি খাত নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তার মর্মার্থ হলো, আগামী দুই বছরে জ্বালানি খাত ঘুরে দাঁড়াবে। প্রশ্ন হলো, সরকারের এ পরিকল্পনা সংকট মোকাবিলায় কতটা কার্যকরী এবং দীর্ঘ মেয়াদে জ্বালানি রূপান্তরে সহায়ক হবে কি না

৩. দীর্ঘমেয়াদি এলএনজি অবকাঠামো গড়ে তোলা আত্মঘাতী: বর্তমানের জ্বালানি খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক দুর্বলতার বড় কারণ এলএনজিকে ধারাবাহিকভাবে গুরুত্ব দেওয়া। বৈশ্বিক অস্থির পরিস্থিতির কারণে এলএনজি আমদানি করতে সরকার হিমশিম খাচ্ছে। বিদেশি কোম্পানিগুলো গ্যারান্টি ছাড়া সীমিত পরিমাণ এলএনজি সরবরাহ করতেও অনীহা দেখাচ্ছে। অথচ সরকারের মধ্য-দীর্ঘ মেয়াদে পরিকল্পিত আরও পাঁচটি নতুন এলএনজি অবকাঠামো এলএনজিনির্ভরতা বাড়াবে। বিপুল পরিমাণ এলএনজির চাহিদা সৃষ্টি করার অর্থ হলো বিপুল বৈদেশিক মুদ্রার ব্যবহার, যা বৈদেশিক দায় বাড়াবে এবং পরিকল্পিত জ্বালানি রূপান্তরের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে। ভবিষ্যতে এসব এলএনজিভিত্তিক অবকাঠামো অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন ও উৎপাদনে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করবে।

৪. দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে অভ্যন্তরীণ কয়লা উত্তোলন সমাধানের বদলে দায় তৈরি করবে: বর্তমান সরকার আগের রাজনৈতিক সরকারের মতো অভ্যন্তরীণ কয়লা উত্তোলন ও ব্যবহারকে গুরুত্ব দিতে চাইছে। আপাতভাবে কয়লা উত্তোলনকে দেশীয় সম্পদের ব্যবহার বলা হলেও তা রাজস্ব বা বৈদেশিক মুদ্রা হারানোর পথ সৃষ্টি করবে। বর্তমানে অভ্যন্তরীণ কয়লাচালিত বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রতি টন কয়লায় খরচ পড়ে ১৭৬ ডলার। অথচ আমদানি করা কয়লায় চালিত পায়রা বিদ্যুৎকেন্দ্রে প্রতি টনে খরচ পড়ে ৯৬ ডলার। ভবিষ্যতে কয়লার ব্যবহার সীমিত হলে আমদানি করা কয়লার মূল্য আরও কমে আসবে। এ রকম সময়ে কয়লা উত্তোলনের জন্য বৈদেশিক ঋণ বা বৈদেশিক কোম্পানির সঙ্গে চুক্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভের অপচয় ঘটাবে এবং বিদেশি কয়লা উত্তোলন কোম্পানির উদর স্ফীত করবে। উপরন্তু পরিবেশসম্মত প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও কয়লাভিত্তিক বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিবেশের বিপর্যয় সমালোচিত হচ্ছে।

৫. অভ্যন্তরীণ গ্যাস খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন: সরকারের মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ১৫০+১৫০=৩০০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে। এলএনজির অবকাঠামো তৈরি না করে অভ্যন্তরীণ গ্যাস উত্তোলন বাড়ানো দীর্ঘমেয়াদি, সাশ্রয়ী ও টেকসই সমাধান। এ ক্ষেত্রে সরকারের বাজেট বরাদ্দে যেন কার্পণ্য না হয়। বর্তমানসহ আগামী জাতীয় বাজেটগুলোতে জ্বালানি বিভাগের বরাদ্দ উত্তরোত্তর বৃদ্ধি নিশ্চিত করা জরুরি। ২০৩৫ সালের মধ্যে পেট্রোবাংলা ও বাপেক্সের ৩০০ কূপ খননের লক্ষ্য নিশ্চিত করা কর্তব্য।

