‘বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল সাজিদ, সাঁতার না জানায় কেউ নামতে পারিনি’
· Prothom Alo

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার সীতারঘাট এলাকায় পা পিছলে তিনি নিখোঁজ হন। পরে বিকেল ৪ টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কর্ণফুলী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে।
Visit milkshake.it.com for more information.
নিহত শিক্ষার্থীর নাম মো. সাজিদ শাহরিয়ার (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নরসিংদী জেলায়। তিনি বন্ধুদের সঙ্গে কাপ্তাই বেড়াতে এসেছিলেন।
নিহত সাজিদ শাহরিয়ারের সহপাঠী নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টার দিকে সাজিদ ও তাঁর আট বন্ধু কাপ্তাই যান। এরপর তাঁরা কাপ্তাই সীতা পাহাড় ট্র্যাকিংয়ে যান। পাহাড় থেকে ফিরে তাঁরা কর্ণফুলী নদীতে হাত মুখ ধুতে যান। এ সময় সাজিদ পা পিছলে নদীতে পড়ে স্রোতের টানে ভেসে যান।
এ দুর্ঘটনার পর সাজিদের বন্ধুদের আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাজিদের এক বন্ধুকে দুর্ঘটনার বর্ণনা দিতে শোনা যায়। আলোকিত কাপ্তাই নামের একটি ফেসবুক পেজে এ ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে সাজিদের এক বন্ধুকে বলতে শোনা যায়, ‘হঠাৎ পা পিছলে সাজিদ পানিতে পড়ে যায়। এরপর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। কিন্তু আমরা কেউ সাঁতার জানি না। এ কারণে আমরা নদীতে নেমে তাঁকে বাঁচাতে পারিনি।’
কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন নিখোঁজ শিক্ষার্থীর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা দুইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে ৪০ ফুট দূরে তাঁর লাশ পাওয়া যায়।