ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
· Prothom Alo

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার ছবি তুলে, রিল তৈরি করে সেটি ভারতের জায়গা বলে চালানোটা নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।
Visit esporist.com for more information.
এ বিষয়ে প্রথম আলোর প্রতিবেদন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একাধিক প্রশ্ন করা হয়। বলা হয়, ঢাকার বিভিন্ন জায়গায় শতাধিক চীনা ভ্লগার একের পর এক রিল তৈরি করছেন। সেই সব রিলে দেখানো জায়গাগুলো ভারতের বলে চালানো হচ্ছে। চীনের বিভিন্ন সামাজিকমাধ্যমে তার লাইভ সম্প্রচারও করা হচ্ছে। প্রতিটি এলাকাই নয়াদিল্লির বলে উল্লেখ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের অভিমত জানতে চাওয়া হয়।
এসব প্রশ্নের উত্তরে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের মিডিয়ার ওই খবর সরকারেরও নজরে এসেছে। এভাবে এক দেশ থেকে অন্য কোনো দেশের বদনাম করা দুই দেশের পক্ষেই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি ও তার প্রচার যে দেশের নাগরিকেরা করছেন। তাঁদের বোঝা উচিত, তাঁদের দেশের বিশ্বাসযোগ্যতাও এতে নষ্ট হচ্ছে। যাঁরা এটা করছেন এবং যাঁরা এর পেছনে, উভয়েই দোষী। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মুখপাত্র মন্তব্য করেন। তিনি বলেন, যেকোনো দেশের বিকৃত ছবি উপস্থাপন করার এই প্রচেষ্টা সমর্থন করার মতো নয়।
এ বিষয়ে চীনের সঙ্গে ভারত আনুষ্ঠানিক বার্তালাপ করেছে কি না, সে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। সেই প্রশ্নের স্পষ্ট উত্তর অবশ্য দেননি জয়সোয়াল। তিনি বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। ওখানকার কর্তৃপক্ষের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
৬ নভেম্বর ‘সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দেড় শতাধিক চীনা নাগরিক অলিগলিতে ভিডিও ধারণ করছেন। এই ভিডিও কোথায় প্রকাশিত হয়, ভিডিওতে কী বলা হচ্ছে—সেসব কিছুই জানেন না স্থানীয় লোকজন। এমনকি তাঁদের কার্যক্রম সম্পর্কে নজরদারিও করে না থানা-পুলিশ। শতাধিক ভ্লগার প্রতিদিন এই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশি নাগরিকদের এ জন্য তাঁরা টাকাও দিচ্ছেন।