পরিবহন খাতে জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারে আমরা এখনো অনেক পিছিয়ে

৬. জ্বালানি রূপান্তরে প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরণ: জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামো কার্যক্রম চলমান রাখা এবং সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর নীরব তৎপরতা রয়েছে। সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে এটি সাংঘর্ষিক। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আশঙ্কা, জ্বালানির রূপান্তর হলে তাঁদের চাকরির গুরুত্ব কমে যাবে এবং অবসরের পর বিভিন্ন বেসরকারি কোম্পানিতে কাজ পাওয়ার সুযোগ হ্রাস পাবে। এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন, যাতে সরকারের ভেতরে জ্বালানি রূপান্তর বিষয়ে ভিন্নমুখী তৎপরতা না থাকে।

মন্ত্রণালয় ও বিভাগের সামগ্রিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জ্বালানি রূপান্তরের আলোকে ঢেলে সাজানো দরকার। কর্মকর্তাদের নিয়োগ-যোগ্যতার মাপকাঠি পরিবর্তন করে জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে দক্ষ লোকবল মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে নিয়োগে প্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ। এর অংশ হিসেবে এসআরইডিএ/বিইআরসির ব্যাপক উন্নয়ন দরকার। প্রয়োজন কারিগরি ও প্রযুক্তিতে দক্ষ লোকবল নিয়োগ, প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি। বিআরইবি, ডেসকো, ডেসা, সরকারের বিতরণ কোম্পানিগুলোরও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য মানসিক ও কারিগরি প্রশিক্ষণ দরকার।

৭. জাতীয় গ্রিডের আধুনিকায়ন এবং স্মার্ট গ্রিড রূপান্তরে ব্যাপক বিনিয়োগ: জাতীয় গ্রিডে সঞ্চালন ও বিতরণ অংশে পর্যায়ক্রমে আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য ব্যাপক দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। দেশের অর্থনৈতিক কার্যক্রম বিদ্যুতায়িত হলে গ্রিডের সক্ষমতা প্রয়োজন; সঞ্চালন পর্যায়ে বিশেষ কিছু অঞ্চলে অগ্রগতি থাকলেও অন্যান্য আঞ্চলিক সঞ্চালনব্যবস্থার উন্নতি দরকার। দেশজুড়ে বিতরণব্যবস্থায়, বিশেষত পল্লী বিদ্যুৎ এলাকায় বিতরণব্যবস্থা বেহাল; অথচ সারা দেশের দুই–তৃতীয়াংশ বিদ্যুৎ বিতরণের দায়িত্বে তারা নিয়োজিত। এ ক্ষেত্রে স্বয়ংক্রিয় বিতরণ ও সঞ্চালনব্যবস্থায় উত্তরণের মাধ্যমে পরিবর্তনশীল বিদ্যুৎ ধারণে সক্ষম অবকাঠামো নির্মাণে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় দাতা সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন চুক্তি জরুরি। পিজিবির একটি জাতীয় স্মার্ট গ্রিডম্যাপ থাকা প্রয়োজন, যার আলোকে বিভিন্ন দাতা সংস্থা ঋণ প্রদানের পরিকল্পনা পাবে।

৮. জ্বালানি-মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানি, পরমাণু শক্তি, অভ্যন্তরীণ গ্যাস ও আঞ্চলিক বাজারে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার জরুরি: নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রশংসনীয়। এই প্রচেষ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নবায়নযোগ্য জ্বালানিকেন্দ্রিক দক্ষ সরবরাহব্যবস্থা গড়ে তোলা। তা হলে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিচালনব্যবস্থা, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ, আর্থিক সুবিধা-কাঠামো, বিনিয়োগকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠান, চার্জিং সিস্টেম, চার্জিং স্টেশন, ব্যাটারি উৎপাদন, ব্যাটারি পুনঃস্থাপন, ব্যাটারি রিসাইক্লিং, বিকেন্দ্রীভূত বিদ্যুৎ–ব্যবস্থার সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সুদৃঢ় কাঠামো, দক্ষ লোকবল তৈরি ইত্যাদি শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়বে।

