বেনজীর দুবাইতে আছেন, তবে ওই দেশ ছাড়ার অনুমতি নেই

· Prothom Alo

ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দেশটিতেই অবস্থান করছেন। তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ওই দেশ ত্যাগ করতে পারবেন না।

Visit mchezo.life for more information.

জাতীয় সংসদে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীন গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে, বেনজীর আহমেদ জামিনে মুক্ত হয়েছেন। তবে তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের গত অধিবেশনে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক তথ্য ও সরকারের নেওয়া কার্যক্রম সম্পর্কে সংসদকে আজ অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আইনের শাসন, ন্যায়বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে গত বছরের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন ২০২৬ তারিখে ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এনসিবিকে জানিয়েছে, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়। বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাতের চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত তথ্য ও প্রমাণাদিও পাঠানো হয়।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুবাইয়ে জামিন মানেই প্রত্যাবর্তন শেষ নয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে আরও জানান, বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতে চলমান প্রত্যর্পণ কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানতে সংসদে প্রস্তাবটি গ্রহণের আগেই বাংলাদেশের এনসিবির পক্ষ থেকে এনসিবি আবুধাবির কাছে আনুষ্ঠানিকভাবে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর এনসিবি আবুধাবির একটি চিঠি এনসিবি ঢাকায় আসে।

প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ (সেন্ট্রাল অথরিটি) ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

বেনজীর যেভাবে দেশ ছেড়েছিলেন

দুবাইতে বেনজীরের জামিন পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির জামিনপ্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রম করতে হয়। এ কারণে প্রক্রিয়াটিকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।

সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর বিষয়ে অগ্রগতি কী, প্রশ্নে দুদক মহাপরিচালক যা বললেন

পাসপোর্ট জালিয়াতির মামলাও তদন্তাধীন

বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে একটি মামলা করেছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট—এমএলএআর) পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী এই বিষয়ে বলেন, প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্যপ্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source