নবায়নযোগ্য বিদ্যুৎ শুধু সৌরবিদ্যুৎ নয়, বায়ুবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বর্জ্যবিদ্যুৎ ইত্যাদি উৎস থেকে উৎপাদন, সঞ্চালন ও বিতরণের কাঠামো থাকতে হবে। আঞ্চলিক বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার অধীনে উল্লেখযোগ্য অংশের বিদ্যুৎ ভারত, ভুটান ও নেপালের সৌর, বায়ু ও জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হয়ে আঞ্চলিক গ্রিড কাঠামোতে দেশে বিতরণ হবে। এ লক্ষ্যে ভারতের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও দীর্ঘমেয়াদি চুক্তি হওয়া প্রয়োজন। আঞ্চলিক গ্রিড বাংলাদেশের উৎপাদিত বাড়তি বিদ্যুৎ আঞ্চলিক বাজারে বিক্রয়ের সুযোগ করে দেবে। বাংলাদেশের বেসরকারি বিনিয়োগ খাত নেপাল, ভুটান, ভারত ও অন্যান্য দেশের বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে পারে।

সঞ্চালন গ্রিড প্রস্তুত হলে আগামী দিনের বিদ্যুতের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুৎ অবকাঠামো ভূমিকা রাখবে, যা সম্পন্ন হওয়ার পথে। এ জন্য দ্রুত প্রয়োজনীয় গ্রিড ব্যবস্থা প্রস্তুত করা দরকার। আগামী দিনে মিনি ইলেকট্রিসিটি গ্রিড, মিনি হাইড্রো ইত্যাদি উদ্যোগ বিকেন্দ্রায়িত বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে। জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক উৎপাদন কাঠামোগুলোর ধাপে ধাপে অবলোপন প্রয়োজন। এসব এলাকায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই এবং অবসায়িত বিদ্যুৎকাঠামোর ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা প্রয়োজন। এ–সংক্রান্ত নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করা জরুরি।

৯. জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সচেতনতা এবং বিনিয়োগ বৃদ্ধি: জ্বালানি দক্ষতা বৃদ্ধি জ্বালানির চাহিদা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর উল্লেখযোগ্য ক্ষেত্র হতে পারে শিল্প খাতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার; গৃহস্থালি ও পরিবহন খাতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের নামে যেন জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক প্রযুক্তিকে উৎসাহিত করা না হয়। জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি যেন পরিবেশবান্ধব প্রযুক্তি হয়।

১০. জ্বালানি খাতে সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংস্কার: জ্বালানি খাতের অধিকাংশ প্রতিষ্ঠান, বিশেষত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড ইত্যাদি বড় ধরনের লোকসানের মধ্যে রয়েছে। তাদের লাভজনক করা দরকার। এসব কোম্পানির উচ্চ ব্যয়কাঠামো পর্যালোচনা দরকার। এ জন্য আন্তর্জাতিক অডিট কোম্পানি নিয়োগ করা যেতে পারে। তাদের ত্রুটিপূর্ণ ব্যয়কাঠামোতে নানা রকমের ‘ভৌতিক ব্যয়’ লুকিয়ে আছে। এসব প্রতিষ্ঠানকে করপোরেশনে পরিণত করতে গিয়ে উচ্চ মুনাফার প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। এর দায় পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। বিতরণব্যবস্থায় বেসরকারি কোম্পানিগুলোকে বিনিয়োগের সুযোগ দেওয়া যেতে পারে। দেখা গেছে, সরকারি তদারকির দুর্বলতার কারণে বেসরকারি কোম্পানিগুলো বিতরণব্যবস্থায় আধিপত্য বিস্তার করে। ফলে ভোক্তাস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য বিইআরসির বাজার তদারকিব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন।

খন্দকার গোলাম মোয়াজ্জেম: প্রেসিডেন্ট, নলেজ হাব ইনস্টিটিউট

Read full story at source